IPL 2025: কেকেআরের টিম হোটেলে হোলি সেলিব্রেশন, ভাবনাচিন্তা প্রথম একাদশ নিয়েও
IPL 2025: আজ হোলি। কলকাতা নাইট রাইডার্স রয়েছে ছুটির মেজাজে। ইডেনে টানা ২ দিন অনুশীলনের পর আজ ব্রেক। অনেকেই এসে গিয়েছেন।
ধীরে ধীরে বাকিরাও আসছেন। যেমন শহরে পৌঁছে গেলেন আফগান উইকেটকিপার-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। কেকেআরের প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা মাতলেন হোলির সেলিব্রেশনে।

আজ ক্রিকেট থেকে ছুটি। রঙের উৎসবে মাতল কেকেআর। বাইপাসের ধারে অভিজাত টিম হোটেলে। কেকেআরের হোলির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। তবে সোশ্যাল মিডিয়ায় ও সংবাদমাধ্যমকে পাঠানো ছবি থেকেই আঁচ করা গিয়েছে সকলেই ছিলেন দারুণ মুডে।
কেকেআরের অধিনায়ক হয়েছেন অজিঙ্ক রাহানে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে জেতা আইসিসি খেতাব নাইটরা ধরে রাখতে পারবে কিনা তা বলবে সময়। এদিন রাহানের মুখে আবির মাখিয়ে দেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা আজ দুপুরে জমিয়ে মাতলেন রং, আবির নিয়ে। বিদেশিদের হাতেও উঠল পিচকারি। রাহানে, রিঙ্কু সিংরা আবার মাতলেন গুলাল গান নিয়ে। ছিল রং ভরা বেলুনও। কেকেআরের মূল রং বেগুনি ও সোনালি। তবে আজ সব রং মিলেমিশে একাকার।
বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী-সহ সকলে এতটাই রং খেললেন যে ক্রিকেটারদের চেনাই কঠিন হয়ে পড়েছে! তবে এদিন ভারতীয় ক্রিকেটাররাই বেশিরভাগ হোলিতে মাতলেন। কেকেআর নাইট ক্লাবের তরফে পাঠানো ছবিতে দেখা যায়নি সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের। রং খেলার শেষে সুইমিং পুলেও সময় কাটান অনেকে।
কেকেআর ইডেনে দু-দিন অনুশীলন করেছে। এরপর দুই দলে ভাগ হয়ে ম্যাচ প্র্যাকটিসও হওয়ার কথা। নেটেও ঝড় তুলতে শুরু করে দিয়েছেন আন্দ্রে রাসেলরা। রাহানে অধিনায়ক, মেন্টর ডোয়েইন ব্র্যাভো। অনেক কিছুই বদলেছে। তবে নাইট শিবিরে অনেক কিছু বদলাবেও না।
ব্র্যাভো গতকালই জানিয়েছেন, গম্ভীরকে তিনি মেসেজ করেছিলেন। দুজনের কাজের ধরন আলাদা। তবে গম্ভীর জমানায় যা ভালো হয়েছে তার সব কিছুই বন্ধ না করে খোলা মনে কাজ করতে চান ক্যারিবিয়ান কিংবদন্তি। মনে করা হচ্ছে, তার অন্যতম সুনীল নারিনকে দিয়ে ওপেন করানো।
২২ মার্চ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে নাইটদের সম্ভাব্য একাদশ নিয়েও জল্পনা চলছে। নারিন বাঁহাতি। ডানহাতি-বাঁহাতি ওপেনার রাখতে হলে রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে নারিনকে দেখা যেতে পারে। তবে অভিজ্ঞ কুইন্টন ডি ককই সম্ভবত ওপেন করবেন, উইকেটকিপিংও।
অধিনায়ক অজিঙ্ক রাহানে নামবেন তিনে। এরপর বেঙ্কটেশ আইয়ার, রামনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল থাকছেন। বরুণ চক্রবর্তীও দুরন্ত ফর্ম অব্যাহত রাখতে মরিয়া থাকবেন। নাইটদের একাদশে দেখা যেতে পারে তিন পেসারকে- হর্ষিত রানা, উমরান মালিক ও আনরিখ নরকিয়াকে।












Click it and Unblock the Notifications