IPL 2025: লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টস ছাড়লেন ২টি কারণে, নিতে প্রস্তুত ৪ দল
IPL 2025: আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত লোকেশ রাহুলের। কাল বিসিসিআইয়ের কাছে লখনউ যে রিটেনশন লিস্ট জমা দেবে, তাতে থাকছে না রাহুলের নাম।
চলতি বছর আইপিএল চলাকালীন রাহুলকে মাঠে দাঁড়িয়ে বকাঝকা করেছিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তবে তার জন্য রাহুল লখনউ ছাড়লেন, বিষয়টি তেমন নয় বলেই দাবি করছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম।

রাহুলকে মাঠে দাঁড়িয়ে ম্যাচ হারার পর যেভাবে বকাঝকা করেছিলেন গোয়েঙ্কা, তার সমালোচনা করেছিলেন অনেকেই। রাহুল ভক্তরা দাবি তোলেন, অবিলম্বে লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেওয়ার জন্য। যদিও তারপর রাহুলকে ডেকে মিলিত হয়েছিলেন। হাসিমুখে ছবি শেয়ারও করেন।
জাহির খানকে লখনউ সুপার জায়ান্টস মেন্টর করার ঠিক আগে, ২৬ অগাস্ট কলকাতার আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন রাহুল। তখন ভাবা গিয়েছিল রাহুলকে ধরে রাখবে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু বাস্তবে তা হলো না। নিকোলাস পুরাণকেই ১৮ কোটি টাকায় প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে সই করিয়েছে লখনউ।
পুরাণই লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিতে পারেন বলে জানা যাচ্ছে। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রাহুলই লখনউ সুপার জায়ান্টস ছেড়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। পেশাগত ও ব্যক্তিগত কারণ দেখিয়েই এই সিদ্ধান্ত রাহুলের।
সূত্র উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের দাবি, রাহুলকে প্রথম পছন্দের প্লেয়ার হিসেবে রাখতে প্রস্তুত ছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু রাহুলই থাকতে চাননি। লখনউ সুপার জায়ান্টস রাহুলের অধিনায়কত্বে তিন মরশুমে দু-বার ফাইনাল খেলেছে। রাহুলের চাহিদাও রয়েছে ভালোরকম।
কর্ণাটকের লোকেশ রাহুল উইকেটকিপিংও করেন। ফলে উইকেটকিপার-ব্য়াটার হিসেবে রাহুলকে নিয়ে অধিনায়ক করে দিতেই পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু নিলামে দর কষাকষিতে কে কাকে পিছনে ফেলে দেবে তা আগাম বলা যায় না। তবে রাহুলকে নিতে আরসিবির পাশাপাশি গুজরাত টাইটান্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস আগ্রহী বলে জানা যাচ্ছে।
রাহুল ২০২২ সালের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৬১৬ রান করেন। ২টি শতরান ও চারটি অর্ধশতরানের সৌজন্যে। ২০২৩ সালে ৯ ম্যাচে ২৭৪ রান করেছিলেন রাহুল, ২টি হাফ সেঞ্চুরিও করেন।
চলতি বছর আইপিএলে ১৪ ম্যাচে ৫২০ রান ছিল রাহুলের নামের পাশে, চারটি হাফ সেঞ্চুরি-সহ। যদিও তাঁর আইপিএল কেরিয়ারের স্ট্রাইক রেট (১৩৪.৬০) নানা সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। লখনউ সুপার জায়ান্টসে তিন মরশুমে রাহুলের স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ১৩৫.৩৮, ১১৩.২২ এবং ১৩৬.১২।












Click it and Unblock the Notifications