IPL 2025, KKR vs RCB: কেকেআর-আরসিবি ম্যাচের টিকিট নিয়ে হাহাকার, বমাল গ্রেফতার ৩ কালোবাজারি
IPL 2025, KKR vs RCB: আজ ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে টিকিটের হাহাকার।
প্রশ্ন উঠে গিয়েছে, টিকিট বিক্রির স্বচ্ছতা নিয়ে। তারই মধ্যে তুঙ্গে টিকিটের কালোবাজারি। কালোবাজারি করতে গিয়ে কলকাতা পুলিশের হাতে বমাল ২ জন গ্রেফতার হলেও, সামগ্রিক আবগে তা নেহাতই নগণ্য।

কয়েক দিন ধরেই ময়দানের বটতলা থেকে শহিদ মিনার লাগোয়া এলাকা, ধর্মতলায় জোরকদমে চলছে টিকিটের কালোবাজারি। এমনকী পুলিশের নাকের ডগাতেও তা চলেছে রমরমিয়ে। চিরকালীন ঐতিহ্য মেনেই! যেখানে সাধারণ মানুষের হাতে টিকিট পৌঁছচ্ছে না, সেখানে কীভাবে কালোবাজারিদের হাতে এত টিকিট চলে যাচ্ছে তা নিয়ে তদন্তের দাবিও উঠছে।
লোকদেখানো কিছু গ্রেফতারি হচ্ছে বটে, তবে কালোবাজারি যে নানাভাবে চলছে তার তুলনায় এই সংখ্যা কিছুই নয়। সাদা পোশাকের পুলিশ অনেক সময় রাখা হয় কালোবাজারি রোখার জন্য। সেই পুলিশকর্মীদের পারফরম্যান্স অন্তত কেকেআর-আরসিবি ম্যাচে প্রশংনীয় নয়। গ্রেফতারি বা টিকিট বাজেয়াপ্ত হওয়ার সংখ্যা তাই বলছে।
পাঁচগুণ, দশগুণ বেশি দর হাঁকছে কালোবাজারিরা। সোশ্যাল মিডিয়াতেও চলছে দর কষাকষি। সোশ্যাল মিডিয়ায় টিকিটের খবর পেয়ে প্রতারিত হওয়ার পর ধীরজ মালি অভিযোগ জানান গিরীশ পার্ক থানায়। অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন আশিস শর্মার কাছে আজকের ম্যাচের টিকিট আছে।
আশিসের সঙ্গে ফোনে কথা হয় শেঠ বাগান লেনের বাসিন্দা ধীরজের। তিনি ফোনে দেওয়া নির্দেশ মোতাবেক গিরীশ পার্কে গিয়ে ২০ হাজার টাকা দেন পীযূষ মহেন্দ্রকে। এরপর দেখেন খামের ভিতর ২ হাজার টাকার ২টো ও ২টি কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে। এরপর ফোনে পাওয়া যায়নি আশিসকে।
এরপর ধীরজ অভিযোগ জানান গিরীশ পার্ক থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ পীযূষ ও তার এক সহযোগী কমল হুসেনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত হয়েছে ৪টি প্রাইস টিকিট-সহ মোট ২১টি টিকিট। কালোবাজারিদের দুটি মোবাইল ও নগদ ২০ হাজার ৬০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। তদন্ত চলছে মূল চাঁইদের ধরার জন্য।
এর পাশাপাশি নিউ মার্কেট থেকে মারকুইস স্ট্রিটের বাসিন্দা বছর তেইশের শাহবাজ খানকে গ্রেফতার করেছে পুলিশ। শাহবাজও টিকিটের কালোবাজারি চালাচ্ছিল। ধৃতের কাছে আইপিএলের ৬টি টিকিট পাওয়া গিয়েছে। নিউ মার্কেট থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি।












Click it and Unblock the Notifications