IPL 2025: চিপকে চেন্নাইয়ের সামনে পাঞ্জাব, শ্রেয়সদের টার্গেট প্লে-অফের কাছে যাওয়া, ধোনিদের বদলার ম্যাচ
IPL 2025: কাল চেন্নাইয়ের চিপকে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। ইডেনে কলকাতা ও পাঞ্জাবের দ্বৈরথ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
পাঞ্জাব কিংসের ব্যাটাররা দারুণ ছন্দে রয়েছেন। কালকের ম্যাচ জিতে প্লে-অফের দিকে এক ধাপ এগিয়ে যেতে চাইবেন শ্রেয়স আইয়াররা। মহেন্দ্র সিং ধোনিদের আর প্লে-অফে যাওয়ার আশা নেই।

চেন্নাই সুপার কিংস ৯ ম্যাচের ২টিতে জিতেছে। ফলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে নীচে রয়েছে। বাকি পাঁচটি ম্যাচে জিতলে পয়েন্ট হবে ১৪। যা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্ট হবে না। তাছাড়া ঘরের মাঠেও হতশ্রী দশা সিএসকের।
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল সিএসকে। যদিও এরপর টানা চারটি হোম ম্যাচে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংসের হোম ম্যাচে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।
পাঞ্জাব কিংস ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। ধোনিদের হারালে পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার আরও উপরে উঠে আসবে। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসকে মুল্লানপুরে ১৮ রানে হারিয়েছিল পাঞ্জাব কিংস।
সেই ম্য়াচে প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রানের সুবাদে পাঞ্জাব কিংস তুলেছিল ৬ উইকেটে ২১৯। চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে ২০১ রান অবধি পৌঁছেছিল। দুই দলের পারস্পরিক ৩২টি দ্বৈরথে সিএসকে জিতেছে ১৭টিতে, পাঞ্জাব ১৪টিতে, ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। শেষ পাঁচটি দ্বৈরথে চারটিতেই জিতেছে পাঞ্জাব।
Bhaichaara on Top!🥳 📈#CSKvPBKS #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/hxK3JW1hJZ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 28, 2025
চিপকের উইকেট বরাবরই স্পিনারদের সহায়তা করে। কাল চলতি আইপিএলের ষষ্ঠ ম্যাচ হবে চিপকে। ফলে স্পিনাররা সাহায্য পেলে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। এবারের আইপিএলে এখানে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে প্রথমে বোলিং করা দল। কোনও ম্যাচেই রান দুশো ছোঁয়নি। সর্বাধিক রান দ্বিতীয় ম্যাচে আরসিবির ৭ উইকেটে ১৯৬। যাতে আরসিবি জেতে ৫০ রানে।
পাঞ্জাব কিংস দলে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে চেন্নাই সুপার কিংস আগামী বছরের কথা ভেবে রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে খেলাতেও পারে। একইসঙ্গে ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচ হারার লজ্জা এড়ানোও মহেন্দ্র সিং ধোনির দলের কাছে বড় চ্যালেঞ্জ।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- শেখ রশিদ, আয়ুষ মাত্রে, স্যাম কারান, রবীন্দ্র জাদেজা, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, দীপক হুডা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা। ইমপ্যাক্ট সাব- অংশুল কম্বোজ।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য দল- প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জানসেন, জশ ইনগ্লিস, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, আজমাতুল্লাহ ওমরজাই, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল। ইমপ্যাক্ট সাব- সূর্যাংশ শেড়গে।












Click it and Unblock the Notifications