IPL 2024: 'মশলা' হারানো উপভোগ করছেন বিরাট কোহলি, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে জোড়া নজিরের হাতছানি
IPL 2024: আইপিএলের ম্যাচে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচেই বিরাট কোহলির সামনে জোড়া নজিরের হাতছানি।
চলতি আইপিএলে বিরাট ৫ ম্যাচে ৩১৬ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন। আজ ওপেনার হিসেবে বড় মাইলস্টোন ছুঁতে পারেন তিনি।

আইপিএলে ওপেনার হিসেবে চার হাজার রান করার জন্য বিরাট কোহলির দরকার ৭৩ রান। আইপিএলে ১০৩টি ইনিংসে তিনি ওপেন করেছেন। রান রয়েছে ৩৯২৭, গড় ৪৫.৬৬, স্ট্রাইক রেট ১৩৬.২৬। বিরাট কোহলি আইপিএলে যে ৮টি শতরান করেছেন, সব কটিই ওপেনার হিসেবে।
আইপিএলে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি ৬৩৬২ রান করেছেন শিখর ধাওয়ান। ডেভিড ওয়ার্নার আর ১০০ রান করলেই আইপিএলে দ্বিতীয় ওপেনার হিসেবে ছয় হাজার রান করার নজির গড়বেন। ক্রিস গেইল আইপিএলে ৪৪৮০ রান করেছেন। বিরাট চতুর্থ ওপেনার হিসেবে চার হাজার রানের মাইলফলক ছুঁতে চলেছেন।
আইপিএলের ইতিহাসে ২৫০টি ছক্কা মারার মাইলস্টোন চতুর্থ ব্যাটার হিসেবে স্পর্শের মুখে কোহলি। এ জন্য আর চারটি ছয় প্রয়োজন। আইপিএলে সবচেয়ে বেশি ৩৫৭টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। রোহিত শর্মা তালিকায় দ্বিতীয় স্থানে, ২৬৪টি ছয় হাঁকিয়ে। এবি ডি ভিলিয়ার্সের আইপিএলে ২৫১টি ছয় রয়েছে।
এবারের আইপিএলে বিরাট সিএসকে ম্যাচে ২১, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৭৭, কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৮৩, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২২ ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেছেন।
এদিকে, কলকাতা নাইট রাইডার্স ম্যাচের পর বিরাট কোহলির সঙ্গে আলিঙ্গন করতে দেখা গিয়েছে গৌতম গম্ভীরকে। তার আগে বিশ্বকাপ চলাকালীন বিরাট আলিঙ্গন করেছিলেন নবীন উল হককে। গত বছর গম্ভীর ও নবীনের সঙ্গে বাকযুদ্ধে জড়ান বিরাট।
যার জেরে গৌতম গম্ভীর ও নবীন উল হককে উদ্দেশ করে বিরাট কোহলির নামে জয়ধ্বনি দিতে দেখা যাচ্ছিল বিরাট-ভক্তদের। নবীন যখনই বল করতে যাচ্ছিলেন তখনই তাঁকে বিরাট-বিরাট বা কোহলি-কোহলি আওয়াজ শুনতে হয়েছে। যদিও নবীনের সঙ্গে বিরাট আলিঙ্গন সারতেই তা বন্ধ হয়।
Here's the Video 🤣 pic.twitter.com/pEDgJhQm0m
— Ayush 🚩 (@ayriick_) April 11, 2024
সম্প্রতি একটি অনুষ্ঠানে বিরাট বলেন, মানুষ এখন আমার আচরণ দেখে হতাশ। আমি নবীনকে আলিঙ্গন করেছিলাম। গৌতি ভাই (গৌতম গম্ভীর)-ও আমাকে জড়িয়ে ধরেছেন। ফলে সকলেই এখন মশলা হারিয়েছেন। উল্লেখ্য, নবীন এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিরাট বলেছিলেন সব মিটিয়ে নিতে। আমিও রাজি হয়ে আলিঙ্গন করি। তখন বিরাট বলেন, "এখন থেকে আর তোমাকে আমার নাম শুনতে হবে না। দর্শকদের থেকে সমর্থনই পাবে।"












Click it and Unblock the Notifications