IPL 2024: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কের নাম ঘোষণা, সহ অধিনায়কের ব্যাটন কার হাতে?
IPL 2024: আইপিএলের নিলাম হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ের কোকা কোলা অ্যারেনায়। তার আগে আজই দলের অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়স আইয়ার চোটের কারণে বাইরে থাকায় চলতি বছর অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন নীতীশ রানা। তবে ফিট হয়ে ভারতীয় দলে কামব্যাকের পর আইপিএলেও নাইটদের নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার।

শ্রেয়স অধিনায়ক হয়ে ফেরায় নীতীশ রানাকে সহ অধিনায়ক করা হয়েছে। শ্রেয়স ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে প্রত্যাশিতভাবেই দলে থাকবেন। তারপর আইপিএল, যা শেষ হলেই শুরু হবে টি ২০ বিশ্বকাপ। ফলে শ্রেয়সকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আইপিএলের সব ম্যাচে পাওয়া যাবে কিনা সেটাও বড় প্রশ্ন।
শ্রেয়স যদি সব ম্যাচে না খেলেন তাহলে নীতীশ রানাকেই কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। চলতি বছর আইপিএল খেলতে না পারলেও শ্রেয়স মাঠের বাইরে থেকেই দলকে উৎসাহ দিয়েছেন। ম্যাচের আগে কিংবা পরে নীতীশ, রিঙ্কু সিংদের উৎসাহিত করে গিয়েছেন। এবার তিনি নামবেন কেকেআরকে কাপ জেতানোর লক্ষ্যে।
কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে বলেন, চোট থাকায় দুর্ভাগ্যজনকভাবে শ্রেয়স ২০২৩ সালের আইপিএলে খেলতে পারেননি। তিনি ফের দলে ফেরায় এবং অধিনায়কত্বের ব্যাটন নেওয়ায় আমরা সকলেই খুশি। যেভাবে তিনি চোট সারিয়ে মাঠে ফিরেছেন এবং যে ফর্মের ধারাবাহিকতা দেখাচ্ছেন তাতেই তাঁর চারিত্রিক দৃঢ়তা স্পষ্ট।
শ্রেয়সের অনুপস্থিতিতে নীতীশ যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তারও প্রশংসা করেছেন কেকেআর সিইও। নীতীশই এবার শ্রেয়সের ডেপুটির ভূমিকায় থাকবেন। শ্রেয়সের কথায়, চলতি বছরের আইপিএলে আমি ছিলাম না। আরও নানাবিধ চ্যালেঞ্জ ছিল দলের কাছে। নীতীশ যে শুধু আমার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছেন তা নয়, অসাধারণ নেতৃত্ব দিয়েছেন। কেকেআর তাঁকেই সহ অধিনায়ক করায় ভালো লাগছে। এই সিদ্ধান্ত যে কেকেআরের লিডারশিপ গ্রুপকে শক্তিশালী করল, তেমনটাই মনে করছেন শ্রেয়স।












Click it and Unblock the Notifications