IPL 2024: আইপিএলে চুরমার সর্বকালীন ছয়ের রেকর্ড, সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন কে?
IPL 2024: চলতি আইপিএলে রানের ফুলঝুরি ছুটছে। সেই সঙ্গে ভেঙে যাচ্ছে একের পর এক রেকর্ড। গতকাল যেমন ভেঙে চুরমার হয়ে গেল আইপিএলের কোনও মরশুমে সর্বাধিক ছয়ের রেকর্ড।
অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে দেখা গেল ২০টি ছক্কা। ফলে চলতি আইপিএলে মোট ওভার বাউন্ডারির সংখ্যা বেড়ে আপাতত ১১২৫।

এই নিয়ে আইপিএলে টানা তিন বছর বিভিন্ন দলের ব্যাটাররা মিলে এক হাজারের বেশি ছয় মেরেছেন। পরপর দুই বছর সেই সংখ্যা ১১০০ পেরিয়েছে। যেভাবে ব্যাটাররা মারমুখী হচ্ছেন তাতে এবার আইপিএলে মোট ছক্কার সংখ্যার ১২০০-র গণ্ডি পেরিয়ে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র।
২০২২ সালে আইপিএলে প্রথমবার ১ হাজারের বেশি ছক্কা দেখা গিয়েছিল। সেবার সংখ্যাটা ছিল ১০১৫। ২০২৩ সালের আইপিএলে তা বেড়ে হয় ১১২৪, ৭৪ ম্যাচে। চলতি আইপিএলে ৬৪টি ম্যাচেই সেই নজির ভেঙে গেল। ফলে সবচেয়ে কম ম্যাচে বেশি সংখ্যক ছয়ের নজিরের সাক্ষী চলতি আইপিএল।
২০০৮ সালে প্রথম আইপিএলে ৬২২টি ছয় দেখা গিয়েছিল। ২০০৯ সালে ৫০৬টি ছক্কা মারেন বিভিন্ন দলের ব্যাটাররা মিলে। আইপিএলে কোনও সংস্করণে সবচেয়ে কম ছয়ের নজির ২০০৯ সালেই। ২০১০ সালে ৫৮৫, ২০১১ সালে ৬৩৯, ২০১২ সালে ৭৩১, ২০১৩-এ ৬৭২, ২০১৪ সালে ৭১৪, ২০১৫ সালে ৬৯২, ২০১৬ সালে ৬৩৮, ২০১৭ সালে ৭০৫, ২০১৮ সালে ৮৭২, ২০১৯-এ ৭৮৪, ২০২০-তে ৭৩৪ ও ২০২১ সালে ৬৮৭টি ছয় দেখা গিয়েছিল।
চলতি আইপিএলে সবচেয়ে বেশি ছয় মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। ১২ ম্যাচে তিনি ৩৫টি ছক্কা হাঁকিয়েছেন। তালিকার দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (১৩ ম্যাচে ৩৩টি)। কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন ৩২টি ছয় মেরেছেন। সানরাইজার্সের ট্রাভিস হেড ও হেইনরিখ ক্লাসেন এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগ ১১টি করে ইনিংসে মেরেছেন ৩১টি করে ছয়।
দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ৯ ইনিংসে ২৮টি ছয় হাঁকিয়ে এবারের অভিযান শেষ করলেন। চেন্নাই সুপার কিংসের শিবম দুবে ও লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান মেরেছেব ২৮টি করে ওভার বাউন্ডারি।
আরসিবির রজত পাটীদার ২৭টি, দিল্লির ট্রিস্টান স্টাবস ২৬টি, ঋষভ পন্থ ২৫টি, কেকেআরের ফিল সল্ট ২৪টি, রাজস্থানের সঞ্জু স্যামসন ২৩টি, আরসিবির দীনেশ কার্তিক ও পাঞ্জাব কিংসের শশাঙ্ক সিং ২১টি করে এবং মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ২০টি ছয় মেরেছেন এখনও পর্যন্ত।












Click it and Unblock the Notifications