IPL 2024: কেকেআর প্রথম জয়ের স্বাদ পেল লখনউয়ের বিরুদ্ধে, সল্ট ছন্দে ফিরে দিলেন নুনের ছিঁটে
IPL 2024, KKR vs LSG: আইপিএলে এই প্রথম লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। নববর্ষের সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।
কেকেআর কর্ণধার শাহরুখ খানের সঙ্গে মাঠে হাজির ছিলেন LSG কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, উৎসবর পারেখকে পাশে নিয়ে। কিন্তু শেষ হাসি হাসলেন কিং খান। দুই দলের চতুর্থ সাক্ষাতে এলো প্রথম জয়।

গত বছর ইডেনেই কেকেআরকে ১ রানে হারিয়ে দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। আজ অবশ্য নাইটরা জিতল দাপট দেখিয়েই। গতকাল সাংবাদিক সম্মেলনে মিচেল স্টার্ক, ফিল সল্টের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। বলে স্টার্ক, ব্যাটে সল্ট ছন্দে ফিরলেন এদিন।
জয়ের জন্য ১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে নাইটরা হেলায় হারাল লখনউকে। আইপিএলে শামার জোসেফের প্রথম ওভারেই ওঠে ২২, জোসেফ দেন ২০ রান। ১.৩ ওভারে ২২ রানে কেকেআরের প্রথম উইকেট পড়েছিল। সুনীল নারিন ৬ বলে ৬ রান করেন। অঙ্গকৃষ রঘুবংশী ৬ বলে ৭ রান করে মহসীন খানের দ্বিতীয় শিকার হন।
এরপর নাইটদের জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ফিল সল্ট ও অধিনায়ক শ্রেয়স আইয়ার। ২৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সল্ট। ১৪টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন ৩৮ বলে ৩৮ রানে, মেরেছেন ৬টি চার। ১৫.৪ ওভারে কেকেআর জয় ছিনিয়ে নিল ৮ উইকেটে।
মহসীন খান ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। শামার জোসেফ ৪ ওভারে ৪৭, ক্রুণাল পাণ্ডিয়া ১ ওভারে ১৪, যশ ঠাকুর ২ ওভারে ২৫, আর্শাদ খান ২ ওভারে ২৪ ও রবি বিষ্ণোই ২.৪ ওভারে ১৭ রান খরচ করে কোনও উইকেট নিতে পারেননি।
এর আগে, টস জিতে ফিল্ডিং নিয়েছিল কেকেআর। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ তোলে লখনউ সুপার জায়ান্টস। ৩২ বলে সর্বাধিক ৪৫ রান করেন নিকোলাস পুরান। লোকেশ রাহুল করেন ২৭ বলে ৩৯। কুইন্টন ডি কক ও মার্কাস স্টইনিস দুজনেই ১০ রান করে আউট হন।
দীপক হুডা ৮, আয়ুষ বাদোনি ২৯, আর্শাদ খান ৫ রান করে আউট হন। ক্রুণাল পাণ্ডিয়া অপরাজিত থাকেন ৭ রানে। মিচেল স্টার্ক ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট দখল করেন। বৈভব অরোরা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট নেন।
কেকেআর জেতার ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্টে পৌঁছে দ্বিতীয় স্থান ধরে রাখল। ২৬ বল বাকি থাকতে এলো জয়। নেট রান রেট বেড়ে হলো ১.৬৮৮। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে লখনউ সুপার জায়ান্টস।












Click it and Unblock the Notifications