IPL 2024 Mini Auction: আইপিএল নিলামে ডার্ক হর্স রাচিন রবীন্দ্র! নিউজিল্যান্ডের তরুণ তুর্কী কাদের ভাবনায়?
IPL 2024 Mini Auction: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম এলেও আইপিএলে অলরাউন্ডারদের গুরুত্ব কমবে না। ১০টি দলের নিলাম-পরিকল্পনায় সে কারণেই রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার যাঁরা ব্যাটে-বলে কামাল করতে পারেন।
অভিজ্ঞ অলরাউন্ডারদের পাশাপাশি কাল দুবাইয়ে হতে চলা আইপিএল মিনি অকশনে নজর থাকবে তরুণ তুর্কীদের দিকেও। তেমনই একজন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।

ভারতে ৫০ ওভারের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার নম্বরে শেষ করে রাচিন। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার ১০টি ম্যাচে ৫৭৮ রান করেন, তিনটি শতরান ও ২টি অর্ধশতরান-সহ। ছোটবেলা থেকেই ভারতে এসে প্রতি বছর ক্রিকেট প্রশিক্ষণ নিতেন। ফলে এখানকার পরিবেশের সঙ্গে পরিচিতও তিনি।
ব্যাটিংয়ে নজর কাড়ার পাশাপাশি বল হাতেও ৫ উইকেট তুলে নিয়েছেন বছর ২৪-এর এই ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে তেমন সুবিধা করতে না পারলেও রাচিনকে নিয়ে এবারের নিলামে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে দর কষাকষির ভালোই সম্ভাবনা রয়েছে।
সুনীল গাভাসকর মনে করেন, রাচিনকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস। উল্লেখ্য, নিউজিল্যান্ড দলে রাচিনের ওপেনিং পার্টনার ডেভন কনওয়ে খেলেন সিএসকেতে। ফলে রাচিন সিএসকেতে গেলে এই দুজনই ওপেন করতে পারেন। তবে রাচিনের জন্য সিএসকে অল-আউট ঝাঁপাবে না বলেই মত সানির।
গাভাসকরের কথায়, রাচিনকে নিতে দর কষাকষিতে অংশ নিতেই পারে চেন্নাই সুপার কিংস। কিন্তু খুব বেশি দূর যাবে না। কারণ, তাদের কাছে বিকল্প রয়েছে। মঈন আলি প্রয়োজনে তিনে ব্যাট করতে পারেন। তাছাড়া মিচেল স্যান্টনারও রয়েছেন। উল্লেখ্য, স্যান্টনারও বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। বিশ্বকাপে স্যান্টনার ১০ ম্যাচে ১৬ উইকেট নেন।
রাচিন নিউজিল্যান্ডের হয়ে ১৮টি টি২০ আন্তর্জাতিকে ১৪৫ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন। টি২০-তে ৫৩ ম্যাচে ৬১৮ রান করেছেন, ৪১টি উইকেট রয়েছে। অভিনব মুকুন্দ জিও সিনেমাতে বলেছেন, টি২০-তে রেকর্ড খুব একটা আহামরি না হলেও রাচিন ভারতে কেমন পারফর্ম করতে পারেন তার আঁচ মিলেছে বিশ্বকাপে।
ইংল্যান্ডের প্লেয়াররা কটা আইপিএল ম্যাচ খেলবেন তা স্পষ্ট নয়। ফলে জনি বেয়ারস্টোকে পুরো আইপিএলে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। এই পরিস্থিতি নিউজিল্যান্ডের কোনও ক্রিকেটারের জন্য পাঞ্জাব কিংস ঝাঁপাতে পারে বলে মত মুকুন্দের। টপ অর্ডারে বেয়ারস্টোর সঙ্গে রাচিনের লড়াই হতে পারে। মিডল অর্ডারে পাঞ্জাব কিংসের অনেক ডানহাতি ব্যাটার। ফলে রাচিনকে নিলে বৈচিত্র্য আসবে। সর্বোপরি রাচিনের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। সে কারণে তাঁর দর কয়েক গুণ ওঠার সম্ভাবনা আছেই।












Click it and Unblock the Notifications