IPL 2024: বৃষ্টি ছিটকে দিল গুজরাত টাইটান্সকে, প্রথম দুই নিশ্চিত করে কীভাবে খেতাব জয়ের সম্ভাবনা বাড়াল কেকেআর?
IPL 2024: আমেদাবাদে গুজরাত টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেল। যার জেরে ছিটকে গেল গতবারের রানার-আপ গুজরাত টাইটান্স।
এই প্রথম তারা প্লে-অফে যেতে পারল না। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেকেআর এবারের আইপিএলে প্রথম দুইয়ে থাকা সুনিশ্চিত করে ফেলল। যা উজ্জ্বল করল কেকেআরের খেতাব জয়ের স্বপ্ন।

বৃষ্টির কারণে গত বছর আইপিএল ফাইনাল গড়িয়েছিল রিজার্ভ ডে-তে। দীর্ঘতম সময় ধরে চলেছিল সেই ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা অত্যাধুনিক। যদিও ইডেনের মতো গোটা মাঠ কভার দিয়ে ঢেকে রাখার বন্দোবস্ত নেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে।
বজ্র-বিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টির জেরে খেলা শুরুর সম্ভাবনা ক্রমেই কমছিল। মাঝে সামান্য সময়ের জন্য পিচ ও তার পাশের এলাকা ঢেকে রাখার কভার সরানো হয়েছিল। কিন্তু ফের বৃষ্টি নামে, কখনও ঝিরঝিরে, কখনও জোরে বৃষ্টি চলতে থাকায় বাড়ির পথ ধরেন দর্শকরা।
পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের জন্য রাত ১০টা ৫৬ মিনিট অবধি অপেক্ষা করার সময়সীমা ধার্য ছিল। বৃষ্টি থামলে মাঠ শুকানোর জন্য ৪০-৪৫ মিনিট দরার ছিল। রাত ১০টার সামান্য পরে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামেন। গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিল, হেড কোচ আশিস নেহরা, কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন।
মাঠে যেহেতু বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছিল, ফলে খেলা হওয়াটা ঝুঁকিরই ছিল। বিশেষ করে সামনে যখন টি২০ বিশ্বকাপ রয়েছে। অবশেষে রাত ১০টা ৩৭ মিনিট নাগাদ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ক্যান্সার সচেতনতার বার্তা দিয়ে শুভমান ও শ্রেয়স একে অপরের হাত মেলান। আজ গোলাপি জার্সিতে নামার কথা ছিল গুজরাতের, শুভমানের পরনে সেই জার্সি ছিল।
পয়েন্ট ভাগাভাগি হওয়ায় নিজেদের শেষ ম্য়াচ জিতলেও ১৩ পয়েন্টের বেশি যেতে পারবে না গুজরাত টাইটান্স। তা প্লে-অফে ওঠার পক্ষে যথেষ্টও নয়। কেকেআর ১৩ ম্যাচে ১৯ পয়েন্টে পৌঁছে গেল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা কেকেআর নিশ্চিত করে ফেলল প্রথম কোয়ালিফায়ারে নামার বিষয়টি।
রাজস্থান রয়্যালস ছাড়া কেকেআরকে ছোঁয়া বা টপকানো আর কোনও দলেরই সম্ভব নয়। রাজস্থান বাকি দুটি ম্যাচে জিতলে এবং কেকেআর শেষ ম্যাচে হারলে সঞ্জু স্যামসনদের পয়েন্ট হবে ২০, কেকেআর সেক্ষেত্রে থাকবে ১৯-এ।
উল্লেখ্য, ২০১২ ও ২০১৪ সালে কেকেআর আইপিএল খেতাব জিতেছিল। সেই দু-বারই দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফে গিয়েছিল নাইটরা। সেই দুই বছরই গৌতম গম্ভীরের নেতৃত্বে কেকেআর লিগ পর্বের শেষে ছিল প্রথম দুইয়ে। এবার গম্ভীর কেকেআরের মেন্টর, প্রথম দুইয়ে থেকে প্লে-অফে গেল শ্রেয়সের দল। ২০১২ সালের ফাইনাল হয়েছিল চেন্নাইয়ে, এবারও তেমনটাই হবে। ফলে আশায় বুক বাঁধছেন নাইট-ভক্তরা। তবে ফিল সল্ট চলতি সপ্তাহেই দেশে ফিরছেন। তাঁকে রবিবার শেষ ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না। সল্টের বিকল্প হতে পারেন রহমানুল্লাহ গুরবাজ।












Click it and Unblock the Notifications