IPL 2024: আইপিএলে শেষ চারের দৌড়ে কে কোথায় দাঁড়িয়ে? গুজরাত-চেন্নাই ম্যাচের ফলে কতটা বদলাল পরিস্থিতি?
IPL 2024: আইপিএলে প্লে-অফে ওঠার লড়াই জোরদার। গুজরাত টাইটান্স গতকাল আমেদাবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে।
যার ফলে টাইটান্স যেমন ভেসে রয়েছে, তেমনই শেষ চারে যাওয়ার পথে ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। চেন্নাই সুপার কিংস আজ চেন্নাই ফিরবে, কাল বিকেলে রাজস্থান রয়্যালস ম্যাচ।

আইপিএলে ১১ ম্য়াচে ১৬ পয়েন্ট করে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস প্রথম দুটি স্থান দখলে রেখেছে। কেকেআর আজ ইডেনে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এরপর ম্যাচ বাকি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রাজস্থানের বাকি চেন্নাই, পাঞ্জাব কিংস ও কেকেআরের বিরুদ্ধে ম্যাচ।
এই দুই দল একটি করে ম্যাচ জিতলেই ১৮ পয়েন্টে পৌঁছে প্লে-অফ পাকা করে ফেলবে। কেন না, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া আর কেউ ১৮ পয়েন্টে যেতে পারবে না। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে প্যাট কামিন্সদের। তাদের ম্যাচ বাকি গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এর মধ্যে একটিতে হারলেও নেট রান রেট ভালো থাকায় প্লে-অফের পথ মসৃণ হয়ে যাবে।
১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চারে রয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস ও আরসিবির বিরুদ্ধে তাদের ম্যাচ বাকি। দুটিতে জিতলে ১৬ পয়েন্টে পৌঁছবে সিএসকে। অন্য দলের ফলাফলগুলি পক্ষে গেলে শেষ চারের দরজা খুলে যাবে চেন্নাই সুপার কিংসের জন্য। ১৬ পয়েন্টে পৌঁছতে পারে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
পয়েন্ট তালিকার পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাকি আরসিবি ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। দিল্লির নেট রান রেট মাইনাস (-) ০.৩১৬। ফলে বাকি দুটি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে দিল্লিকে। তাহলে ১৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ভিত্তিতেও শেষ চারে যেতে পারবে। হারলেই অভিযান শেষ।
লখনউ সুপার জায়ান্টসেরও ১২ ম্যাচে ১২ পয়েন্ট, নেট রান রেট মাইনাস (-) ০.৭৬৯। তারাও সর্বাধিক ১৬ পয়েন্ট পেতে পারে। ম্যাচ বাকি দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচগুলি জেতার পাশাপাশি লখনউকে প্রার্থনা করতে হবে যাতে প্রথম চারে থাকা দলগুলি কয়েকটি ম্যাচে হারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স রয়েছে যথাক্রমে সাত ও আটে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে। আরসিবির নেট রান রেট ০.২১৭, গুজরাতের মাইনাস (-) ১.০৬৩। আরসিবির খেলা বাকি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। গুজরাত খেলবে কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে, যারা আবার প্রথম তিনে থাকা ২ দল।
এমনিতেই আরসিবি ও গুজরাত টাইটান্স ১৪ পয়েন্টের বেশি পেতে পারবে না বাকি দুটি ম্যাচে জিতলেও। ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়া নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফলগুলির উপর। তেমন হলে অন্তত একটি দল ১৪ পয়েন্ট নিয়ে শেষ চারে যেতে পারে, এমন পরিস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু সেক্ষেত্রেও আরসিবির চেয়ে দৌড়ে পিছিয়ে টাইটান্স।












Click it and Unblock the Notifications