IPL 2024: ইডেনে আসার আগে বিধ্বংসী ফর্মে ম্যাকগার্ক, অল্পের জন্য় রক্ষা পেল গেইলের কীর্তি
IPL 2024: ইডেনে সোমবার কলকাতা নাইট রাইডার্স খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। গতকাল জনি বেয়ারস্টো, প্রভসিমরণ সিং, শশাঙ্ক সিংরা ঝড় তুলে পাঞ্জাব কিংসকে জিতিয়েছেন।
সোমবার কি ইডেনে নায়ক হবেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক? তেমনই আভাস এদিন তিনি দিয়ে রাখলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। ফলে ইডেনে কেকেআর বনাম ক্যাপিটালস দ্বৈরথের গুরুত্ব অপরিসীম। অনেকেই মাঠে হাজির থাকবেন সৌরভের দলের হয়ে গলা ফাটাতে। আর তাঁদের অন্যতম ভরসা আইপিএলে পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়া জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক।
আজ ম্যাকগার্ক যেভাবে খেলছিলেন তাতে শঙ্কা তৈরি হয়েছিল ক্রিস গেইলের রেকর্ড অক্ষত থাকা নিয়ে। ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৩০ বলে শতরান করেছিলেন গেইল। ৩৭ বলে শতরান রয়েছে ইউসুফ পাঠানের। ডেভিড মিলার ৩৮ ও ট্রাভিস হেড ৩৯ বলে শতরান করেন আইপিএলে।
এদিন ম্যাকগার্ক ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ঠিক ৭ দিন আগে তিনি দিল্লিতেই সানরাইজার্স হায়দরাবাদেপ বিরুদ্ধেই ১৫ বলে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। যা আইপিএলে চতুর্থ দ্রুততম অর্ধশতরান। যশস্বী জয়সওয়াল গত বছর কেকেআরের বিরুদ্ধে ১৩ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন, সেটিই দ্রুততম।
লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের ১৪ বলে আইপিএল অর্ধশতরান রয়েছে। সুনীল নারিন ও নিকোলাস পুরান ১৫ বলে আইপিএল হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ম্যাকগার্ক দু-বার ১৫ বলে হাফ সেঞ্চুরি পেলেন। তাঁর দাপটে ২.৪ ওভারে দিল্লি ক্যাপিটালস ৫০ রান পূর্ণ করে, যা আইপিএলের ইতিহাসে দলগত যুগ্ম দ্রুততম।
দিল্লি ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম ওভারটি করতে গিয়েই ১৮ রান দেন জসপ্রীত বুমরাহ। চলতি আইপিএলে এখনও অবধি দেশের সেরা পেসারের কোনও ওভারে দেওয়া এটিই সর্বাধিক রান। ম্যাকগার্ক ১১টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ২৭ বলে ৮৪ রান করে আউট হন।
আইপিএলে কোনও দল পাওয়ারপ্লে-তে ১০০ রান পায়নি। আজ সেই সম্ভাবনা তৈরি করেছিল দিল্লি ক্যাপিটালস। লুক উডের প্রথম ওভারে আসে ১৯। দ্বিতীয় ওভারে বুমরাহ দেন ১৮। নুয়ান তুষারা তৃতীয় ওভার করেন, দিল্লি তোলে ১৮। পীযূষ চাওলা চতুর্থ ওভারে গিয়ে দেন ১৪। হার্দিক পাণ্ডিয়া পঞ্চম ওভার করেন, ২০ রান পায় দিল্লি। ৫ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৮৯। যদিও ষষ্ঠ ওভারে বুমরাহ মাত্র ৩ রান দেন।












Click it and Unblock the Notifications