IPL 2024: আইপিএলের সব নিলাম মিলিয়ে ৫০ কোটি পার কামিন্সের, যুবরাজকে পিছনে ফেলে নয়া রেকর্ড
IPL 2024: আইপিএল নিলামের ইতিহাসে স্যাম কারানকে পিছনে ফেলে সর্বকালীন দরের রেকর্ড গড়েছিলেন প্যাট কামিন্স। যদিও কিছুক্ষণের মধ্যেই সাড়ে ২০ কোটির কামিন্সকে পিছনে ফেলে দেন মিচেল স্টার্ক।
স্টার্কের দর উঠেছে ২৪.৭৫ কোটি টাকা। যা সর্বকালীন রেকর্ড। তবে এই রেকর্ড হাতছাড়া হলেও কালই কামিন্স গড়েছেন আরেক নজির। প্রথম ক্রিকেটার হিসেবে।

এবারের মিনি নিলামে বিভিন্ন দল বোলারদের জন্যই সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে। যে ৭২ জন ক্রিকেটারকে বিভিন্ন দল নিয়েছে তাঁদের মধ্যে ৩৬ জনই বোলার কিংবা পেস বোলিং অলরাউন্ডার। তাঁদের পিছনে সর্বমোট ১৫৪.৫ কোটি টাকা খরচ হয়েছে। যা মোট খরচের দুই-তৃতীয়াংশ।
এই ৩৬ জনের মধ্যে ২০ জন পেসার হিসেবে নাম লিখিয়েছিলেন। তাঁদের জন্য খরচ হয়েছে সর্বমোট ৮৮.৮৫ কোটি টাকা। এই পেসারদের মধ্যে আবার ১০ জন বিদেশি। তাঁদের জন্য ফ্র্যাঞ্চাইজিরা খরচ করেছে ৬৬.১৫ কোটি টাকা। ৬ বিদেশি পেসারের দর উঠেছে ৪ কোটি বা তারও বেশি। ভারতের ১০ পেসারকে নিতে খরচ হয়েছে ২২.৭০ কোটি টাকা।
যে ক্রিকেটাররা ১০ কোটি বা তার বেশি দর পেয়েছেন তাঁরা হয় পেস বোলার, নয়তো পেস-বোলিং অলরাউন্ডার। স্পিনারদের চাহিদা এবারের নিলামে কম ছিল। ১৬ জন স্পিনার বা স্পিন বোলিং অলরাউন্ডারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। তাঁদের মধ্যে ১০ জনকে নেওয়া হয়েছে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে। শাহরুখ খানের দর উঠেছে ৭.৪ কোটি টাকা। তিনি আইপিএলে বল না করলেও অলরাউন্ডার হিসেবে নাম লিখিয়েছিলেন।
বিভিন্ন আইপিএল নিলামে পাওয়া সর্বাধিক দরের নিরিখে প্যাট কামিন্স পিছনে ফেলে দিলেন যুবরাজ সিংকে। প্যাট কামিন্স এবারের নিলামে সাড়ে ২০ কোটি টাকার দর পাওয়ায় ৬টি নিলামের নিরিখে মোট পরিমাণ দাঁড়াল ৫৪.১৫ কোটি টাকা। যুবরাজ সিং ৬টি আইপিএল নিলাম থেকে মোট ৪৮.১ কোটি টাকা পেয়েছিলেন।
এই তালিকায় তিনে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (৪৫.৩ কোটি টাকা)। এরপর রয়েছেন যথাক্রমে দীনেশ কার্তিক (৪৪.৩৫ কোটি টাকা), বেন স্টোকস (৪৩.২৫ কোটি টাকা), মিচেল স্টার্ক (৩৯.১৫ কোটি টাকা), ক্রিস মরিস (৩৭.৯৬ কোটি টাকা) এবং জয়দেব উনাদকাট (৩৬.০১ কোটি টাকা)। উনাদকাটকে ১.৬ কোটিতে কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ। এটি উনাদকাটের অষ্টম ফ্র্যাঞ্চাইজি।
এদিকে, প্যাট কামিন্সকে সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক করতে পারে বলেও জল্পনা চলছে। কামিন্স নিজে চাইছেন আইপিএলকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করতে।












Click it and Unblock the Notifications