IPL 2023: নীতীশ-রিঙ্কুর অদম্য লড়াই জলে গেল, কেকেআরকে হারিয়ে ইডেনে সূর্যোদয় হায়দরাবাদের
নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের মরণপণ লড়াই। তা সত্ত্বেও চলতি আইপিএলের রেকর্ড রান তাড়া করতে গিয়ে লক্ষ্যে পৌঁছতে পারল না কলকাতা নাইট রাইডার্স। কেকেআরকে হারিয়ে টানা দুটি ম্যাচ জিতল সানরাইজার্স হায়দরাবাদ। নাইটরা টানা দুটি জেতার পর এদিন হারল।
চলতি আইপিএলে প্রথম হোম ম্যাচ জিতলেও এদিন পরাস্ত নাইটরা। দুই ইনিংস মিলিয়ে চারশোর বেশি রান হলো ক্রিকেটের নন্দনকাননে। তবে সানরাইজার্স হায়দরাবাদ ফিল্ডাররা যেভাবে ক্যাচ মিসের ফুলঝুরি ছোটালেন তা মার্করামদের চিন্তায় রাখবেই।

কেকেআর শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের তৃতীয় বলে শূন্য রানে পড়ে প্রথম উইকেট। রহমানুল্লাহ গুরবাজকে ফেরান ভুবনেশ্বর কুমার। এরপর চতুর্থ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ভেঙ্কটেশ আইয়ার (১১ বলে ১০) ও সুনীল নারিন (১ বলে ০) আউট হন মার্কো জানসেনের বলে। ২০ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন নীতীশ রানা ও এন জগদীশান।

উমরান মালিক কেকেআর ইনিংসের ষষ্ঠ ওভারে ২৮ রান দেন। নীতীশ রানা চারটি চার ও ২টি ছয় মারেন। ৮.২ ওভারে ৮২ রানে পড়ে চতুর্থ উইকেট। জগদীশান ২১ বলে ৩৬ (পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে) রান করে ময়াঙ্ক মার্কণ্ডের শিকার হন। ১০.১ ওভারে ৯৬ রানে আন্দ্রে রাসেল (৬ বলে ৩) মার্কণ্ডের দ্বিতীয় শিকার।

তাতেও লড়াই থেকে সরে আসেননি নাইট অধিনায়ক নীতীশ রানা। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ঝোড়ো ইনিংস খেলতে থাকেন রিঙ্কু সিং। ১১.১ ওভারে ১০০ রান হয় কেকেআরের, দেড়শো রানে নাইটরা পৌঁছয় ১৫.৫ ওভারে। স্ট্র্যাটেজিক টাইম আউটে ১৬ ওভারে স্কোর ছিল ৫ উইকেটে ১৫৯।

১৭তম ওভারের তৃতীয় বলে নীতীশের উইকেটটি তুলে নেয় সানরাইজার্স। পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে নীতীশ ৪১ বলে ৭৫ রান করে আউট হন। তিনি ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। নীতীশের সহজ ক্যাচ ফেললেও শেষ অবধি ওয়াশিংটন সুন্দরই কেকেআর অধিনায়কের ক্যাচ তালুবন্দি করেন। এই উইকেটটি নেন টি নটরাজন। শেষ তিন ওভারে নাইটদের দরকার ছিল ৫৮ রান।

১৯তম ওভারে ভুবনেশ্বর কুমার দেন ১০ রান। ফলে ১২ বলে প্রয়োজন দাঁড়ায় ৪৮ রান। ১৯তম ওভারে টি নটরাজনের ওভারে আসে ১৬ রান। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন রিঙ্কু সিং। শেষ ৬ বলে জিততে ৩২ রান প্রয়োজন ছিল কেকেআরের। শেষ ওভারের প্রথম বলে শার্দুল ঠাকুরকে আউট করে দেন উমরান মালিক। শার্দুল ৭ বলে ১২ রান করেন।
২০ ওভারে কেকেআর ৭ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। পরাজয় ২৩ রানে। রিঙ্কু চারটি করে চার ও ছয় মেরে ৩১ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন। ময়াঙ্ক মার্কণ্ডে ৪ ওভারে ২৭ ও মার্কো জানসেন ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ভুবনেশ্বর কুমারের ১টি মেডেন ওভার। তিনি ৪ ওভারে ২৯ রান, টি নটরাজন ৪ ওভারে ৫৪ ও উমরান ২ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

এর আগে, টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান নাইট অধিনায়ক নীতীশ রানা। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তোলে অরেঞ্জ আর্মি। যা এবারের আইপিএলে দলগত সর্বাধিক রান। ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১০০ রানে অপরাজিত থাকেন হ্যারি ব্রুক। চলতি আইপিএলে এটি প্রথম শতরান। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন, শতরান আসে ৫৫ বলে।

২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে অধিনায়ক এইডেন মার্করাম ২৬ বলে ৫০ রান করেন। মার্করাম হাফ সেঞ্চুরি করতে নেন ২৫ বল। ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে আসা অভিষেক শর্মা তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৭ বলে ৩২ রান করেন। ময়াঙ্ক আগরওয়াল ও রাহুল ত্রিপাঠী দুজনেই ৯ রান করেন। ৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন হেইনরিখ ক্লাসেন।

কেকেআরের সফলতম বোলার আন্দ্রে রাসেল। ২.১ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন রাসেল। ক্র্যাম্পের কারণে মাঠ ছাড়েন, বাকি পাঁচটি বল করেন শার্দুল ঠাকুর। তবে ব্যাট করতে নেমেছিলেন রাসেল, প্রত্যাশা পূরণ করতে পারেননি। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪১ রান খরচ করে ১টি উইকেট নেন। নাইটদের পরের ম্যাচ রবিবার মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications