IPL 2023: কেকেআরের হারের হ্যাটট্রিকে স্পষ্ট একাধিক দুর্বলতা, কাদের দায়ী করলেন যুবরাজ?
ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পরাস্ত হয়ে মুম্বই ও দিল্লিতে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারায় কেকেআরের পরাজয়ের হ্যাটট্রিক সম্পন্ন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একাদশে চারটি পরিবর্তনেও জয় অধরা।
রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ। আজ সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় ফিরছে নীতীশ রানার নেতৃত্বাধীন নাইটরা। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর আরসিবি ও গুজরাতকে হারিয়েছিল নাইটরা। তারপর টানা তিন পরাজয়।

গতকাল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১২৭ রান করে কেকেআর। নীতীশ রানা বলেন, ১৫-২০ রান দরকার ছিল। জানতাম উইকেট সহজ হবে না। আমারও আরও বেশি উইকেটে থাকা উচিত ছিল। আমি যখন আউট হই, সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি দায় নিচ্ছি। এই রান নিয়েও বোলাররা যে লড়াই করেছেন তাকে কৃতিত্ব দিতেই হবে।
রানার কথায়, দিল্লি যাতে তাড়াতাড়ি সহজে জয় না পায় সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ছিল। পাওয়ারপ্লে-তে দিল্লি ক্যাপিটালস ভালো ব্যাটিং করেছে। আমাদের দলগতভাবে ভালো খেলতে হবে। এই লো স্কোর নিয়েও আমরা এমন লড়াই চালালাম, ফলে আমার বিশ্বাস আমরা ভালো খেলতেই পারি।

কেকেআরের ওপেনার জেসন রয় বলেন, উইকেট প্রথম দিকে ভালোই ছিল। পেস বোলিং ভালোভাবেই খেলা যাচ্ছিল। দিল্লি যেভাবে জয় পেল তাতে বোঝা গিয়েছে উইকেট সহজ ছিল না। আমরা ১৫-২০ রান বেশি করলে দিল্লির ব্যাটিং পরিকল্পনাও অন্যরকম হতো। ফলে এটা ঠিক নয় যে আরেকটু বেশি রান হলেই আমরা জিততাম।
ডেভিড ওয়ার্নারের উদাহরণ দিয়ে রয় বলেন, এমন স্কোর তাড়া করতে হলে এভাবেই খেলতে হয় ওপেনারদের। আমরা আরও কিছু বেশি রান করলে দিল্লি ব্যাটিংয়ের সময় ঝুঁকি নিত। পরের ম্যাচে উইকেট দেখে বলা যাবে ২০০ রান তোলা সম্ভব কিনা। শার্দুল ঠাকুর যে ফিটনেসজনিত কারণেই দলে ছিলেন না তা স্পষ্ট করেছেন রয়।

দলের বোলারদের প্রশংসা করেছেন রয়। তবে উমেশ যাদবকে দিয়ে কেন মাত্র ১ ওভার করানো হলো সেটা নীতীশই বলতে পারবেন বলে মন্তব্য রয়ের। তিনি বলেন, নীতীশ নিজে ভালো বোলিং করেছেন। বরুণ চক্রবর্তীও ভালো। নীতীশ যেভাবে মাঠে ও মাঠের বাইরে দল সামলাচ্ছেন তাতে তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন রয়।

অনুকূল রায়কে ব্যাটিংয়ের সময়ই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছিল। তিনি রান পাননি। তবে বল হাতে ২ উইকেট পান। যদিও কেকেআরের সুযশ শর্মাকে খেলানো উচিত ছিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দিল্লির সুযশ ফর্মেও রয়েছেন। তিনি অরুণ জেটলি স্টেডিয়ামের উইকেটে অনেক বেশি কার্যকরী হতে পারতেন বলেই মনে করা হচ্ছে।
Not hppy with @mandeep and @rinkusingh235 approch in this situation Not mattr how high your on confidenc u got too cut out the risk to creat a ptnrship when wickts are falling Need to stick to one day mindset till the 15 th . Caus u have @Russell12A Comin at the end #kkrvsdel
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 20, 2023
রিঙ্কু (৮ বলে ৬) ও মনদীপ সিং (১১ বলে ১২)-এর সমালোচনা করেছেন যুবরাজ সিং। টুইটে লেখেন, যত আত্মবিশ্বাসই থাক না কেন উইকেট ধস আটকাতে তাঁদের বড় পার্টনারশিপ গড়া উচিত ছিল। যেহেতু পরে আন্দ্রে রাসেল রয়েছেন, ফলে ১৫ ওভার পর্যন্ত একদিনের ম্যাচ খেলার মানসিকতা নিয়ে ব্যাটিং জরুরি ছিল বলেই মত যুবির।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications