IPL 2023: আইপিএলে চিপকে ঋতু-রাজ, জোড়া ছক্কা ধোনির! চেন্নাইকে হারাতে লখনউয়ের চাই ২১৮
আইপিএলে গত বছর একমাত্র সাক্ষাতে দুশোর উপর রান করেও লখনউ সুপার জায়ান্টসের কাছে পরাস্ত হয়েছিল চেন্নাই সুপার কিংস। লোকেশ রাহুলের দলের বিরুদ্ধে আজ সেই রান ছাপিয়ে গেল মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। আজ চেন্নাইয়ের চিপকে টস হেরে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৭ তুলেছে চেন্নাই সুপার কিংস।

দুরন্ত ওপেনিং জুটি
শুরু থেকেই এদিন আগ্রাসী মেজাজে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ৫০ বলে ৯২ রান করেছিলেন। আজ যেন সেখান থেকেই শুরু করেন তিনি। যোগ্য সঙ্গত দিয়ে ঝোড়ো ব্যাটিং করেন ডেভন কনওয়ে। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৯ রান তুলে ফেলেন সিএসকে ওপেনাররা। ৪.৪ ওভারে আসে ৫০ রান। একশো রান আসে অষ্টম ওভারে।

ঋতু-রাজ
তার আগেই ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন ঋতুরাজ গায়কোয়াড়। চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান, সবচেয়ে বেশি চার ও ছয় মারার নজির তাঁর দখলেই। ঋতুরাজ আউট হন দশম ওভারের প্রথম বলে। দলের ১১০ রানের মাথায়। তিনটি চার ও চারটি ছক্কার সাহায্যে ঋতুরাজ করেন ৩১বলে ৫৭ রান। পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে কনওয়ে ২৯ বলে ৪৭ রান করে মার্ক উডের শিকার। ১০.২ ওভারে দলের ১১৮ রানের মাথায়।

ভরসা দিল ব্যাটিং
শুরুটা ভালো হওয়ায় মিডল অর্ডারের ব্য়াটাররাও আত্মবিশ্বাসের সঙ্গেই খেললেন। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে শিবম দুবে ১৬ বলে ২৭ রান করেন তিনে নেমে। তিনটি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৯ রান করেন মঈন আলি। তাঁদের দুজনকেই ফেরান রবি বিষ্ণোই। বেন স্টোকস ৮ বলে ৮ রান করেন। রবীন্দ্র জাদেজা ফের হতাশ করলেন। মার্ক উডের শিকার হলেন ৬ বলে ৩ রান করে।
|
ধোনি-ধামাকা
১৯.১ ওভারে জাদেজা আউট হওয়ার পর ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনির। তাঁর জন্যই চিপক ছিল কানায় কানায় পূর্ণ। সকলে মোবাইলের টর্চ জ্বালান। আগাম দীপাবলির মেজাজ দেখা যায় চিপকে। ম্যাচ শুরুর আগে থেকেই ধোনির নামে জয়ধ্বনি চলছিল। নেমেই প্রথম ম্যাচে পাঁচ উইকেট নেওয়া মার্ক উডের বলে জোড়া ছক্কা হাঁকান মাহি। তবে ছক্কার হ্যাটট্রিক হয়নি। ৩ বলে ১২ রান করে রবি বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দেন ধোনি।

লখনউয়ের চাই ২১৮
চেন্নাই সুপার কিংস ২১৮ রানের টার্গেট রেখেছে লখনউ সুপার জায়ান্টসের জন্য। ২টি করে চার ও ছয়ের সাহায্যে অম্বাতি রায়ুডু ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। শেষ ওভার শুরুর আগে আবেশ খানের পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আয়ুষ বাদোনিকে নামায় লখনউ।

মার্ক উড ও রবি বিষ্ণোই বজায় রাখলেন ধারাবাহিকতা
চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী মার্ক উড। তিনি এদিন ৪ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নিলেন। রবি বিষ্ণোই ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন। আবেশ খান ৩ ওভারে ৩৯ রান খরচ করে একটি উইকেট দখল করেছেন। কাইল মেয়ার্স ২ ওভারে ১৬, ক্রুণাল পাণ্ডিয়া ২ ওভারে ২১, কৃষ্ণাপ্পা গৌতম ১ ওভারে ২০ ও যশ ঠাকুর ৪ ওভারে ৩৬ রান দিয়ে কোনও উইকেট পাননি। জয়দেব উনাদকাটের জায়গায় যশ দলে এসেছেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications