IPL 2023: জেসন রয় ও লিটন দাস কি আজ কেকেআরের একাদশে? বাদ পড়বেন কারা?
আইপিএলে আজ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আমেদাবাদে গুজরাত টাইটান্স ম্যাচের ঠিক আগে পৌঁছেছিলেন জেসন রয়। ম্যাচের দিন কলকাতায় আসেন লিটন দাস।
গুজরাত ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নেওয়ার পর হোম গ্রাউন্ডে জয়ের হ্যাটট্রিক সারতে তৈরি নীতীশ রানার দল। চলতি মরশুমে ইডেনে একমাত্র ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারিয়েছিল নাইটরা। আজকের একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে।

এবারের আইপিএলে তিনটি ম্যাচে তিনটি আলাদা ওপেনিং জুটি খেলিয়েছে কেকেআর। কিন্তু ওপেনিং জুটিতে বড় পার্টনারশিপ হচ্ছে না। জয়ের মধ্যে থাকলেও এই বিষয়টি নিয়ে খচখচানি থাকছে। গুজরাত ম্যাচেও চার ওভারে স্কোরবোর্ডে ২৮ রান ওঠার ফাঁকে প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন দুই ওপেনার।
আইপিএলে গত মরশুম থেকে ধরলে ১৭টি ম্যাচে ৯টি ওপেনিং জুটি দেখা গিয়েছে কেকেআরের ক্ষেত্রে। যা টুর্নামেন্টে সর্বাধিক। দিল্লি ক্যাপিটালসের পাঁচটি আলাদা ওপেনিং জুটি দেখা গিয়েছে। কেকেআরের ওপেনিং জুটিতে এই ম্যাচগুলির মধ্যে মাত্র দুটি ক্ষেত্রে ৩০ বা তার বেশি রান উঠেছে।

কেকেআরে তিন বিদেশি ক্রিকেটারই ওপেনার। রহমানুল্লাহ গুরবাজ প্রথম তিনটি ম্যাচে ওপেন করেছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২২, ইডেনে আরসিবির বিরুদ্ধে ৫৭ ও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৫ রান করেছেন। তাঁর সামান্য চোট থাকার কথা জানা গেলেও ইডেনে পুরোদমে অনুশীলন করেছেন। ক্রিকেটীয় কারণে বাদ পড়ার সম্ভাবনা নেই।
রহমানুল্লাহ গুরবাজের সঙ্গে ওপেন করতে দেখা যেতেই পারে জেসন রয়কে। ফর্মে থাকা লিটন দাসও দৌড়ে রয়েছেন। জেসন রয় ও লিটন দাসকে খেলাতে হলে রহমানুল্লাহ গুরবাজকে বসতে হতে পারে। সেক্ষেত্রে উইকেটের পিছনে দাঁড়াবেন নারায়ণ জগদীশান। আগের ম্যাচে তিনি ওপেন করতে নেমে ৮ বলে ৬ রান করেছিলেন।

কেকেআর একাদশে তিন বিদেশি রেখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে অপর কোনও বিদেশিকে। সেক্ষেত্রে সুনীল নারিনের সঙ্গে অদলবদল করা হতে পারে। আন্দ্রে রাসেল ছন্দে না থাকলেও তাঁকে বাদ দেওয়া হবে বলে কেউই মনে করছেন না। প্রথম তিনটি ম্যাচে বোলিং না করলেও দ্রে রাস আজ হাত ঘোরাতেও পারেন। নেটে তিনি বল করেছেন।

বিদেশি নির্বাচন নিয়ে নানা অপশন খোলা রয়েছে। জেসন রয় ও লিটন দাসকে খেলিয়ে বিশ্রাম দেওয়া হতে পারে গুরবাজকে। সঙ্গে রাসেল রইলেন। সময়মতো নামানো হতে পারে সুনীল নারিনকে। আবার গুরবাজের সঙ্গে লিটন বা জেসনের মধ্যে একজনকে খেলানো হতে পারে। সে যাই হোক না কেন, সেক্ষেত্রে কোপ পড়বে লকি ফার্গুসনের উপর।

লকি ফার্গুসন গুজরাত টাইটান্স ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়েছিলেন। আন্দ্রে রাসেল যদি বোলিং করেন তাহলে নাইটদের খুব বেশি সমস্যায় পড়তে হবে না। কেন না, উমেশ যাদব, শার্দুল ঠাকুর থাকছেনই। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী ও সুযশ শর্মাকে দিয়ে সাজানো ত্রিফলা স্পিন আক্রমণও রয়েছে। কেকেআর উইনিং কম্বিনেশন ভাঙবে কিনা সেটাও দেখার।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications