IPL 2023: আইপিএলে প্রথম শতরান ব্রুকের, রাসেলের চোট, সানরাইজার্সকে হারাতে কেকেআরের চাই ২২৯
আইপিএলে এবার প্রথম শতরানটি হাঁকালেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের এই ক্রিকেটার এদিন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি সতীর্থদের যোগ্য সঙ্গত। যার নিট ফল কেকেআরকে বড় টার্গেট তাড়া করতে হবে।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে সানরাইজার্স। ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করা ব্রুক শতরান পেলেন ৫৫ বলে।

সানরাইজার্স হায়দরাবাদের ওপেনিং জুটিতে ওঠে ৪.১ ওভারে ৪৬ রান। ময়াঙ্ক আগরওয়াল ১৩ বলে ৯ রান করে আন্দ্রে রাসেলের শিকার হন। চলতি মরশুমে এদিনই প্রথম বোলিং করলেন রাসেল। এই ওভারের ষষ্ঠ বলে রাসেল ফেরান রাহুল ত্রিপাঠীকেও। ২টি চারের সাহায্যে ৪ বলে ৯ রান করেন প্রাক্তন নাইট রাহুল। পঞ্চম ওভারের শেষে হায়দরাবাদের স্কোর ছিল ২ উইকেটে ৫৭।

এরপর দুরন্ত পার্টনারশিপ গড়েন হ্যারি ব্রুক ও এইডেন মার্করাম। ব্রুক শুরু থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। মার্করামও ঝড় তোলেন। ১২.৫ ওভারে অরেঞ্জ আর্মির তৃতীয় উইকেটটি তুলে নেন বরুণ চক্রবর্তী। ২টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে মার্করাম ২৬ বলে ৫০ রান করেন। তৃতীয় উইকেটের পতন ১২.৫ ওভারে ১২৯ রানে। মার্করাম ফিরলে নামেন অভিষেক শর্মা।
ব্রুকের সঙ্গী হয়ে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন অভিষেক। বাঁহাতি অভিষেককে এদিন সানরাইজার্স খেলাচ্ছে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। সানরাইজার্সের ৫০ রান পূর্ণ হয়েছিল ৪.২ ওভারে। ১০০ রান হয় ১১ ওভারে। ১৪.৪ ওভারে হয় দেড়শো। ১৮তম ওভারের শেষ বলে ২০০ রানের গণ্ডি স্পর্শ করে অরেঞ্জ আর্মি।

১৯তম ওভারের প্রথম বলে অভিষেককে সাজঘরে ফেরান রাসেল। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ১৭ বলে ৩২ রান করে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ২০১ রানে পড়ে চতুর্থ উইকেট। যদিও পায়ে চোট পাওয়ায় এই ওভারটি পুরো করতে পারেননি রাসেল। প্রাথমিকভাবে ক্র্যাম্প বলে মনে হয়। কিন্তু এখনও নিশ্চয়তা মেলেনি।

হ্যারি ব্রুক ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১০০ রানে অপরাজিত রইলেন। তিনি শতরান করতেই ইডেনের দর্শকরা তাঁকে অভিবাদন জানান। প্রতিপক্ষ দলের ক্রিকেটারকেও সাফল্যের জন্য যেভাবে ইডেন অভিনন্দিত করে তা সব সময় স্পেশ্যাল বলে ধারাভাষ্য দিতে গিয়ে বলেন সুনীল গাভাসকর। ৬ বলে ১৬ রানে অপরাজিত থাকেন হেইনরিখ ক্লাসেন।

আন্দ্রে রাসেল ২.১ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৪১ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। উমেশ যাদব ৩ ওভারে ৪২, লকি ফার্গুসন ২ ওভারে ৩৭, সুনীল নারিন ৪ ওভারে ২৮, সুযশ শর্মা ৪ ওভারে ৪৪ ও শার্দুল ঠাকুর ৫ বলে ১৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। রাসেলের ওভারের পাঁচটি বল করেন শার্দুল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications