IPL 2023: রোহিত-বিরাটের পাশে হ্যারি ব্রুক! ইডেনে আইপিএল শতরানের নজিরগুলি সম্পর্কে জানুন
হ্যারি ব্রুক। ইংল্যান্ডের ২৪ বছরের এই ব্যাটারকে ১৩.২৫ কোটি টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ব্রুক নিজেই এত দর পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন। আইপিএল অভিষেকের পর প্রথম তিনটি ম্যাচ ভালো যায়নি। কিন্তু এদিন ব্রুক মাতিয়ে দিলেন ক্রিকেটের নন্দনকানন।
হ্যারি ব্রুক টি ২০ কেরিয়ারের দ্বিতীয় শতরানটি পেলেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ইডেনে নাইটদের বিরুদ্ধে পঞ্চম ব্যাটার হিসেবে তিনি শতরান পেলেন। যা আবার চলতি আইপিএলেরও প্রথম শতরান।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চারে নেমে ২১ বলে ১৩ রান করেন ব্রুক। লখনউ সুপার জায়ান্টস ম্যাচে তাঁকে নামানো হয়েছিল পাঁচে। সেই ম্যাচে চার বলে তিন রান করেন। মিডল অর্ডারে সাফল্য আসছিল না। ফলে আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্রুককে ওপেন করতে পাঠানো হয়। ১৪ বলে ১৩ রান করেছিলেন। প্রথম দুটি ম্যাচে সানরাইজার্স হারলেও পাঞ্জাব ম্যাচে জয় পায় অরেঞ্জ আর্মি।
আজ ইডেনের উইকেট দেখে প্রথমে মনে করা হয়েছিল পেসাররা ফায়দা পেতে পারেন। কিন্তু কেকেআরের সেই আশায় জল ঢেলে দেন আগ্রাসী ব্রুক। তিনি অর্ধশতরান পূর্ণ করেন ৩২ বলে। যার মধ্যে প্রথম ১২ বলে করেন ৩২। পরের ২০ বলে ২০। পেসারদের বিরুদ্ধে দাপচ নিয়ে খেললেও স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা চোখে পড়েছে। তবে সেই সময়টা সামাল দেন এইডেন মার্করাম।

এইডেন মার্করাম যেভাবে ব্রুকের স্পিন দুর্বলতা ঢেকে আক্রমণাত্মক ব্যাটিং করলেন তার প্রশংসা করেছেন সুনীল গাভাসকর। সানি ইডেনে হ্যারি ব্রুকের ইনিংস দেখেও খুশি। তিনি বলেন, টেস্টে এবং একদিনের আন্তর্জাতিকে আমরা আগে ব্রুকের ব্যাটিং দক্ষতা দেখেছি। এদিনও তিনি পেসারদের আত্মবিশ্বাস নিয়েই সামলেছেন। স্পিন খেলতে পারদর্শী হলে ব্রুকের ভবিষ্যৎ উজ্জ্বল বলেই মত সানির।

ব্রুক যখন শতরান পূর্ণ করেন তখন গোটা ইডেন উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানায়। সুনীল গাভাসকর তখন ধারাভাষ্য দিচ্ছেন। প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সাফল্যকে যেভাবে এখানে অভিনন্দিত করেন দর্শকরা, তাতে ইডেনের শতরান সব সময়ই স্পেশ্যাল বলেও মন্তব্য করেছেন গাভাসকর। ব্রুক হলেন পঞ্চম ব্যাটার যিনি ইডেনে কেকেআরের বিরুদ্ধে শতরান করলেন।

২০১০ সালে ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রথম শতরান করেন মাহেলা জয়বর্ধনে। ২০১১ সালে ক্রিস গেইল, ২০১২ সালে রোহিত শর্মা এবং ২০১৯ সালে বিরাট কোহলি ইডেনে নাইটদের বিরুদ্ধে শতরান করেছিলেন। গত বছর ইডেনে এলিমিনেটরে আরসিবির রজত পাটীদার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৪ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন।

সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরাও হ্যারি ব্রুকের ইনিংস দেখে উচ্ছ্বসিত। ২০১৯ সালে জনি বেয়ারস্টোর পর ব্রুকই ইংল্যান্ডে প্রথম ক্রিকেটার যিনি সানরাইজার্সের হয়ে শতরান পেলেন। গত সেপ্টেম্বরে ব্রুক ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্ট খেলেন। ৬টি টেস্টে ৮০৯ রান করেছেন, গড় ৮০.৯০। চারটি শতরান করেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিণ্ডি টেস্টে ১১৬ বলে ১৫৩ করার পর মুলতানে করেছিলেন ১৪৯ বলে ১০৮। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের সিরিজে প্রথম টেস্টে করেন ৮৯ ও ৫৪ এবং দ্বিতীয় টেস্টে ১৮৬ ও শূন্য। একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে তাঁর একটি করে অর্ধশতরান রয়েছে। বিশ্বকাপের আগে এদিনের শতরান নিশ্চিতভাবেই ব্রুকের আত্মবিশ্বাস বাড়াল।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications