IPL 2022: জস বাটলার বিধ্বংসী ফর্মে! আরসিবির সামনে ১৭০ রানের টার্গেট দিল রাজস্থান রয়্যালস
আইপিএলে বিধ্বংসী ফর্মে জস বাটলার। রাজস্থান রয়্যালসের ওপেনার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেছিলেন। চলতি আইপিএলে একমাত্র সেঞ্চুরি। যেখানে শেষ করেছিলেন আজ ওয়াংখেড়েতে যেন সেখান থেকেই শুরু করলেন। তাঁর দায়িত্বশীল অপরাজিত অর্ধশতরানের দৌলতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সামনে ১৭০ রানের রানের লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হলো রাজস্থান রয়্যালস।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ডেভিড উইলির বলে বোল্ড হন যশস্বী জয়সওয়াল। তিনি করেন ৬ বলে ৪ রান। এরপর দেবদত্ত পাড়িক্কল ও জস বাটলারের জুটিতে ওঠে ৭০ রান। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৩৫। ৭.৩ ওভারে ৫০ রান পূর্ণ হয় রাজস্থান রয়্যালসের। দশম ওভারের শেষ বলে পাড়িক্কল হর্ষল প্যাটেলের শিকার হন। বিরাট কোহলি অনবদ্য দক্ষতায় ক্যাচ তালুবন্দি করেন। যদিও বল মাটিতে স্পর্শ করেছিল কিনা তা দেখতে বেশ কিছুটা সময় লাগে। বিরাট অবশ্য নিশ্চিত ছিলেন সঠিকভাবেই ক্যাচ ধরার ব্যাপারে। ২টি করে চার ও ছয় মেরে পাড়িক্কল ২৯ বলে ৩৭ রান করেন। ১১.৪ ওভারে সঞ্জু স্যামসন ওয়ানিন্দু হাসারঙ্গার বলে কট অ্যান্ড বোল্ড হন। রয়্যালস অধিনায়ক করেন ৮ বলে ৮। ৮৬ রানে তৃতীয় উইকেটটি হারায় রাজস্থান।

১৪.১ ওভারে ১০০ রান পূর্ণ করে রাজস্থান রয়্যালস। স্যামসন ফেরার পর শিমরন হেটমায়ারকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন বাটলার। এই জুটিতে হেটমায়ারই বেশি স্ট্রাইক নিচ্ছিলেন। ১৯তম ওভারে মহম্মদ সিরাজের শেষ দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন বাটলার। এই ওভারে ওঠে ১৯ রান। ২০তম ওভারে আকাশ দীপের দ্বিতীয় ও তৃতীয় বলেও দুটি ছক্কা হাঁকান বাটলার। দ্বিতীয় বলটি তাঁর আগে ওভারস্টেপিংয়ের কারণে নো হয়েছিল। চতুর্থ বলে বাটলার ২ রান নেন। এই ওভারের আগে অবধি ৩ ওভারে ২১ রান দিয়েছিলেন বাংলার পেসার আকাশ দীপ। শেষ বলে ছক্কা মারেন হেটমায়ার। ১৯তম ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ছিল ৩ উইকেটে ১৪৬। তা শেষ অবধি পৌঁছে যায় ৩ উইকেটে ১৬৯ রানে। শেষ ওভারে আকাশ দীপ খরচ করে বসেন ২৩ রান।

That's a 50-run partnership between @josbuttler & @SHetmyer.
— IndianPremierLeague (@IPL) April 5, 2022
Live - https://t.co/HLoQF5FrcT #RRvRCB #TATAIPL pic.twitter.com/j6I7cDykgK
বাটলার ও হেটমায়ারের অবিচ্ছেদ্য চতুর্থ উইকেট জুটিতে ওঠে ৫১ বলে ৮৩ রান। ৪টি চার ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে তিনি অপরাজিত থাকেন ৩১ বলে ৪২ রানে। বাটলার একটিও চার মারেননি, তবে ৬টি ছক্কা রয়েছে তাঁর ৪৭ বলে অপরাজিত ৭০ রানের ইনিংসে। আরসিবির ফিল্ডিং এদিন মোটেই ভালো হয়নি। বেশ কয়েকটি ক্যাচ পড়ে। হর্ষল প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট পান। ডেভিড উইলি ৪ ওভারে ২৯ ও ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৩২ রান দিয়ে ১টি করে উইকেট পান। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৪৩ রান দিয়ে কোনও উইকেট পাননি।












Click it and Unblock the Notifications