IPL 2022: দিল্লি ক্যাপিটালস জয়ের সরণিতে ফিরেই দখল করল পঞ্চম স্থান, হারের হ্য়াটট্রিক হায়দরাবাদের
আইপিএলের ম্যাচে হারের হ্যাটট্রিক সানরাইজার্স হায়দরাবাদ। তার ফলে ২১ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে অরেঞ্জ আর্মিকে ছয়ে নামিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থান দখল করে ফেলল দিল্লি ক্যাপিটালস। দুই দলের দখলেই ১০ ম্যাচে ১০ পয়েন্ট, তবে নেট রান রেটে সানরাইজার্সের (০.৩২৫) চেয়ে এগিয়ে দিল্লি (০.৬৪১)। নিকোলাস পুরাণ মরিয়া লড়াই চালালেও ফারাক গড়ল দুই ইনিংসের শেষ পাঁচ ওভারই। খলিল আহমেদ তিনটি ও শার্দুল ঠাকুর নিলেন দুটি উইকেট।

শুরু থেকে চাপে
জয়ের জন্য ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অভিষেক শর্মা দলের ৮ রানের মাথায় খলিল আহমেদের বলে আউট হন। তিনি ৬ বলে ৭ রান করেন। ৪.২ ওভারে ২৪ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে। ১১ বলে ৪ রান করে অধিনায়ক কেন উইলিয়ামসন আনরিখ নরকিয়ার বলে কট বিহাইন্ড হন। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৩৫। সপ্তম ওভারের শেষ বলে দলের ৩৭ রানের মাথায় আউট হন রাহুল ত্রিপাঠী। ১৮ বলে ২২ রান করে তিনি মিচেল মার্শের শিকার। এরপর নিকোলাস পুরাণ ও এইডেন মার্করাম দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ১২.৫ ওভারে ৯৭ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৪২ রান করে খলিল আহমেদের দ্বিতীয় শিকার হন মার্করাম। ১৪.৫ ওভারে ১৩৪ রানের মাথায় আউট শশাঙ্ক সিং। তাঁকে ফেরান শার্দুল ঠাকুর। ৬ বলে ১০ রান করেন শশাঙ্ক।
|
লড়লেন পুরাণ
শেষ ৫ ওভারে জেতার জন্য দরকার ছিল ৭৪ রান। উল্লেখ্য, শেষ পাঁচ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭০ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। এই পরিস্থিতিতে মরিয়া লড়াই চালাতে থাকেন নিকোলাস পুরাণ। ২৯ বলে চলতি আইপিএলে টানা দ্বিতীয় এবং আইপিএল কেরিয়ারের চতুর্থ অর্ধশতরান পূর্ণ করেন। তবে সদ্যনিযুক্ত ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক সঙ্গীর সাপোর্ট পেলেন না। ১৬.৪ ওভারে শট অ্যাবট আউট হন খলিল আহমেদের বলেই। ৫ বলে ৭ রানে, দলের ১৫৩ রানের মাথায়। ১৭.৪ ওভারে নিকোলাস পুরাণ ফিরতেই সানরাইজার্স হায়দরাবাদের যাবতীয় আশা শেষ হয়ে যায়। ৩৪ বলে ৬২ রান করে তিনি শার্দুল ঠাকুরের বলে আগ্রাসী শট খেলতে গিয়ে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ দেন। ১৬৫ রানে পড়ে সপ্তম উইকেট। শেষ ওভারের প্রথম বলে কার্তিক ত্যাগীকে আউট করেন কুলদীপ যাদব। ৫ বলে ৭ করে ত্যাগী ফেরেন ১৮১ রানের মাথায়। শেষ অবধি ২০ ওভারে ৮ উইকেটে ১৮৬ রানের বেশি এগোতে পারেনি।

সফলতম খলিল
দিল্লি ক্যাপিটালসের সফলতম বোলার খলিল আহমেদ। তিনি চার ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন। চার ওভারে ৪৪ রান দিয়ে ২টি উইকেট নেন শার্দুল ঠাকুর। আনরিখ নরকিয়া ৪ ওভারে ৩৫ ও মিচেল মার্শ ৪ ওভারে ৩৬ রান দিয়ে একটি করে উইকেট নিলেন। কুলদীপ যাদব ৪ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেট পাওয়ায় চলতি আইপিএলে তাঁর উইকেটের সংখ্যা দাঁড়াল ১৮। উইকেটশিকারীদের তালিকার শীর্ষে যুজবেন্দ্র চাহাল (১৯ উইকেট)।

অনবদ্য ওয়ার্নার-পাওয়েল
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৫৮ বলে ৯২ রানে অপরাজিত থাকেন ডেভিড ওয়ার্নার। ৩৫ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন রভম্যান পাওয়েল, তিনি কয়েকটি ক্যাচ পড়ার ফায়দা তুলে দলকে বড় রানে পৌঁছে দেন তিনটি চার ও ৬টি ছক্কা হাঁকিয়ে। ভুবনেশ্বর কুমার, শন অ্যাবট ও শ্রেয়স গোপাল একটি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications