IPL 2022: জাহিরদের টপকে আইপিএলে নতুন রেকর্ড ভুবনেশ্বরের, উমরানের আগে কারা শেষ ওভারে কোনও রান দেননি?
আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে নতুন রেকর্ড গড়লেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ভুবি আউট করেন শিখর ধাওয়ানকে। তারই সুবাদে পাওয়ারপ্লেতে আইপিএলে সর্বাধিক উইকেট দখলের রেকর্ডটি নিজের দখলে নিলেন ভুবনেশ্বর। শেষ ওভার মেডেন নিয়ে নজির গড়ছেন উমরান মালিকও।

ভুবনেশ্বর কুমার ১৩৬ ইনিংসে পাওয়ারপ্লেতে নিয়েছেন ৫৩টি উইকেট, ইকনমি ৫.৯৯। জাহির খান ৯৯টি ইনিংসে প্রথম ৬ ওভারে পেয়েছেন ৫২ উইকেট, ইকনমি ৬.৭৪। পাওয়ারপ্লেতে সন্দীপ শর্মার ৫২টি উইকেট রয়েছে ৯৮ ইনিংসে, তাঁর ইকনমি ৬.৯৩। পাওয়ারপ্লেতে উমেশ যাদবের রয়েছে ৫১টি উইকেট, ১১০ ইনিংসে, উমেশের ইকনমি ৭.৫৪। ৮৬ ইনিংসে ধবল কুলকার্নির পাওয়ারপ্লেতে রয়েছে ৪৪টি উইকেট, ইকনমি ৭.৪৯। ৯১টি ইনিংসে ইশান্ত শর্মার রয়েছে ৪৪টি পাওয়ারপ্লে উইকেট, ইকনমি ৭.০৮। স্পিনারদের মধ্যে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। অশ্বিন ১০৫ ইনিংসে ৪৩টি উইকেট পেয়েছেন প্রথম ৬ ওভারে, ইকনমি ৬.৪৫। অশ্বিনের মতোই দীপক চাহারেরও পাওয়ারপ্লেতে ৪৩টি উইকেট রয়েছে, ৬৩ ইনিংসে, তাঁর ইকনমি ৭.৭৫।
Never in IPL history we saw a four wicket maiden last over.
— Saikat Ghosh 🇮🇳 (@Ghosh_Analysis) April 17, 2022
Too much pace. #PBKSvSRH #UmranMalik pic.twitter.com/az9YCV0iO4
স্পিড সেনসেশন উমরান মালিক শেষ ওভারে তুলে নিয়েছেন তিনটি উইকেট। একটি রান আউটের দৌলতে শেষ ওভারে মোট চারটি উইকেট হারায় পাঞ্জাব কিংস। উমরানের এই ওভারটি আবার মেডেন, আইপিএলে চতুর্থ বোলার হিসেবে এই নজির গড়লেন জম্মু ও কাশ্মীরের স্পিডস্টার। ১৯তম ওভারের শেষ বলে লিয়াম লিভিংস্টোন (৩৩ বলে ৬০) আউট হয়েছিলেন দলের ১৫১ রানের মাথায়। লিভিংস্টোন ভুবনেশ্বর কুমারের এদিনের তৃতীয় শিকার। এরপর ২০তম ওভারের দ্বিতীয় বলে ওডিয়ান স্মিথ (১৫ বলে ১৩), চতুর্থ বলে রাহুল চাহার (২ বলে ০), পঞ্চম বলে বৈভব অরোরা (১ বলে ০) রানে আউট হন। চাহার ও অরোরা বোল্ড হন। শেষ বলে রান আউট হন অর্শদীপ সিং। ১৫১ রানের মাথাতেই পাঁচটি উইকেট হারায় পাঞ্জাব কিংস। সপ্তম থেকে দশম উইকেট পড়ার মধ্যে একটিও রান হয়নি, এমন নজির টি ২০ ক্রিকেটে এই নিয়ে তৃতীয়।

উমরান মালিকের আগে আইপিএলে ২০তম ওভারে বল করতে গিয়ে একটিও রান খরচ না করার নজির এর আগে রয়েছে তিনজন বোলারের। ২০০৮ সালে ইরফান পাঠান মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মেডেন ওভার করেছিলেন। ২০০৯ সালে ডারবানে ডেকান চার্জার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০তম ওভার মেডেন পেয়েছিলেন লাসিথ মালিঙ্গা। ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়দেব উনাদকাট শেষ ওভারে কোনও রান দেননি। তারপর সেই নজির স্পর্শ করলেন উমরান। এদিন ৪ ওভারে ১টি মেডেন-সহ ২৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন উমরান মালিক। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৩ উইকেট। প্রথম ভারতীয় পেসার হিসেবে আইপিএলে ১৫০ উইকেটের মাইলস্টোন এদিন স্পর্শ করেন ভুবি।












Click it and Unblock the Notifications