IPL 2022: আকাশ দীপ বিরাটের কাছ থেকে নেবেন ফিটনেস-মন্ত্র! ধোনিদের টি ২০ বিশ্বজয় দেখেই নেন কোন সিদ্ধান্ত?
ছোট থেকেই স্বপ্ন দেখতাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার। বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের জন্যই এই দলের প্রতি ভালোবাসা জন্মায়। আইপিএল অভিষেকে সেই বিরাট কোহলির হাত থেকেই টিমের টুপি পেয়ে আপ্লুত বাংলার পেসার আকাশ দীপ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে চলতি আইপিএলে চারটি ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন তিনি। আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, বিহারের সাসারাম থেকে আরসিবি দলে পৌঁছানোর লড়াইয়ের কথা।

আকাশ দীপের জন্ম বিহারের দেহরি (রোতাস)-এ। বাবা ছিলেন শিক্ষক। গ্রামে ক্রিকেট পরিকাঠামো না থাকায় তিনি চাইতেন না ছেলে ক্রিকেটে আসুক। কিন্তু ক্রিকেটের প্রতি অদম্য টান ক্রিকেট মাঠে নিয়ে যেত ছোট্ট আকাশ দীপকে। বাবা যখন স্কুলে থাকতেন তখনই লুকিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলতেন আকাশ দীপ। আরসিবিকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ দীপ জানিয়েছেন, ২০০৭ সালে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল টি ২০ বিশ্বকাপ ফাইনালে। তখন গ্রামে বিদ্যুৎ সংযোগ ছিল না। জেনারেটর ভাড়া করে গ্রামের বহু মানুষ খেলা দেখছিলেন। ভারত জিততেই যে উল্লাস, আনন্দের বাতাবরণ তৈরি হয়েছিল তা দেখেই আকাশ দীপ ঠিক করে ফেলেন ক্রিকেট নিয়েই এগোবেন।

বন্ধুর পরামর্শে কলকাতায় খেলতে এসেও আকাশ দীপকে মাঝেমধ্যেই ফিরতে হতো গ্রামের বাড়িতে। অবসর গ্রহণের পর বাবার প্যারালিসিস হয়েছিল। হাসপাতালে নিয়ে যেতে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। ২০১৫ সালে আকাশ দীপের বাবা প্রয়াত হন। দাদাও অকাল প্রয়াত হন। সংসারের হাল ধরতে আকাশ দীপ প্রথমে দিল্লিতে গিয়েছিলেন দিদির বাড়িতে থেকে ক্রিকেট প্র্যাকটিস করতে। তারপর বন্ধুর পরামর্শে কলকাতার ক্লাবে সুযোগ। এরপর বাংলা দলে অভিষেক। সিএবি, তৎকালীন অনূর্ধ্ব ২৩ হেড কোচ সৌরাশিস লাহিড়ীদের প্রতি কৃতজ্ঞ আকাশ দীপ। বললেন, স্ট্রেস ফ্র্যাকচারের কারণে চিকিৎসক ৩ মাস মাঠের বাইরে থাকতে বলেছিলেন। কিন্তু তারপরও আমার চোট থাকা সত্ত্বেও অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে রাখা হয়েছিল। বাংলার হয়ে অভিষেকের পর থেকে আর ফিরে তাকাতে হয়নি।
Fast and furious! How accurate was Akash Deep last night! 🔥
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 10, 2022
Coming into his own in #IPL2022! 😎#PlayBold #WeAreChallengers #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/26tMnG0Ybn
আরসিবিতে গত মরশুমে ছিলেন নেট বোলার হিসেবে। মা, বৌদি, জেঠিমাদের অসুস্থতার কথা জানতে পারেন। ৪-৫ দিন পর জেঠিমা ও বৌদির প্রয়াত হওয়ার খবর আসে। এরপর গ্রামের বাড়িতে ফিরতে হয়েছিল আকাশ দীপকে। আরসিবি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিল। মাকে আকাশ দীপই ইঞ্জেকশন দিয়েছেন। পরে মা সুস্থ হয়ে যান। আইপিএলের দ্বিতীয়ার্ধের আগে দলের সঙ্গে যোগ দিয়ে আকাশ জানতে পারেন ওয়াশিংটন সুন্দরের জায়গায় তাঁকে নিয়েছে আরসিবি। চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত ঘনিষ্ঠ মহলেও তা জানাননি আকাশ দীপ।

চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩ ওভারে ৩৮ রান খরচ করে লিয়াম লিভিংস্টোনের উইকেট পেয়েছিলেন আকাশ দীপ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩.৫ ওভারে ৪৫ রান দেন, ঝুলিতে পুরে নেন ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও উমেশ যাদবের উইকেট। রাজস্থান রয়্যালস ম্যাচে ৪ ওভারে ৪৪ রান দিয়ে কোনও উইকেট পাননি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি চার ওভার হাত ঘোরান, ১টি মেডেন ওভার, ২০ রান খরচ করে পেয়েছিলেন ঈশান কিষাণের উইকেট।
What better motivation for our young stars to be learning from the best in the business. 🤩💪🏻#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #MondayMotivation pic.twitter.com/yOvGvi8vLh
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 11, 2022
বোলিং অলরাউন্ডার আকাশ দীপ বাংলার হয়ে ১১টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫টি উইকেট পেয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫টি উইখেট পেয়েছেন। টি ২০ ক্রিকেটে আকাশ দীপ চলতি আইপিএলে চারটি ম্যাচ-সহ ২৫ ম্যাচে ৩১টি উইকেট পেয়েছেন। ২০১৯ সালে বাংলার হয়ে সব ধরনের ফরম্যাটে অভিষেক হয় আকাশ দীপের। ছোটবেলায় আরসিবির খেলা মিস করতেন না। এবারও যে ছন্দে রয়েছেন তাতে প্রতি ম্যাচেই জায়গা ধরে রাখতে বদ্ধপরিকর আকাশ দীপ। বললেন, যখনই মাঠে নামি সেটাকে শেষ ম্যাচ ভেবেই নামি। বিরাট কোহলিকে দেখে নিজের ফিটনেস আরও উন্নত করাই লক্ষ্য তাঁর।












Click it and Unblock the Notifications