IPL 2021 : কেকেআরের বিরুদ্ধে বিরাটদের প্রতি চার ও ছয়ের মূল্য আকাশছোঁয়া, কারণটা জানেন কি?
IPL 2021 : কেকেআরের বিরুদ্ধে বিরাটদের প্রতি চার ও ছয়ের মূল্য আকাশছোঁয়া, কারণটা জানেন কি?
কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইপিএলের দ্বিতীয় পর্বের অভিযান শুরু হচ্ছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে আজ হালকা নীল রঙের জার্সি গায়ে মাঠে নামবেন বিরাট কোহলিরা। তা নিয়ে প্রশংসা কুড়ানোর ফাঁকেই অতিমারীকে হারাতে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে নতুন উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরসিবির বিশেষ উদ্যোগ
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে আজ হালকা নীল রঙের জার্সি গায়ে মাঠে নামবেন বিরাট কোহলিরা। সেই উদ্যোগকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সোমবারের ঘোষণা। করোনা ভাইরাসকে হারানোর লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে কোহলি শিবির। কেকেআরের বিরুদ্ধে আজকের ম্যাচে আরসিবি ক্রিকেটাররা যতবার চার কিংবা ছক্কা হাঁকাবেন বা উইকেট নেবেন, ততবারই কোভিড ১৯-র বিরুদ্ধে লড়াইয়ে অর্থ দান করবে দলের টাইটেল স্পনসর। তাদের এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রশংসীত হয়েছে। অধিনায়ক বিরাট নিজে এই মহান উদ্যোগের প্রচার করেছেন।
|
কেন নীল জার্সি
কেকেআরের বিরুদ্ধে আইপিএলের আজকের ম্যাচে হালকা নীল জার্সি গায়ে মাঠে নামবেন আরসিবি। করোনা ভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কারদের কুর্নিশ জানাতেই পিপিই কিটের রঙে এই জার্সি তৈরি করা হয়েছে। ম্যাচ শেষে ক্রিকেটারদের সই করা জার্সিগুলি নিলামে তোলা হবে। সংগৃহীত অর্থ দিয়ে দরিদ্র মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা হবে বলে আরসিবি-র তরফে জানানো হয়েছে। অর্থাৎ দেশের টিকাকরণ প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে করবে আরসিবি। এর আগে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে আইপিএলে সবুজ রঙের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।

বিরাটের পরীক্ষা
ভারতীয় টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা আগেই করেছিলেন বিরাট কোহলি। আসন্ন টি২০ বিশ্বকাপ শেষ হলেই তিনি গুরু দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। সেই ধাক্কা সামলে ওঠার আগেই দেশের ক্রিকেট প্রেমীদের অবাক করলেন বিরাট। এক টুইট বার্তায় জানান যে তিনি চলতি আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব ছেড়ে দেবেন। যদিও কেরিয়ারের অবশিষ্ট সময়ে আরসিবি-র হয়ে আইপিএল খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন কিং কোহলি। অর্থাৎ আগামী মরসুম থেকে আরসিবি-র জার্সিতে কেবল ব্যাটসম্যান বিরাট কোহলিকে দেখা যাবে। অর্থাৎ অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জয়ের ইচ্ছাপূরণের শেষ সুযোগ এবারই পেতে চলেছেন কোহলি।

সামনে কঠিন লড়াই
চলতি বছরের আইপিএলের প্রথম পর্ব অনুযায়ী সাত ম্য়াচ খেলে ১০ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে আরসিবি। লিগ তালিকার তৃতীয় স্থানে তাদের অবস্থান। আজ জিতলে প্রথম দুইয়ের মধ্যে প্রবেশ করে প্লে-অফে পৌঁছনোর রাস্তা আরও সুগম করবেন বিরাট কোহলিরা। কেকেআরের বিরুদ্ধে মোকাবিলা কঠিন হবে ধরে নিয়েই মাঠে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications