IPL 2021 : ম্যাচ জিতেও স্বস্তি নেই বিরাট কোহলির, প্রতিপক্ষ ইশান কিষাণকে আলাদা ডেকে কী বোঝালেন
আইপিএল ২০২১ : বিরাট কোহলি ও ইশান কিষাণের কথোরকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হর্ষল প্যাটেলের হ্যাটট্রিক, যুজবেন্দ্র চাহালের তিন উইকেট ও গ্লেন ম্যাক্সওয়েলের অনবদ্য অল রাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে এত বড় জয় হাসিল করতে সক্ষম হয়েছে বিরাট কোহলির দল। আরসিবি অধিনায়ক নিজেও ম্যাচে অসাধারণ অর্ধশতরান করেছেন। তাতেও স্বস্তি নেই বিরাট কোহলির। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে আসন্ন টি২০ বিশ্বকাপের আগে প্রতিপক্ষ হলেও সতীর্থ তথা তরুণ ইশান কিষাণের ফর্ম নিয়ে যে তিনি বেশ চিন্তিত, তা বোঝা গেল ম্যাচ শেষে। ইশানের পাশে দাঁড়িয়েছেন তাঁর দল মু্ম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাও।

চলতি আইপিএলে ব্যর্থ ইশান
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ইশান কিষাণ। ১২ বল খেলে মাত্র ৯ রান করে তিনি আউট। যুজবেন্দ্র চাহালের গুগলি পড়তে না পেরে চালিয়ে খেলতে গিয়ে তিনি নিজের ও দলের জন্য বিপদ ডেকে আনেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত আট ম্যাচ খেলে মাত্র ১০৭ রান করতে পেরেছেন ভারতের তরুণ উইকেটরক্ষক ও ব্যটার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত এক ইনিংসে ইশানের সর্বোচ্চ স্কোর ২৮।
|
ইশানের সঙ্গে বিরাটের কথা
আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে ইশান কিষাণকে রাখা হয়েছে। তারই প্রেক্ষাপটে চলতি আইপিএলে তরুণ ক্রিকেটারের একের পর এক ফ্লপ শো ক্রিকেট প্রেমীদের হতাশ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে ইশানের মতো অনভিজ্ঞ খেলোয়াড়কে নেওয়াটা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্নও উঠে গিয়েছে। সেই আবহে দাদার মতোই ভাই তথা আইপিএলের প্রতিপক্ষ কিষাণকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বোঝাতে কোনও কার্পণ্য করলেন না আরসিবি তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। আইপিএল শেষ হলেই শুরু হবে টি২০ বিশ্বকাপ। প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাবে না ভারতীয় দল। তা বুঝেই লাগাতার ব্যর্থতায় ভেঙে পড়া ইশান কিষাণকে নিজের মতো করে পরামর্শ দিলেন বিরাট কোহলি। কাঁধে হাত দিয়ে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে এক জুনিয়ারকে ভারত অধিনায়ক বোঝালেন যে তাঁর কী করা উচিত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইশানের পাশে রোহিত
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এই বিপর্যয়ের জন্য একা ইশান কিষাণের দিকে বন্দুক তাক করতে রাজি নন পরাজিত দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর কথায়, অতীতে দলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন ইশান। ফলে তরুণ ক্রিকেটারের দুঃসময়ে দল তাঁর পাশে আছে বলেও আশ্বাস দিয়েছেন মুম্বইয়ের অধিনায়ক। উল্লেখ্য গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৫১৬ রান করেছিলেন ইশান কিষাণ। চারটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। এমন ধামাকাদার পারফরম্যান্সের পরেই ভারতীয় নির্বাচকদের নজরে পড়ে গিয়েছিলেন রাঁচির ক্রিকেটার। জাতীয় দলের হয়েও ইশানকে ভাল পারফরম্যান্স করতে দেখা যায়।

ইশান কিষাণের আন্তর্জাতিক কেরিয়ার
২৩ বছরের ইশান কিষাণ ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২টি ওয়ান ডে ও তিনটি টি২০ ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ৬০ ও ৮০ রান এসেছে। দুই ফর্ম্যাটেই একটি করে অর্ধশতরান হাঁকিয়েছেন ইশান কিষাণ। তাঁর সর্বোচ্চ স্কোর ৫৯ এসেছে ওয়ান ডে ফর্ম্যাটে। সেই তাঁকেই দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ভারতের টি২০ বিশ্বকাপের দলে অন্তর্ভূক্ত করা নিয়ে কিছু মানুষ উষ্মা প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications