IPL 2021 : সূর্যকুমারকে নিয়ে আক্ষেপ যাচ্ছে না গম্ভীরের, প্রাক্তন কেকেআর অধিনায়কের খেদ কোথায়?
আইপিএল ২০২১ : কেন সূর্যকুমার যাদবকে ছেড়েছিল কেকেআর তা এখনও বুঝে উঠতে পারছেন না গৌতম গম্ভীর।
মুম্বই ইন্ডিয়ান্সকে পঞ্চমবারের জন্য আইপিএল খেতাব জেতাতে বড় ভূমিকা নেওয়া সূর্যকুমার যাদব নির্ভরতার অন্য সংজ্ঞায় পরিণত হয়েছেন। কলকাতা নাইট রাইডার্স থেকে রোহিত শর্মার দলে আগমন তাঁর কেরিয়ারে শাপে বর হয়ে দেখা দিয়েছে। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্সের দৌলতে ভারতীয় দলে ডাক পেয়েছেন মুম্বইকর। আসন্ন টি২০ বিশ্বকাপে তিনি জাতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছেন। সূর্যের এমন উদয়ে অভিভূত হয়েছেন গৌতম গম্ভীর। সেই সঙ্গে তাঁর কথা থেকে আক্ষেপও ঝরে পড়েছে। কারণটা জেনে নিন।

কেকেআরের জার্সিতে সূর্যকুমার যাদব
আইপিএলে চার বছর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন সূর্যকুমার যাদব। দলের প্রথম একাদশে নিয়মিত সুযোগ তাঁর জোটেনি। যখনই খেলেছেন ভালো পারফরম্যান্স দিয়েছেন। তা সত্ত্বেও শাহরুখ খানের নাইট শিবিরের থেকে অবহেলাই বেশি সূর্যের। মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাওয়া কেবল নয়, ব্যাটিং অর্ডারের তিন নম্বর স্থানে তাঁবু খাটিয়ে ফেলেছেন মুম্বইকর। ভারতীয় দলের প্রথম একাদশে তিনি যে কয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, তিন নম্বরেই ব্যাট করার সুযোগ পেয়েছেন। সূর্যের এমন উদয় বিশ্ব ক্রিকেটকে আপ্লুত করেছে। আক্ষেপ প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর।

কেন হতাশ গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যদি মুম্বইকরকে সব ম্যাচে খেলাতে পারেননি গাউতি। এর আক্ষেপ যে তাঁর এখনও রয়েছে, তা জানাতে ভোলেননি কেকেআরের সফলতম নেতা। বলেছেন, দলে মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠানের মতো ব্যাটসম্যানরা থাকায় অধিকাংশ ক্ষেত্রেই সূর্যকে ডাগ আউটে বসে মরসুম কাটাতে হয়েছে। এমন অসাধারণ ব্যাটসম্যানকে তাঁর আরও সুযোগ দেওয়া উচিত বলে স্বীকার করেছেন গাউতি। একই সঙ্গে সূর্যকুমার যাদবকে কেন কেকেআর ছে়ড়ে দিল, তাও বুঝে উঠতে পারছেন না প্রাক্তন অধিনায়ক। এই সিদ্ধান্তকে ভুল বলেই আখ্যা দিয়েছেন গৌতম গম্ভীর।

সূর্যকুমার যাদবের আইপিএল কেরিয়ার
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১৮১ রান করেছেন সূর্যকুমার যাদব। একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আইপিএলের সবকটি সংস্করণ মিলিয়ে এখনও পর্যন্ত ১১০টি ম্যাচ খেলে ২২০৫ রান করেছেন সূর্য। ১২টি অর্ধশতরান হাঁকিয়েছেন। ২০১৮, ২০১৯ এবং ২০২০ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে যথাক্রমে ৫১২, ৪২৪ ও ৪৮০ রান করেছে সূর্যকুমার। যা তাঁর গায়ে মিস্টার ডিপেন্টেবলের তকমা সেঁটে দিয়েছে। সেই সুবাদে তিনি ভারতীয় দলেও খেলার সুযোগ পেয়েছেন।

টিম ইন্ডিয়ার জার্সিতে সূর্য
ভারতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত তিনটি ওয়ান ডে ও চারটি টি২০ ম্যাচ খেলেছন সূর্যকুমার যাদব। দুই ফর্ম্যাটে যথাক্রমে ১২৪ ও ১৩৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে। আন্তর্জাতিক আঙিনায় তিনটি অর্ধশতরান এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৫৭।












Click it and Unblock the Notifications