বিদেশি সমস্যায় রাজস্থান রয়্যালস, আইপিএল শুরুর আগে ফের ধাক্কা বাটলারের সিদ্ধান্তে
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেই শুরু আইপিএলের বাকি ম্যাচগুলি। খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু তার আগে ফের ধাক্কা খেল বিদেশিদের নিয়ে সমস্যায় জর্জরিত রাজস্থান রয়্যালস।

বিদেশি সমস্যায় রাজস্থান
চোট ও করোনা পরিস্থিতির জন্য একের পর এক বিদেশিকে এবারের আইপিএলে পায়নি রাজস্থান রয়্যালস। যে চারজন নিয়মিত খেলছিলেন তাঁদের মধ্যে আরও একজন আইপিএলের বাকি ম্যাচগুলি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তাও আবার দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান তথা ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার।

ফর্মে বাটলার
আইপিএলে শেষ ম্যাচে দিল্লিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২৪ রান করেছিলেন জস বাটলার। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি করেন ৪৯। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪১। এবারের আইপিএলে ৭টি ম্যাচে বাটলারের সংগ্রহে ২৫৪ রান। গড় ৩৬.২৮। স্ট্রাইক রেট ১৫৩.০১।

বড় ধাক্কা
আইপিএল যখন চলবে তখন বিভিন্ন দেশের আন্তর্জাতিক সিরিজ রয়েছে। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ ও পাকিস্তান সফরে। আগেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস জানিয়ে দিয়েছিলেন, দেশের হয়ে খেলাকেই প্রাধান্য দিতে হবে। জাইলসের সিদ্ধান্ত তিনি যে মানবেন তা জানিয়ে দিয়েছেন বাটলার। জোফ্রা আর্চার, বেন স্টোকসরাও সম্ভবত ইংল্যান্ডের হয়েই খেলবেন, আইপিএলে অংশ নেবেন না। ফলে স্বাভাবিকভাবেই তা ধাক্কা হতে চলেছে সঞ্জু স্যামসনের দলের পক্ষে।

বাটলারের লক্ষ্য
জস বাটলার ভারতে প্রথম টেস্ট খেলে দেশে ফিরেছিলেন রোটেশন নীতি মেনে। আইপিএল খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলেননি। জাতীয় দলে কামব্যাক করবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতেই টি ২০ সিরিজে। বুধবার প্রথম ম্যাচ কার্ডিফে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের সব কটি ম্যাচই খেলতে চান বাটলার। ইংল্যান্ড প্রায় বছর দুয়েক ধরে যে রোটেশন পদ্ধতি চালাচ্ছে তাও ক্রিকেটারদের তরতাজা রাখতে খুব উপযোগী বলে জানিয়েছেন বাটলার। তবে আপাতত টানা ক্রিকেট চালিয়ে যেতে তাঁর যে অসুবিধা হবে না তা স্পষ্ট করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
ছবি- বিসিসিআই/আইপিএল












Click it and Unblock the Notifications