আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, দুই দলের শক্তি, দুর্বলতা ও ম্যাচের প্রেক্ষাপট-স্থান-সময়
আইপিএল ২০২০ : আরসিবি বনাম দিল্লি, দুই দলের শক্তি, দুর্বলতা ও ম্যাচের প্রেক্ষাপট-স্থান-সময়
আর কিছু সময়ের মধ্যেই শুরু হচ্ছে আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ। তারুণ্যে ভরপুর দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে অভিজ্ঞ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের শক্তি, দুর্বলতা এবং ম্যাচের প্রেক্ষাপট জেনে নেওয়া যাক। কোথায় এবং কখন শুরু ম্যাচ, তাও জেনে নেওয়া যাক।

আরসিবি-র শক্তি ও দুর্বলতা
শক্তি : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রধান শক্তি তাদের অধিনায়ক বিরাট কোহলি। গত ম্যাচে ফর্মে ফিরে দুর্দান্ত অর্ধশতরান করেছেন ভিকে। প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সাড়ে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ভারত অধিনায়ক। পাশাপাশি এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল আরসিবি-র ব্যাটিং বিভাগের অন্যতম স্তম্ভ। বোলিং বিভাগে আরসিবি-কে প্রতি ম্যাচে ভরসা জুগিয়ে চলেছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল ও পেসার নভদীপ সাইনি।
দুর্বলতা : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাড়িক্কলকে বাদ দিলে আরসিবি-র ব্যাটিং বিভাগ ততটা পোক্ত নয়। একই সঙ্গে ধারাবাহিকতার অভাবও ভোগাতে পারে বিরাট শিবিরকে।

দিল্লি ক্যাপিটালসের শক্তি ও দুর্বলতা
শক্তি : কেকেআরের বিরুদ্ধে তুখর ব্যাটিং করে ম্যাচ জিতেছিল দিল্লি ক্যাপিটালস। অধিনায়ক শ্রেয়স আইয়ার, পৃথ্বী শ, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার দলের ব্যাটিং বিভাগের প্রধান শক্তি। বোলিং বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাডা। দলে রয়েছেন অভিজ্ঞ অমিত মিশ্র ও রবিচন্দ্রণ অশ্বিন।
দুর্বলতা : তারুণ্যে ভরপুর দিল্লি ক্যাপিটালসকে ভোগাতে পারে অভিজ্ঞতার অভাব। একই সঙ্গে চোট-আঘাতও চিন্তা বাড়ছে শ্রেয়স আইয়ারদের।

গত ম্যাচে জয়ী দুই দল
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআর-কে হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাই আজ দুই দলই বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

লিগ তালিকায় অবস্থান
৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে এক ধাপ নিচে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

কোথায় ও কখন ম্যাচ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।

কোথায় দেখা যাবে খেলা
বেঙ্গালুরু বনাম দিল্লির এই ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার নেটওয়ার্কে। ডিজনি-হটস্টারে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ক্রিকেট প্রেমীরা।












Click it and Unblock the Notifications