দিল্লি শিবিরে ফের ধাক্কা, শ্রেয়স আইয়ারের চোট কতটা গুরুতর কী বললেন শিখর ধাওয়ান
ইতিমধ্যেই চোটের কারণে দিল্লির দুই ক্রিকেটার অমিত মিশ্র ও ইশান্ত শর্মা ছিটকে গিয়েছেন। ঋষভ পন্থ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ১ সপ্তাহের জন্যে মাঠের বাইরে। এবার কাঁধে গুরুতর চোট পেলেন দলের অধিনায়ক শ্রেয়স
আইপিএল ২০২০তে প্রথম দল হিসেবে ১২ পয়েন্টের গণ্ডি ছুঁলেও চোট চিন্তায় জেরবার দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই চোটের কারণে দিল্লির দুই ক্রিকেটার অমিত মিশ্র ও ইশান্ত শর্মা ছিটকে গিয়েছেন। ঋষভ পন্থ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ১ সপ্তাহের জন্যে মাঠের বাইরে। এবার কাঁধে গুরুতর চোট পেলেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

রাজস্থানের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়েন শ্রেয়স
দুবাইয়ে রাজস্থান ম্যাচ ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে রান বাঁচাতে গিয়ে শ্রেয়স কাঁধে চোট পান। ফিজিওকে মাঠে ডেকেও পরিস্থিতি ঠিক না হওয়ায় কাঁধে হাত রেখে দিল্লি অধিনায়ক এরপর মাঠ ছাড়েন। শ্রেয়সের পরিবর্তে শিখর ধাওয়ান বাকি ম্যাচে নেতৃত্ব দেন।

শ্রেয়সের চোট নিয়ে কী বললেন ধাওয়ান
শ্রেয়সের চোট নিয়ে পরে ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিখর ধাওয়ান বলেছেন, 'শ্রেয়সের কাঁধে ভালোই চোট লেগেছে। কিন্তু স্বস্তির খবরে ও এখনও কাঁধ ঘোরাতে পারছে। তবে স্ক্যানের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়।'

পন্থ ছিটকে যাওয়ায় রানের গতি কমেছে, শ্রেয়স নিয়ে তাই বাড়তি দুঃশ্চিন্তা
প্রসঙ্গত ঋষভ পন্থ ছিটকে যাওয়ার পর দলের রানের গতি কমেছে। পন্থ দ্রুত রান বানাতে পারেন। তাঁর চোট পাওয়ার পর বুধবার দিল্লি রাজস্থানের বিরুদ্ধে বড় রানে ম্যাচ ফিনিশ করে আসতে পারেনি। স্লগ ওভারে দ্রুত রান না ওঠার কারণে দল ১৬১ রানে ইনিংস শেষ করে। পন্থের পর এবার দলের প্রধান রান মেশিন ও অধিনায়ক শ্রেয়সের কাঁধে চোট নিয়ে দুঃশ্চিন্তা বাড়ল।

রাজস্থানের বিরুদ্ধে কত রানে জয়
শ্রেয়সকে নিয়ে চিন্তার মাঝেই রাজস্থানের বিরুদ্ধে নর্কিয়া ও রাবাদা জুটির ডেথ ওভার বোলিংয়ে ভর করে দিল্লি ১৩ রানে ম্যাচ জিতে ৮ ম্যাচ খেলে ৬টি জয় ছিনিয়ে নিল। ফলে ১২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে দিল্লি ক্যাপিটালস। শনিবার শারজায় দিল্লি চেন্নাইয়ের মুখোমুখি হবে।












Click it and Unblock the Notifications