Indian Team: রোহিত ও বিরাট আফগানিস্তান সিরিজে খেলবেন? টি২০ বিশ্বকাপের জন্য ভারতের মাস্টারপ্ল্যান তৈরি
Indian Team: দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেই দেশের মাটিতে টি২০ সিরিজ খেলবে ভারত। যদিও সেই সিরিজের দল ঘোষণা এখনও করে উঠতে পারেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী।
কেপ টাউনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শিবসুন্দর দাস ও সলিল আঙ্কোলা। এই নির্বাচকদের সঙ্গে যোগ দেওয়ার কথা আগরকরের। এরপর তাঁরা বৈঠক করবেন রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে।

সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, আফগানিস্তান সিরিজের দল ঘোষণার আগেই রোহিত, বিরাটের সঙ্গে আলোচনা সারবেন ভারতীয় নির্বাচকরা। রোহিত ও বিরাট দুজনেই ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর দেশের হয়ে টি২০ খেলেননি। তবে তাঁরা টি২০ বিশ্বকাপে খেলতে চাইছেন বলেই খবর।
কেপ টাউন টেস্টের মধ্যেই এই দুই তারকার পাশাপাশি ভারতীয় নির্বাচকরা ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলবেন। ফলে আফগানিস্তান সিরিজে রোহিত ও বিরাট খেলেন কিনা সেদিকে তাকিয়ে সকলেই। কেন না, টি২০ বিশ্বকাপের আগে আফগানদের বিরুদ্ধেই তিনটি টি২০ আন্তর্জাতিক রয়েছে ভারতের। যা মোহালিতে শুরু ১১ জানুয়ারি থেকে।
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের জন্য ৩০ জন ক্রিকেটারের পুল তৈরি রাখার পরিকল্পনাও রয়েছে ভারতীয় নির্বাচকদের। আইপিএলের সময়কার ফর্ম ও ফিটনেসের উপর অনেক কিছুই নির্ভর করবে। হার্দিক পাণ্ডিয়া ও সূর্যকুমার যাদবও আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না ফিটনেসজনিত কারণে। ফলে এই সিরিজের দল দেখে বিশ্বকাপের দল সম্পর্কে আঁচ করা যাবে না।
বিসিসিআই শীর্ষকর্তারা আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজিকে বলতে পারবে না বিশ্বকাপের দলের সম্ভাব্য ক্রিকেটারকে বুঝেশুমনে খেলানোর ব্যাপারে। অর্থাৎ কাউকে বিশ্বকাপে নেওয়া হবে এমনটা আগেভাগে চিহ্নিত করে তাঁকে সব ম্যাচে না খেলানোর কথা বলার পরিস্থিতি নেই। যদি না চোট-আঘাতজনিত সমস্যা থাকে।
এই পরিস্থিতিতে ২৫ থেকে ৩০ ক্রিকেটারকে নিয়মিত মনিটর করার পরিকল্পনা চালানো হবে। কোনও চোট-আঘাতের কারণে কেউ ছিটকে গেলে যাতে অসুবিধা না হয় সে কারণে প্রতিটি পজিশনের জন্য দুজনকে তৈরি রাখার পরিকল্পনা থাকছে। যদিও একমাত্র হার্দিক পাণ্ডিয়ারই উপযুক্ত বিকল্প পাওয়া মুশকিল হবে।
তবে রোহিত ও বিরাট যদি টি২০ বিশ্বকাপ খেলেন এবং আফগানিস্তান সিরিজেই তাঁদের টি২০ আন্তর্জাতিক কামব্যাক হয়, সেক্ষেত্রে তাঁদের টানা খেলতে হবে। কেন না, এই দুই তারকা ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টেও খেলবেন। তারপর আইপিএল রয়েছে। আইপিএলে এই দুই তারকাকে বাদ দিয়ে নামতে দ্বিধায় থাকবে ফ্র্যাঞ্চাইজিরা। তবে আফগানিস্তান সিরিজে না খেললেও তাঁদের টি২০ বিশ্বকাপ খেলার পথ খোলা থাকবেই। সেক্ষেত্রে বড় হাতিয়ার হবে আইপিএলের ফর্ম।












Click it and Unblock the Notifications