ভারতের অনূর্ধ্ব ১৯ অধিনায়ক যশ ধুল-সহ ৫ ক্রিকেটার এখনও করোনা আক্রান্ত! কীভাবে ছড়াল সংক্রমণ?
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ড ম্যাচের আগে ভারতের অধিনায়ক যশ ধুল-সহ ছয় ক্রিকেটারের করোনা ধরা পড়ে। তারপরও ভারতের অনূর্ধ্ব ১৯ দল আইরিশদের ১৭৪ রানে হারিয়ে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। কাল টারৌবায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ উগান্ডা। ছয়ের মধ্যে একজনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে যশ-সহ পাঁচজন এখনও করোনা আক্রান্ত বলেই আইসিসি সূত্রে খবর।

জানা গিয়েছে, যশ ধুলের পাশাপাশি আরাধ্য যাদব, শাইক রশিদ, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদবের করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাঁরা আইসোলেশনেই রয়েছেন। উগান্ডা ম্যাচের আগে ক্রিকেটারদের যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে তাতে দেখা গিয়েছে এই পাঁচজনের রিপোর্ট এখনও পজিটিভ। একমাত্র বাসু বৎসের রিপোর্ট নেগেটিভ এসেছে।

গত বুধবার ধুল, আরাধ্য ও রশিদের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মানব পারেখ ও বাসুর করোনা উপসর্গ থাকলেও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। সিদ্ধার্থ যাদবের আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। আয়ারল্যান্ড ম্যাচে ভারতের যে ক্রিকেটাররা খেলেছিলেন তাঁদের সকলেরই করোনা পরীক্ষার নেগেটিভ এসেছে। ১৭ জনের দলে ৬ জনই আয়ারল্যান্ড ম্যাচে আইসোলেশনে ছিলেন। ফলে সংক্রমণ আরও ছড়ালে ভারত দল নামানোর পরিস্থিতিতেই থাকতো না।

সূত্র মারফত জানা গিয়েছে, যশ ধুলের মধ্যেই করোনার উপসর্গ সবচেয়ে বেশি ছিল। ভারত এখনও গ্রুপ বি-র শীর্ষে রয়েছে। উগান্ডা ম্যাচ জিতলে বা ভারত গ্রুপশীর্ষেই থাকলে কোয়ার্টার ফাইনালের খেলাটি পড়বে ২৯ জানুয়ারি। তার আগে প্রত্যেকেই সুস্থ হয়ে যাবেন বলে আশাপ্রকাশ করা হচ্ছে। টুর্নামেন্টের বিধি অনুযায়ী, করোনা আক্রান্ত সকলকেই অন্তত পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে। সেই সময়কালে তিনটি করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেই তাঁরা দলের সঙ্গে যোগ দিতে পারবেন।
Tremendous show of character and maturity from the U-19 team. With just 11 players available for today's game, to go out and express themselves the way they did was phenomenal. Can't say how proud I am of them! The Ireland match is one they will cherish for life👌 #U19CWC pic.twitter.com/zCmuM8cQWg
— VVS Laxman (@VVSLaxman281) January 20, 2022
প্রশ্ন উঠছে, কীভাবে জৈব সুরক্ষা বলয়ে করোনা সংক্রমণ ছড়াল? ভারতীয় দল সংযুক্ত আরব আমিরশাহীতে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলে আমস্টারডাম হয়ে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে। গায়ানায় পৌঁছানোর পর একজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়ে, বিমানযাত্রা থেকেই তিনি করোনার কবলে পড়েন বলে মনে করা হচ্ছে। তিনি এখন সুস্থ, কিন্তু তাঁর মাধ্যমেই ক্রিকেটারদের মধ্যে সংক্রমণ ছড়ানোর বিষয়টি উড়িয়ে দেওয়া হচ্ছে না। এশিয়া কাপে জৈব সুরক্ষা বলয়েও সংক্রমণ ছড়়িয়েছিল। দুই আম্পায়ার করোনা আক্রান্ত হওয়ায় শ্রীলঙ্কা ও বাংলাদেশ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছিল। গায়ানায় পৌঁছে ভারতীয় দলকেও পাঁচদিনের কঠোর নিভৃতবাসে থাকতে হয়েছে। তিনটি আরটি-পিসিআর পরীক্ষাও হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পর রিপোর্ট আসায় তৃতীয় পরীক্ষার রিপোর্টটি এসেছিল সাত দিন পর।
(ছবি- বিসিসিআই টুইটার)












Click it and Unblock the Notifications