India vs Bangladesh: টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত রোহিতের, দুই দলের প্রথম একাদশে কারা?
বৃষ্টির জন্য কানপুরে নির্ধারিত সময়ে খেলা শুরু হল না। আউটফিল্ড ভিজে থাকায় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর হল টস। সকাল ১০টার সময় টস করতে আসেন রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
৬০ বছরের ইতিহাসে ভারতই প্রথম দল যারা কানপুরে টসে জিতে টেস্ট ম্যাচে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখে কানপুরে খেলতে নামল ভারত। তবে বাংলাদেশ দলে পরিবর্তন হল। শান্ত টসের সময় জানিয়ে দিলেন বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হচ্ছে।

টস জিতে রোহিত শর্মা বলেন, 'উইকেটে বাড়তি কিছুটা আর্দ্রতা আছে। আমাদের পেসাররা যাতে বাড়তি কিছুটা সুবিধা পান তার জন্যই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি। আমরা আমাদের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনছি না। চেন্নাই টেস্ট অনেক ইতিবাচক ছিল আমাদের জন্য। সেটাই ধরে রাখাই আমাদের লক্ষ্য হবে এই ম্যাচেও। তবে চিরাচরিত কানপুরের উইকেট এটা নয়।'
ম্যাচের সময় পিছিয়ে যাওয়ায় প্রতিটি সেশনের সময়সীমাও বদল করা হয়েছে। প্রথম সেশন হবে সকাল ১০.৩০ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত। লাঞ্চের বিরতি থাকবে ১২.৩০ থেকে ১.১০মিনিট পর্যন্ত। এরপর দ্বিতীয় সেশন হবে ১.১০ থেকে ৩.১০ মিনিট পর্যন্ত। ২০ মিনিট চা পানের বিরতির পর শেষ সেশন হবে ৩.৩০ মিনিট থেকে ৫.৩০ মিনিট পর্যন্ত।কিন্ত কানপুরে আবহাওয়ার যা পরিস্থিতি তাতে শেষ সেশন ৫.৩০ মিনিট পর্যন্ত কতটা হবে সেটা নিয়ে প্রশ্ন থাকছে।
বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটি টেস্টেও জিততে পারেনি। ভারত বাংলাদেশের মধ্যে মোট ১৪টি ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারত ১২ ম্যাচেই জয় পেয়েছে। দুটি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ কোনও ম্যাচে জিততে পারেনি।
২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত শীর্ষস্থানে আছে ভারতই। ১০টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মেন ইন ব্লু হেরেছে দুটি ম্যাচে।ড্র হয়েছে একটি ম্যাচ। চিপকে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে ভারত সংগ্রহ করেছে আরও ১২ পয়েন্ট। ফলে সবমিলিয়ে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৮৬, ৭১.৬৭
আগামী সাড়ে তিন মাসে আরও ৯টি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে।
ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।
বাংলাদেশের একাদশ- শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), শাকিব আল হাসান, মেহিদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ












Click it and Unblock the Notifications