টি ২০ বিশ্বকাপে ফের ভারত অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে, মেলবোর্নে মহারণ কবে?
চলতি বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করা হলো আজ। গত বিশ্বকাপের মতো এবারও পাকিস্তান ম্যাচ দিয়েই টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। মেলবোর্নে ম্যাচটি হবে ২৩ অক্টোবর। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচের প্রতিপক্ষ রানার-আপ নিউজিল্যান্ড।
|
কোন গ্রুপে কারা?
সুপার টুয়েলভে গ্রুপ এ-তে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, প্রথম রাউন্ডে গ্রুপ এ-র ১ নম্বর দল এবং গ্রুপ বি-র ২ নম্বর দল। সুপার টুয়েলভের গ্রুপ বি-তে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, প্রথম রাউন্ডে গ্রুপ বি-র ১ নম্বর দল ও গ্রুপ এ-র ২ নম্বর দল। প্রথম রাউন্ড খেলবে মোট আটটি দল। গ্রুপ এ-তে শ্রীলঙ্কা ও নামিবিয়ার সঙ্গে থাকবে দুই কোয়ালিফায়ার দল। গ্রুপ বি-তে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের সঙ্গে থাকবে দুই কোয়ালিফায়ার দল।
|
কোথায় কবে খেলা?
টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শুরু হবে অক্টোবরের ১৬ তারিখ থেকে। জিলংয়ে শ্রীলঙ্কা খেলবে নামিবিয়ার বিরুদ্ধে। ২২ অক্টোবর থেকে সিডনিতে শুরু সুপার টুয়েলভের যুদ্ধ। তার পরের দিনই মেলবোর্নের এমসিজিতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সেমিফাইনাল দুটি হবে সিডনি (৯ নভেম্বর) ও অ্যাডিলেডে (১০ নভেম্বর)। মেলবোর্নে ফাইনাল হবে ১৩ নভেম্বর। টি ২০ বিশ্বকাপের খেলাগুলি হবে অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পারথ ও সিডনিতে।

ভারতের ম্যাচগুলি
ভারত রবিবার ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে। এই খেলাটি শুরু ভারতীয় সময় বেলা দেড়টায়। রোহিত-বিরাট-রাহুলদের পরের ম্যাচ সিডনিতে বৃহস্পতিবার ২৭ অক্টোবর প্রথম রাউন্ডে গ্রুপ এ-র রানার-আপ দলের বিরুদ্ধে। খেলা শুরু ভারতীয় সময় বেলা সাড়ে ১২টায়। অক্টোবরের ৩০ তারিখ রবিবার পারথে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এই খেলাটি শুরু হবে ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টেয়। নভেম্বরের ২ তারিখ বুধবার ভারত অ্যাডিলেডে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। রবিবার ৬ নভেম্বর সুপার টুয়েলভের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রথম রাউন্ডে গ্রুপ বি-র শীর্ষে থাকা দল। এই খেলা দুটি শুরু ভারতীয় সময় বেলা দেড়টায়।

খেতাব নিয়ে আত্মবিশ্বাসী
দেশের মাটিতে খেতাব দখলে রাখার বিষয়ে প্রত্যয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বলেন, বিশ্বকাপ শুরুর এত আগে ক্রীড়াসূচি প্রকাশিত হওয়ায় প্রস্তুতি ও পরিকল্পনার পর্যাপ্ত সময় পাওয়া গেল। তবে ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কাকে যেখানে প্রথম রাউন্ড খেলতে হচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে গ্রুপে কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে।












Click it and Unblock the Notifications