India vs WI 3rd T20I: ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে থামাল ভারত, কুলদীপের তিন উইকেট
India vs West Indies 3rd T20I: টি ২০ সিরিজ জিইয়ে রাখতে ভারতকে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তুলতে হবে ১৬০ রান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। কুলদীপ যাদব নিয়েছেন তিন উইকেট।

৩০ গজ বৃত্তের দাগ মাঠকর্মীরা সঠিক সময়ে না করায় খেলা শুরু হতে মিনিট চারেক দেরি হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৩৮ রান তুলেছিল। শেষ পাঁচ ওভারে ১ উইকেটের বিনিময়ে তোলে ৫৩ রান। সপ্তম ওভারে ৫০, ১৩.৪ ওভারে ১০০ ও ১৯.৪ ওভারে দেড়শো রানের মাইলফলক ছোঁয় ওয়েস্ট ইন্ডিজ।
ওপেনার ব্র্যান্ডন কিং ৪২ বলে ৪২ রান করেন। কাইল মেয়ার্স ২০ বলে ২৫ রান করে আউট হন। ১৫তম ওভারের প্রথম বলে নিকোলাস পুরাণ (১২ বলে ২০) ও পঞ্চম বলে কিংয়ের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৪ উইকেটে ১০৬। সেখান থেকে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে গেলেন অধিনায়ক রভম্যান পাওয়েল। ১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯ বলে ৪০ করে অপরাজিত রইলেন।

জনসন চার্লস করেন ১৪ বলে ১২ রান। শিমরন হেটমায়ার করেন ৮ বলে ৯, তাঁর উইকেটটি পেয়েছেন মুকেশ কুমার। রোমারিও শেফার্ড ৫ বলে ২ রান করে অপরাজিত থাকেন। টি ২০ আন্তর্জাতিকে টার্গেট বড় না হলেও মন্থর উইকেটে এই টার্গেট নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। ওয়েস্ট ইন্ডিজ চাইবে টানা তিনটি ম্যাচ জিতে আজই সিরিজ পকেটে পুরতে। ভারতের লক্ষ্য় ১-২ করা।
কুলদীপ যাদব ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে নিলেন ৩ উইকেট। মুকেশ কুমার ১ উইকেট পেলেও ২ ওভারে ১৯ রান দেন। ৪ ওভারে ২৪ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ১৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। অর্শদীপ সিং তিন ওভারে ও যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ৩৩ রান দিয়ে খালি হাতে ফিরলেন।












Click it and Unblock the Notifications