সৌরভ তাকিয়ে মোতেরার দিকে, ভারতের প্রথম একাদশ নিয়ে পরামর্শ সানির
সৌরভ তাকিয়ে মোতেরার দিকে, ভারতের প্রথম একাদশ নিয়ে পরামর্শ সানির
অস্ট্রেলিয়ার পর এবার দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দুরন্ত কামব্যাক ভারতের। আমেদাবাদে তৃতীয় টেস্ট ২৪ ফেব্রুয়ারি থেকে। তার আগে চার টেস্টের সিরিজ এখন ১-১। দেশের মাটিতে এই নিয়ে দ্বিতীয়বার দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় দল। এর আগে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় এলেও আমেদাবাদের মোতেরায় ভারতীয়দের তুলনায় শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। মোতেরা টেস্ট ঘিরে দর্শকদের আগ্রহ দেখে খুশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

টিকিট নিঃশেষিত
চেন্নাইয়ে ভারত সিরিজে সমতা ফেরানোর আগেই আমেদাবাদের মোতেরায় তৃতীয় টেস্টের টিকিট নিঃশেষিত। সিরিজ সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তিনি এখন ভালো আছেন বলেও জানিয়ে সৌরভ বলেন, খুব বড় কিছু না হলেও সকলের মনেই একটা ভীতি তৈরি হয়েছিল। তবে এখন আমি পুরো ফিট, ভালো আছি, কাজও শুরু করেছি। ইতিমধ্যেই নতুনভাবে তৈরি হওয়া আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে গোলাপি বলে দিন-রাতের টেস্ট আয়োজন নিয়ে তাঁর কথা হচ্ছে বোর্ড সচিব জয় শাহের সঙ্গে। ৬-৭ বছর পর আমেদাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত জয় শাহ নিজেও। জয়ের কাছেই সৌরভ জেনেছেন, টিকিট নিঃশেষিত। সৌরভ বলেন, সরকারি বিধি মেনে আমরা ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টেও দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দিতে পারতাম। তবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রথম টেস্ট আয়োজন করে সব কিছু দেখে নিতে চাইছিল। দ্বিতীয় টেস্টে দর্শকদের মাঠে আসা সত্যিই ভালো খবর। তৃতীয় টেস্টে মোতেরায় কোনও দর্শকাসন খালি থাকবে না। সব থেকে বড় কথা করোনা-পর্ব কাটিয়ে ক্রিকেট ফিরছে স্বাভাবিকত্বে।

অস্ট্রেলিয়ায় স্মরণীয় জয়
চিপকে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ে ফেরায় খুশি সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় নিয়ে তিনি এদিন বলেন, অস্ট্রেলিয়ায় জেতা সব সময়েই খুব স্পেশ্যাল। সিরিজে পিছিয়ে পড়েও যেভাবে লড়াই চালিয়ে ভারতীয় দল কামব্যাক করে ব্রিসবেনে সিরিজ জয় নিশ্চিত করেছে, তা সত্যিই স্মরণীয়। ভারতের মাটিতে গোলাপি বলে টেস্ট পূর্ব ভারত থেকে এবার চলেছে পশ্চিম ভারতে। সব সময়ই টেস্টের জনপ্রিয়তা বাড়াতে গোলাপি বলে খেলার পক্ষে সওয়াল করে এসেছেন বিসিসিআই সভাপতি। এবারও তিনি নিশ্চিত, কলকাতার মতোই আমেদাবাদেও নতুন মোতেরায় উপভোগ্য ক্রিকেট অপেক্ষা করে রয়েছে।

সানি এগিয়ে রাখছেন ভারতকেই
অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট হারলেও তা ইংল্যান্ডকে কোনও সুবিধা দেবে না বলেই মনে করেন সুনীল গাভাসকর। তিনি বলেন, ইংল্যান্ড দলে যেমন জোরে বোলার ভালো রয়েছেন, ভারতেরও তেমনই অনেকে রয়েছেন। তাছাড়া দ্বিতীয় টেস্টে ভারত যেভাবে খেলেছে তাতে তাদের আর হারানো সম্ভব নয়। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছেন তার জন্য পিচকে দায়ী করার যুক্তিই নেই। ভুল শট বাছাইয়েই ইংল্যান্ডের এই বিপর্ষয় বলে মত সানির। গাভাসকর মনে করেন, আমার ধারণা নেই মোতেরার নতুন স্টেডিয়ামে উইকেট কেমন হবে। তবে দিন-রাতের গোলাপি বলে টেস্টে তিন পেসার নিয়ে ভারতের নামা উচিত। বুমরাহকে খেলাতেই হবে। সেই সঙ্গে বোলিং করার মতো ফিট থাকলে হার্দিক পাণ্ডিয়াকে খেলানোর পক্ষেও সওয়াল করেছেন সানি। ভারত দুই স্পিনারে নামলে ফের বাইরে চলে যেতে হবে কুলদীপ যাদবকে।












Click it and Unblock the Notifications