চেন্নাই টেস্টে লজ্জাজনক বিরাট পরাজয় ভারতের, সিরিজে এগিয়ে গেল রুটের ইংল্যান্ড

চেন্নাই টেস্টে লজ্জাজনক বিরাট পরাজয় ভারতের, সিরিজে এগিয়ে গেল রুটের ইংল্যান্ড

পূর্ণশক্তি নিয়ে নেমেও বিরাট কোহলির অধিনায়কত্বে ফের ভারতের টেস্ট হার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে হারার পর অজিঙ্কা রাহানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে ফিরেছিল ভারত। কিন্তু চেন্নাই টেস্টের পঞ্চম দিনে চা বিরতির আগেই ব্যাটিং ভরাডুবিতে লজ্জার পরাজয়ের সম্মুখীন হতে হল ভারতকে। ২২৭ রানে চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। ভারতের এই পারফরম্যান্স উদ্বেগ বাড়াল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার টিকিট আদায়ের সম্ভাবনা নিয়েও।

চেন্নাই টেস্টে লজ্জাজনক বিরাট পরাজয় ভারতের, সিরিজে এগিয়ে গেল রুটের ইংল্যান্ড

আগাগোড়া এই টেস্টে আধিপত্য বজায় রেখেছে জো রুটের দল। জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামা ভারতের শেষ দিনে দরকার ছিল ৩৮১ রান। দরকার ছিল আজ প্রথম সেশনটা দাপট দেখানো। কিন্তু কোথায় কী? প্রথম ঘণ্টাতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বিরাট কোহলির দল। মধ্যাহ্নভোজের বিরতির আগে এদিন মোট ৫ উইকেট হারায় ভারত। লাঞ্চে ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ১৪৪। সকালে ১ উইকেটে ৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত।

দলের ৫৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন চেতেশ্বর পূজারা। লিচের বলে ১৫ রান করে বেন স্টোকসের হাতে ধরা পড়েন তিনি। উইকেটের অন্য প্রান্তে তখন অবশ্য সাবলীলভাবেই বিপক্ষ বোলারদের শাসন করছিলেন শুভমান গিল। কেরিয়ারের অষ্টম ইনিংসে তৃতীয় অর্ধশতরান পূর্ণও করেন। যদিও এরপরই জেমস অ্যান্ডারসনের সেই নাটকীয় ওভার, যে ওভারে মাত্র তিন বলের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে প্রচণ্ড চাপে ফেলে দেন ইংল্যান্ডের এই পেসার।

আজ নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে দুরন্ত রিভার্স স্যুইংয়ে গিলের উইকেট ছিটকে দেন অ্যান্ডারসন। ৭টি চার ও ১টি ছক্কা-সহ ৫০ রানে আউট হন শুভমান গিল। স্কোরবোর্ডে আর কোনও রান ওঠার আগেই আউট হন অজিঙ্ক রাহানে। দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যর্থ, ফিরলেন খালি হাতেই। অ্যান্ডারসনের ওই ওভারেই চতুর্থ বলে রাহানের বিরুদ্ধে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেন রুট। অল্পের জন্য বেঁচে যান রাহানে। কিন্তু তার সুবিধা নিতে পারেননি। পরের বলেই রাহানেকে বোল্ড করেন অ্যান্ডারসন। ঋষভ পন্থও তাঁর শিকার, প্রথম ইনিংসে ভারতের হায়েস্ট স্কোরার ১১-র বেশি করতে পারেননি। ওয়াশিংটন সুন্দরও ফেরেন খালি হাতেই, বেসের বলে তিনি শূন্য রানে কট বিহাইন্ড হন। ইংল্যান্ডের পেসাররা দাপট দেখাচ্ছেন। তাঁরা বাউন্সার দিয়ে টার্গেট করেছেন অশ্বিনকেও। একবার আঙুলে, একবার কব্জিতে চোট পান তিনি, একবার বল তাঁর হেলমেটে লাগে।

লাঞ্চের পর লিচের বলে ৯ রান করে কট বিহাইন্ড হন অশ্বিন। শূন্য রানে শাহবাজ নাদিমকে ফেরান লিচ-ই। এরপর ভারতের ম্যাচ বাঁচানোর আশায় জল ঢেলে দেন বেন স্টোকস। ৯টি চারের সাহায্যে ৭২ রানে বিরাট কোহলিকে ক্লিন বোল্ড করে দেন তিনি। এরপর আর্চারের বলে বুমরাহ ৪ রানে কট বিহাইন্ড হতেই ভারতের ইনিংস শেষ হয় ১৯২ রানে। প্রথম ইনিংসে ডম বেসের পর দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠলেন জ্যাক লিচ, নেন চারটি উইকেট। জেমস অ্যান্ডারসন তিনটি উইকেট পেয়েছেন। বেস ও স্টোকস নেন একটি করে উইকেট। ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু ১৩ ফেব্রুয়ারি থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+