হার্দিকের চাপ কমিয়ে জেতাতে বিরাটের অস্ত্র এই ফিনিশার
আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টি ২০ সিরিজ। প্রথম একাদশে কারা সুযোগ পাবেন তা নিয়ে চলছে নানা জল্পনা। তবে একজন ক্রিকেটারের দিকে বিশেষ নজর রাখবেন ভিভিএস লক্ষ্মণ। তিনি হলেন ঋষভ পন্থ। লক্ষ্মণের মতে, ফিনিশারের ভূমিকায় ম্যাচ জেতানোর ক্ষেত্রে তিনি অনেকটাই প্রত্যাশার চাপ কমাতে পারবেন হার্দিক পাণ্ডিয়ার উপর থেকে।

নজরে পন্থ
সীমিত ওভারের ক্রিকেটে দেশের হয়ে গত বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি ২০ খেলেছেন ঋষভ পন্থ। সম্প্রতি দারুণ ছন্দে থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দলে তাঁকে রাখা হয়েছে। তবে আইপিএল ও ইংল্যান্ড সফর-সহ টানা ক্রিকেটের কথা ভেবে একদিনের সিরিজে তাঁকে আবার বিশ্রামও দেওয়া হতে পারে জল্পনা চলছে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে পন্থ কেমন খেলেন সেদিকে সকলের মতো নজর রাখছেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর মতে, সীমিত ওভারের ক্রিকেটেও পন্থ একজন ভালো ম্যাচ উইনার হতে পারেন। অস্ট্রেলিয়া সফরে সুযোগ দেওয়া না হলেও পন্থকে দেশের মাটিতে টি ২০ সিরিজে সুযোগ দিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন নির্বাচকরা। গত এক-দেড় বছরে ভারতকে অনেকটাই নির্ভর করতে হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার উপর। সাতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজাও। তবে হার্দিক এমন একজন ব্যাটসম্যান, যিনি প্রথম বল থেকেই বড় শট খেলতে পারেন। তাঁর সঙ্গে পন্থ থাকলে ফিনিশারের ভূমিকায় তিনি হার্দিকের উপর থেকে চাপ কাটাতে পারবেন।

পন্থের প্রশংসা
ভারতীয় দল মোতেরায় সন্ধ্যাবেলায় অনুশীলন শুরু করে দিয়েছে। ভিভিএস লক্ষ্মণ বলেন, পন্থ যে ফর্মে আছেন এবং ক্রমে অভিজ্ঞতা বাড়ছে তাতে তিনি নিশ্চিতভাবেই একজন ম্যাচ উইনার। দিল্লি ক্যাপিটালসের হয়েও চাপের মুখে তাঁকে ব্যাট হাতে জেতাতে দেখেছি। পন্থ ছন্দে থাকলে তিনি যেহেতু বাঁহাতিও, ফলে বিপক্ষ অধিনায়ককে সমস্যায় ফেলতে পারবেন অনায়াসেই। তাঁকে দলে নিয়ে সঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে যেহেতু এই সিরিজ থেকেই টি ২০ বিশ্বকাপের দল গঠনের বিষয়টিও মাথায় রাখা হতে পারে ফলে আমার পরামর্শ, এক বা দুটি ইনিংসের উপর নির্ভর করে পন্থকে যাচাই করা সঠিক হবে না। তাঁর উপর দল যে আস্থা রাখছে সেটা সম্পর্কে নিশ্চিত হলে পন্থ খোলা মনে খেলতে পারবেন।

রাহুল সম্ভবত চারে
ঋষভ পন্থ দলে আসায় উইকেটের পিছনে আর দাঁড়াতে হবে না লোকেশ রাহুল। ওপেনিংয়ে নামবেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। অধিনায়ক বিরাট কোহলি তিনে। ফলে চার নম্বর জায়গা দখলের লড়াইয়ে এগিয়ে লোকেশ রাহুলই। শ্রেয়স আয়ার বা সূর্যকুমার যাদবের চেয়ে ব্যাটিং দক্ষতায় তিনিই এগিয়ে। পাঁচে হার্দিক, ছয়ে পন্থ।

লড়াই বোলারদের মধ্যেও
মোতেরার স্পিন সহায়ক পিচে ভারত তিন স্পিনারেই নামতে পারে। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরের সঙ্গী হিসেবে দলে ঢুকবেন যুজবেন্দ্র চাহাল। মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা এই সিরিজে বিশ্রামে। ফলে দুই পেসারের মধ্যেও কঠিন লড়াইয়ে। ডেথ ওভারের বোলিং অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারকে প্রথম একাদশে সুযোগের দৌড়ে এগিয়ে রাখছে শার্দুল ঠাকুর ও দীপক চাহারের চেয়ে। নভদীপ সাইনিও দলে আছেন। তবে ইয়র্কার-সহ বোলিং বৈচিত্র্যের কারণে তাঁর চেয়ে এগিয়ে থাকবেন টি নটরাজন। ঈষাণ কিষান, রাহুল তেওয়াটিয়াদের প্রথম একাদশে সুযোগ আসতে পারে কেউ চোট পেলে কিংবা সিরিজ জয় নিশ্চিত করে দল পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটলে।












Click it and Unblock the Notifications