সিরিজে সমতা ফিরিয়েও শাস্তি এড়াতে পারল না ভারত
আমেদাবাদের মোতেরায় আগামীকাল ভারত-ইংল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। গতকাল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১। এরই মধ্যে অস্বস্তি ভারতীয় শিবিরে। সিরিজে সমতা ফিরিয়েও শাস্তি এড়াতে পারল না ভারত।

ভারতের শাস্তি
রবিবারের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলের শাস্তি ধার্য করেছেন ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ। নির্ধারিত সময় অবধি এক ওভার কম বোলিং করেছিল ভারত। আইসিসি-র আচরণবিধি অনুযায়ী ২.২২ ধারায় ভারতীয় দলকে শাস্তির মুখে পড়তে হয়েছে। বিরাট কোহলি স্লো ওভার রেটের বিষয়টি মেনে নেওয়ায় কোনও শুনানির প্রয়োজন হয়নি। তবে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। ভারতীয় দলের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ এনেছিলেন দুই অন ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও কে এন অনন্তপদ্মনাভন এবং তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা। গতকালের ম্যাচ ভারত জিতে নেয় ৭ উইকেটে।

রোহিত ফিরছেন
ভারত অধিনায়ক বিরাট কোহলি প্রথম ম্যাচে টসের সময় বলেছিলেন, প্রথম দুটি ম্যাচে বিশ্রাম দেওয়া হচ্ছে রোহিত শর্মাকে। ফলে সেই কথা অনুযায়ী মঙ্গলবারের ম্যাচে ভারতের প্রথম একাদশে ফিরছেন রোহিত শর্মা। তিনি এদিন আমেদাবাদে নেটে দীর্ঘক্ষণ অনুশীলন করেন।

রাহুল বাদ পড়তে পারেন
লোকেশ রাহুল প্রথম দুই ম্যাচে ব্যর্থ। টি ২০ বিশ্বকাপের জন্য সেরা কম্বিনেশন বেছে নিতে এই সিরিজকেই পাখির চোখ করেছে ভারত। রাহুল ব্যর্থ হলেও অভিষেক ম্যাচেই ওপেন করতে নেমে দুরন্ত ব্যাটিং করে ম্যাচের সেরা হয়েছেন ঈশান কিষাণ। ফলে তিনি তৃতীয় ম্যাচেও দলে থাকছেন। রোহিতের সঙ্গে তিনিই শুরু করতে পারেন। ফলে কোপ নামতে পারে লোকেশ রাহুলের উপরেই।

অনুশীলনে ধাওয়ান, রাহুলরা
আগামীকালের ম্যাচ হবে লাল মাটির উইকেটে। ফলে এদিন সেই ধরনের পিচেই অনুশীলন করেন ফর্মের ধারেকাছে না থাকা ভারতীয় ওপেনাররা। এই ধরনের পিচে স্পিনাররা বেশি ফায়দা আদায় করে নিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এদিন রোহিত শর্মার পাশাপাশি নেটে দীর্ঘক্ষণ সময় কাটান শিখর ধাওয়ান, লোকেশ রাহুলরা। ধাওয়ানকে রিভার্স স্যুইপ মারতেও দেখা যায়। তবে এই দুজনেরই প্রথম একাদশে আসার সম্ভাবনা কম। রোহিতকে আরও একটি ম্যাচে বিশ্রাম দেওয়া হলে ডানহাঁতি রাহুলই আরও একটা সুযোগ পেতে পারেন। অভিষেক ম্যাচে ব্যাটিং করতে না পারা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে কাল পাঁচ বা ছয় নম্বরে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। বোলারদের পারফরম্যান্সের গতকাল প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। ফলে রোহিত শর্মার ঢোকা ছাড়া ভারতের প্রথম একাদশে রদবদলের সম্ভাবনা কার্যত নেই।

ইংল্যান্ড তৈরি হচ্ছে
ঘূর্ণি পিচে ভারতীয় স্পিনারদের সামলাতে প্রস্তুত ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে গোড়ালির চোটের জন্য খেলতে না পারা মার্ক উড প্রথম একাদশে আসতে পারেন। অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলি আসতে পারেন চূড়ান্ত দলে। সেক্ষেত্রে বাদ পড়বেন টম কারান। উড দলে এলে জায়গা ছাড়তে হতে পারে ক্রিস জর্ডনকে।

দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: রোহিত শর্মা/লোকেশ রাহুল, ঈশান কিষাণ, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল
ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলি, সাম কারান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড/ ক্রিস জর্ডন












Click it and Unblock the Notifications