মোতেরায় শেষ টেস্টে আগের এই ভুল শুধরে নিচ্ছে ইংল্যান্ড
চেন্নাইয়ে প্রথম টেস্ট জিতে এগিয়ে যাওয়ার পরও সিরিজে এখন পিছিয়ে ইংল্যান্ড। যদিও জো রুটের দল মনে করছে, আমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ তথা শেষ টেস্টে জেতার ক্ষমতা ইংল্যান্ডের রয়েছে। ভারত থেকে টেস্ট সিরিজ ড্র করে ফেরাটাও কম কথা নয়। সেই লক্ষ্যে ভারতীয় স্পিনারদের সামলাতে ব্যাটসম্যানরা যেমন ভুল থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত নিচ্ছেন, তেমনই প্রথম একাদশ বাছাইয়েও যাতে ভুল না হয় সেদিকে সতর্ক নজর রয়েছে ইংল্যান্ডের।

ভুল শোধরাবেন রুটরা
মোতেরায় গোলাপি বলে টেস্টে ইংল্যান্ডের বোলিং আক্রমণ সাজানো একেবারেই ঠিক হয়নি। স্পিন পিচে মাত্র এক স্পিনারে নামার সিদ্ধান্ত সমালোচনার মুখেও পড়ে। এবার আর ভুল করতে নারাজ ইংল্যান্ড। দলের রণকৌশল যে ভুল ছিল তা মেনে নিচ্ছেন সদ্যনিযুক্ত স্পিন বোলিং কোচ জিতন প্যাটেল। দায়িত্ব নিয়েই তিনি কাজ শুরু করে দিয়েছেন। শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বোলিংয়ে কী রণকৌশল হবে এবার তা নিয়ে চলছে জল্পনা।

ঘূর্ণিতে বেস
ইংল্যান্ড শিবির নিশ্চিত চতুর্থ টেস্টেও ঘূর্ণি উইকেট হবে। রুটের দলে বোলারদের মধ্যে এখনও সফলতম স্পিনার জ্যাক লিচ নিয়েছেন ১৬ উইকেট। তিনি থাকছেন। তাঁর সঙ্গী হিসেবে প্রথম একাদশে ডম বেসের আসা একরকম নিশ্চিত। লিচ ও প্যাটেলের কথায় সেই ইঙ্গিত মিলেছে। বেস শ্রীলঙ্কায় দুটি টেস্ট ও চেন্নাইয়ে প্রথম টেস্ট মিলিয়ে ১৭ উইকেট নিয়েছেন। এই তিনটি টেস্টেই ইংল্যান্ড জেতে। তারপর বেস বাইরে, ইংল্যান্ডও দুটি টেস্টে হেরেছে। তারপর দ্বিতীয় টেস্টে বাদ পড়েন মঈন আলি দলে ঢোকায়। তৃতীয় টেস্টের দলেও সুযোগ না পেয়ে তিনি কিছুটা মনমরা ছিলেন। তবে তাঁকে ভরসা দিয়েছেন লিচ ও প্যাটেল।

লিচের ভোকাল টনিক
সমারসেটে দীর্ঘদিনের সতীর্থ বেসকে লিচ বলেছেন, খারাপ সময় আসে। তারপরই আসে দারুণ ভালো সময়। লিচের ভোকাল টনিকে উজ্জীবিত বেস। লিচ বলেছেন, সুযোগ পেলেই নিজেকে উজাড় করে দিতে মানসিকভাবে প্রস্তুত বেস। তাঁর সঙ্গে জিতন প্যাটেলও কথা বলেছেন। তাঁর কথায়, আমরা যেমন ভেবে দল সাজিয়েছিলাম গোলাপি বলের টেস্টে সেটা খাটেনি। তবে সেই টেস্ট অতীত। বেসের হতাশ হওয়ায় দোষের কিছু নেই, তবে তিনি এখন প্রস্তুত।

অভিজ্ঞতা সমৃদ্ধ করছে
ভারতে বোলিং উপভোগ করছেন লিচ। তাঁর কথায়, স্পিনের বিরুদ্ধে সেরা ব্যাটসম্যানদের বিরুদ্ধে বোলিং করা আমার কেরিয়ারে সেরা অভিজ্ঞতা। অনেক কিছু শিখছি, নিজেকে সেইমতো উন্নত করছি। এখনও অবধি নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। তবে শেষ টেস্ট আমরা জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে প্রস্তুত। জো রুটের আরও বেশি করে বোলিং করার পক্ষেও মত দিয়েছেন লিচ ও প্যাটেল। প্যাটেলের কথায়, ইংল্যান্ডের অধিনায়ক একজন ভালো ব্যাটসম্যান। স্পিন পিচে তাই তাঁর পক্ষে ব্যাটিং টেকনিক বুঝে বোলিং করা সহজ। দলের দুই স্পিনারের চেয়ে তাঁর বোলিং অন্যরকম। গতির তারতম্য ঘটিয়ে বৈচিত্র্যময় বোলিংই করেন রুট।












Click it and Unblock the Notifications