India vs Bangladesh: কানপুরে প্রথম দিনেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে গেল খেলা
বৃষ্টির আশঙ্কা ছিলই কানপুর টেস্টে। প্রথম দিনে দফায় দফায় বৃষ্টি হল। ফলে নির্ধারিত পুরো সময়ের খেলাই হল না। ৩৫ ওভার খেলা হল প্রথম দিনে। বৃষ্টির জন্য টস শুরু হতেই দেরি হয়। টস হয় সকাল ১০টায়। খেলা শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে। প্রথম সেশনের খেলা ঠিক মতোই হয়েছিল প্রায়। কিন্তু লাঞ্চের আগেই বৃষ্টি শুরু হয়। এরপর লাঞ্চের পরে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি।
লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৭৪। প্রথম দিনের শেষে ৩ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। লাঞ্চের পর কিছুটা সময় পরেই ফের বৃষ্টি শুরু হয়। মন্দ আলো এবং ভিজে আউট ফিল্ডের কারণে দিনের মতো খেলা সমাপ্ত করে দেন আম্পায়াররা।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। তাঁর পরিকল্পনা ছিল বৃষ্টির জন্য পিচে আর্দ্রতা থাকায় সেটা কাজে লাগানো। চেন্নাই টেস্টের ভারতীয় দলে কোনও রকম পরিবর্তন হয়নি এই ম্যাচে। ফলে তিন পেসার নিয়ে খেলতে নামে ভারত। কিন্তু প্রথম সেশনে বুমরাহ বা সিরাজ নন বল হাতে জ্বলে উঠলেন বাংলার আকাশ দীপ।
২৬ রানের মাথায় বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটল। ওপেনার জাকির হাসান ০ রান করে আকাশ দীপের বলে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। উইকেটে একটু থিতু হওয়া শাদমান ইসলামকে ২৪ রানে আউট করলেন সেই আকাশই। যদিও এলবিডব্লিইয়ে প্রথমে আউট দেননি আম্পায়ার। শেষ পর্যন্ত ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় শিবির। ডিআরএসেই এল আউটের সিদ্ধান্ত।
এরপর লাঞ্চের বিরতির কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি শুরু হয়। মধ্যাহ্নভোজের বিরতিরও অতিরিক্ত কিছুটা সময় লাগে খেলা শুরু হতে। খেলা শুরু হওয়ার পর একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত এবং অপর ব্যাটার মোমিনুল হক, কিন্তু ৫১ রানের পার্টনারশিপ গড়ার পরই এই জুটি ভাঙল। ৩১ রানে শান্তকে আউট করলেন আর অশ্বিন। কিন্তু বেশিক্ষণ খেলা গড়াল না তার আগেই শুরু হল বৃষ্টি।
বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে মাঠ ঢেকে ফেলা হয়। বৃষ্টির সঙ্গে ছিল মন্দ আলো। দিনের শুরু থেকেই কানপুরের ফ্ল্যাড লাইটের একটা অংশ জ্বালিয়ে রাখতে হয়। কিন্তু বেলা গড়াতে আলোর সমস্যা আরও প্রকট হয়। ফলে কিছুক্ষণ অপেক্ষার পর দিনের মতো খেলা সমাপ্ত করার ঘোষণা করলেন আম্পায়ররা।
প্রথম দিনে অল্প সময় খেলা হলেও বল হাতে ঝলক দেখালেন আকাশ দীপ। ১০ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। অশ্বিন ৯ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। বুমরাহ ৯ এবং সিরাজ ৭ ওভার বল করলেও কোনও উইকেট পাননি। দিনের শেষে হক ৪০ এবং মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications