India vs Australia: রাহুল উপভোগ করছেন চ্যালেঞ্জ, সূর্য কৌশল বদলে সাফল্যের রাস্তায়, ৩৬ বছর পর কোন নজির ভারতের?
India vs Australia: মোহালিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। রবিবার ইন্দোরে জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন লোকেশ রাহুলরা।
দক্ষিণ আফ্রিকার পর ভারতের মাটিতেও এবার একদিনের আন্তর্জাতিক সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে অজিদের প্রথম ম্যাচ। ফলে এই সিরিজ মনোবল বাড়ানোর জন্য দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ।

আজকের জয়ের সুবাদে ইতিমধ্যেই পাকিস্তানকে সরিয়ে একদিনের আন্তর্জাতিকে আইসিসির দলগত ক্রমতালিকার শীর্ষস্থানের দখল নিয়েছে ভারত। তিন ফরম্যাটেই ভারত এখন বিশ্বের এক নম্বর দল। একঝাঁক তারকার অনুপস্থিতিতে ভারত জয়ের ধারা অব্যাহত রাখতে পারায় তৃপ্ত লোকেশ রাহুল।
চোট সারিয়ে কামব্যাকের পর শতরান পেয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, এবার অপরাজিত থাকলেন অর্ধশতরান হাঁকিয়ে। রাহুলের কথায়, (রোহিতের অনুপস্থিতিতে) এই প্রথম নেতৃত্ব দিচ্ছি না। আগেও দিয়েছি। আমি এই পরিস্থিতির সঙ্গে পরিচিত, উপভোগ করছি। আজ ভালো শুরু করেছিলাম আমরা। মাঝে একটু চাপ তৈরি হয়েছিল।

রাহুল বলেন, কলম্বোয় খেলে আসার প্রথমদিকে মনে হয়েছিল স্বর্গে এসেছি। কিন্তু পরের দিকে গরম ও আর্দ্রতা বেড়ে যায়। তবে দলের সকলেই দায়বদ্ধতার প্রমাণ রেখেছেন। পরিস্থিতি কঠিন ছিল। শারীরিকভাবে চ্যালেঞ্জিংও ছিল। কিন্তু আমাদের সকলেই যে কাঙ্ক্ষিত ফিটনেস বজায় রেখেছেন তা মাঠে দেখা গিয়েছে।
৫০ ওভার কিপিং করার পর মিডল অর্ডারে ব্যাট করার চ্যালেঞ্জও সফলভাবে সামলালেন রাহুল। সূর্যকুমার যাদবের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন, যা জয়ের পথ মসৃণ করে। ভালো ক্রিকেটীয় শট মারার উপরই জোর দিয়েছিলেন। সেই সঙ্গে খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখাতেই দলের সব ব্যাটার মনোনিবেশ করছেন বলে জানান রাহুল।
ম্যাচের সেরা মহম্মদ শামি। প্রবল গরমের মধ্যেও কেরিয়ারের সেরা বোলিং করেছেন আজ। মিচেল মার্শকে ফিরিয়েছিলেন প্রথম ওভারের চতুর্থ বলে। ব্যাটের কানায় লেগে বল গিয়েছিল স্লিপে। সেটিকেই সেরা বাছলেন শামি।
১৯ মাস পর ওডিআই অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, প্রথম থেকে স্বপ্ন দেখেছি এই ফরম্য়াটেও শেষ অবধি ব্যাট করে ম্যাচ ফিনিশ করার। আজ শেষ অবধি থাকতে পারিনি। কিন্তু নতুন ভূমিকা ভালো লাগছে। একই দল, একই বল, তবু কেন এই ফরম্যাটে রান পাচ্ছিলাম না, সেটা ভেবে অবাক লাগছিল। সম্ভবত তাড়াহুড়ো করে ফেলছিলাম বেশি।
সূর্য জানান, উইকেটে থিতু হয়ে শান্তভাবে ধীরেসুস্থে দীর্ঘক্ষণ ক্রিজে থাকাই তাঁর লক্ষ্য। ভারতের চার ব্যাটার অজিদের বিরুদ্ধে আজ হাফ সেঞ্চুরি করেছেন। একদিনের আন্তর্জাতিকে এমনটা হলো পঞ্চমবার।দিল্লিতে ১৯৮৭ সালে বিশ্বকাপেও ভারতের চার ব্যাটার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। তারপর এমন নজির এই প্রথম, ৩৬ বছর পর।
স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রশংসা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথম একাদশে পরের ম্য়াচে বড় রদবদল করবেন না। মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল তৃতীয় ম্যাচে খেলতে পারেন বলে ইঙ্গিত দেন কামিন্স। বেশ কয়েকজনের ব্যাটিং ও বোলিংয়ে সন্তুষ্ট তিনি। আজই ভারতে এসে পৌঁছেছেন গ্লেন ম্যাক্সওয়েল।












Click it and Unblock the Notifications