India vs Australia: ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় লক্ষ্য় ভারতের, রাহুলরা বিশ্রাম দিতে পারেন বুমরাহকে
India vs Australia: মোহালিতে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক জিতে আজ ইন্দোরে পৌঁছেছে ভারত। দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজ হেরে এ দেশে এসেছে অস্ট্রেলিয়া। কাল হোলকার স্টেডিয়ামে প্যাট কামিন্সদের সিরিজ জিইয়ে রাখার লড়াই।
ভারত তৃতীয় একদিনের আন্তর্জাতিকে পূর্ণশক্তির দল পাচ্ছে। তবে তার আগেই বিশ্বের ১ নম্বর দল হিসেবে ওডিআই সিরিজ পকেটে পুরে ফেলতে চাইছে মেন ইন ব্লু। একইসঙ্গে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাহকে।

ভারতীয় দল মোহালিতে যেভাবে অজিদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে তা স্বস্তি দেওয়ার মতোই। তবে শ্রেয়স আইয়ার রান পাননি। লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবরা সাফল্য পাওয়ায় শ্রেয়সের উপর চাপ বাড়ছে। বিশ্বকাপের একাদশে থাকার জন্য নিজের দাবি জোরালো করতে ইন্দোরে ব্যাট হাতে জ্বলে উঠতেই হবে শ্রেয়সকে।
হোলকার স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। ফলে হাই স্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা। গত জানুয়ারিতে এখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ১০১ ও শুভমান গিলের ১১২ রানের দৌলতে ভারত ৯ উইকেটে ৩৮৫ তুলে ৯০ রানে জয় পেয়েছিল। শার্দুল ঠাকুর ১৭ বলে ২৫ রান করার পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন।

শার্দুল মোহালিতে গতকাল প্রথম ম্যাচে ১০ ওভারে ৭৮ রান খরচ করেছেন। উইকেট পাননি। বিশ্বকাপের দলে চূড়ান্ত রদবদলের আগে কাল দেখে নেওয়া হতে পারে ওয়াশিংটন সুন্দরকে। রবিচন্দ্রন অশ্বিন যে খেলবেন সে কথা আগেই বলেছেন হেড কোচ রাহুল দ্রাবিড়। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে মহম্মদ সিরাজকে একাদশে রাখার সম্ভাবনাও আছে।
অস্ট্রেলিয়া অলরাউন্ডারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে। মার্কাস স্টইনিস গতকাল ৫ ওভারে ৪০ রান দেন। তাঁর জায়গায় জশ হ্যাজলউডকে ইন্দোরে খেলানো হতে পারে। মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েলদের কালকের ম্য়াচে খেলার সম্ভাবনা নেই। ইন্দোরে কাল সকাল ও দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উইকেট ব্যাটিং সহায়কই হবে।
ভারতের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর বা ওয়াশিংটন সুন্দর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ বা মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জস ইনগ্লিস (উইকেটকিপার), মার্কাস স্টইনিস বা জশ হ্যাজলউড, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications