কাল ভারত-শ্রীলঙ্কা প্রথম টি ২০, প্রথম এগারোর ইঙ্গিত দিয়ে লক্ষ্যের কথা জানালেন শিখর
শ্রীলঙ্কার বিরুদ্ধে গতকালই ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতেছে ভারত। দেশের অধিনায়ক হিসেবে প্রথম ট্রফি জেতার পরদিনই টি ২০ সিরিজ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। একদিনের সিরিজের মতোই যে আগে সিরিজ জয় নিশ্চিত করে তবে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটবেন সে কথা জানিয়েছেন ভারত অধিনায়ক।

প্রথম ২ ম্যাচে জয়
একদিনের আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে পাঁচজনের অভিষেক হলেও সুযোগ পাননি ঋতুরাজ গায়কোয়াড়, দেবদত্ত পাড়িক্কল ও বরুণ চক্রবর্তী। শিখর ধাওয়ান বলেন, আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা। তাহলেই অনেককে সুযোগ দেওয়া সম্ভব হয়। যেমনটা ওয়ান ডে সিরিজেই হয়েছে। ওই সিরিজের শেষ দুটি ম্যাচে শ্রীলঙ্কার খেলা উন্নত হয়েছে বলে দাবি করে সতর্ক শিখর বলেন, টি ২০ সিরিজেও খুব উপভোগ্য লড়াই হবে। সে কারণে আমরা সেরা একাদশ নিয়েই নামব। আইপিএল খেলায় যে কোনও পরিস্থিতিতে দলের তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক ম্যাচ খেলতে যে প্রস্তুত সে কথাও জানিয়েছেন ভারত অধিনায়ক।

বিশ্বকাপের কথা ভেবে
কোনও রাখঢাক না করে শিখর ধাওয়ান জানান, একজন আন্তর্জাতিক ম্যাচ ক্রিকেটারের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভালো পারফর্ম করলে তার ইতিবাচক প্রভাব মেলে। ফলে ব্যক্তিগতভাবে আমিও এই সিরিজে ভালো খেলে টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে চাই। প্রথম দুটি ম্যাচ জিতেই সিরিজ জিতে নিতে হবে। তাহলে যাঁরা সুযোগ পাচ্ছেন না তাঁরাও সুযোগ পেতে পারেন। পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবকে ইংল্যান্ডে টেস্ট দলে ডেকে পাঠানো নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে চর্চা চলছে তা নিয়ে শিখর বলেন, আমাদের কাছে এখনও এমন কোনও খবর বা নির্দেশ টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আসেনি। তবে সূর্যকুমার যাদব শুধু টি ২০ বা একদিনের ম্যাচেই নন, লাল বলেও ভালো খেলতে পারেন। তাঁর টেকনিক খুব ভালো, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে আসছেন। ফলে যদি নির্বাচকরা তাঁকে ইংল্যান্ডে পাঠান বা সুযোগ দেন তাহলে সূর্য ভালো পারফর্ম করবেন বলেও আশাবাদী শিখর ধাওয়ান।

ভারতের সম্ভাব্য একাদশ
মনে করা হচ্ছে, কালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সে খেলা বরুণ চক্রবর্তীর টি ২০ অভিষেক হতে পারে। তাঁর সঙ্গে দ্বিতীয় স্পিনারের লড়াই যুজবেন্দ্র চাহাল ও রাহুল চাহারের মধ্যে। ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার শেষ ওয়ান ডে-তে বিশ্রামে ছিলেন। তাঁরা নিশ্চিতভাবেই প্রথম একাদশে আসবেন। সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ দুজনেই থাকতে পারেন প্রথম এগারোয়। দেবদত্ত পাড়িক্কল ও ঋতুরাজ গায়কোয়াড়কে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ভারতের দল হতে পারে যেরকম- পৃথ্বী শ, শিখর ধাওয়ান (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া অথবা কৃষ্ণাপ্পা গৌতম, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল অথবা রাহুল চাহার।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
একদিনের সিরিজে শেষ ম্যাচে জয় পেয়ে সেই জয়ের ধারা টি ২০ সিরিজে বজায় রাখতে মরিয়া শ্রীলঙ্কা। ইংল্যান্ড সফরের পর দেশের মাটিতে টানা সীমিত ওভারের সিরিজ হার এড়াতে চাইবে দাসুন শনকার দল। টি ২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের বিরুদ্ধে নিজেদের শক্তি যাচাইয়েরও সুযোগ পাবে শ্রীলঙ্কা। চোটের কারণে কাসুন রাজিথা ছিটকে গিয়েছেন। ওয়ানিন্দু হাসারঙ্গা ফিট থাকলে দলে আসবেন। চামিকা করুণারত্নের টি ২০ অভিষেক হওয়া কার্যত নিশ্চিত। তিনি আবার হেলিকপ্টার শটও মারতে পারেন। শ্রীলঙ্কার প্রথম একাদশ যেরকম হতে পারে- আবিষ্কা ফার্নান্দো, মিনোদ ভানুকা (উইকেটকিপার), ভানুকা রাজাপক্ষ, ধনঞ্জয় ডি সিলভা, চরিথ আসালঙ্কা, দাসুন শনকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারঙ্গা বা প্রবীণ জয়বিক্রমা, ইসুরু উদানা, দুষ্মন্ত চামিরা ও আকিলা ধনঞ্জয়।

পিচ ও আবহাওয়া
পিচ একদিনের সিরিজের মতোই স্পিন সহায়ক হতে পারে। কালকের ম্যাচেও মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ একদিনের ম্যাচে দেশের অধিনায়ক হিসেবে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শিখর ধাওয়ান। ভারত অবশ্য বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি জিততে পারেনি, ২২৫ রানে অল আউট হয়ে। রান তাড়া করায় দক্ষ ভারতীয় দল কালকের ম্যাচে পরেও ব্যাটিং নিতে পারে টস জিতলে।

ফেভারিট ভারত
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ১৯টি টি ২০ সিরিজ হয়েছে। তাতে ভারত জিতেছে ১৩টিতেই। শ্রীলঙ্কার শেষ টি ২০ সিরিজ জয় ২০১৯ সালে পাকিস্তান সফরে। দ্বিতীয় সারির দল পাঠিয়েও সেবার সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। তারপর থেকে পাঁচটি টি ২০ সিরিজে হেরেছে।












Click it and Unblock the Notifications