ICC Women's T20 World Cup 2024: মহিলাদের টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
টি২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হল ভারতীয় মহিলা দল। কয়েকমাস আগেই পুরুষ দল টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। এবার মহিলদের টি২০ বিশ্বকাপের আসর বসছে সংযুক্ত আরব আমিরশাহীতে। অশান্তির কারণে বাংলাদেশ থেকে মরুদেশে মহিলাদের টি২০ বিশ্বকাপ স্থানান্তরিত হয়েছে।
গ্রুপ এ-তে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ভারত অভিযান শুরু করবে নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই। অক্টোবরের ৬ তারিখ ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। মঙ্গলবার মহিলাদের জাতীয় নির্বাচক কমিটি ১৫ সদস্যের মূল দল ঘোষণা করেছেন। পাশাপাশি ৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে রিজার্ভ দলে।

১৫ সদস্যের ভারতীয় মহিলা দলে আছেন, হরমনপ্রীত কৌর(অধিনায়ক), স্মৃতি মান্ধানা(সহ অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, স্বস্তিকা ভাটিয়া, পূজা বস্ত্রকার, অরুন্ধুতি রেড্ডি, রেণুকা সিং, দয়ালান হেমলতা, আশা সোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, সঞ্জনা সাজীভন।
ট্রাভেলিং রিজার্ভ সদস্যা হলেন, উমা ছেত্রী, তনুজা কানয়ের, সাইমা ঠাকোর। নন ট্রাভেলিং রিজার্ভ- রাঘবি বিস্ত, প্রিয়া মিশ্রা। যারা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলে আছেন তারা আমিরশাহীতে যাবেন, নন ট্রাভেলিং রিজার্ভরা দেশেই থাকবেন প্রয়োজন হলে তাঁদের ডেকে নেওয়া হবে।
শ্রেয়াঙ্কা পাটিল এবং স্বস্তিকা ভাটিয়ার খেলা নিয়ে অনিশ্চয়তা আছে কারণ তাঁরা এখনও পুরো ফিট নন। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুই জনের খেলা নির্ভর করছে তাদের ফিটনেসের উপরে। বাংলা থেকে ভারতীয় দলে জায়গা ধরে রেখেছেন রিচা ঘোষ, পাশাপাশি বাংলা দলে খেলা দীপ্তি শর্মাও বিশ্বকাপের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন।
বিশ্বকাপের আগে দুই শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় মহিলা দল। ২৯ সেপ্টেম্বর ভারতীয় দল প্রথম টি২০ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। ভারতীয় দল মুখোমুখি হবেন দুবাইতে ওয়েস্ট ইন্ডিজের। একদিনের ব্যবধানে অর্থাৎ ১ অক্টোবর হরমনপ্রীত ব্রিগেড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল বিশ্বকাপ অভিযান শুরু করছে। ৬ অক্টোবর মেগা ম্যাচে মুখোমুখি ভারত ও পাকিস্তানের মহিলা ব্রিগেড। ৯ অক্টোবর দুবাইয়েই ভারত খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ১৩ অক্টোবর শারজায় ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
দীর্ঘদিন পর আইসিসি ট্রফি জিতেছে ভারতীয় পুরুষ দল, এবার মহিলাদের সামনে চ্যালেঞ্জ আইসিসি ট্রফি জেতার। টিম ইন্ডিয়া এবারে ট্রফি জয়ের জন্য অন্যতম দাবিদার। হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, স্মৃতি মন্ধনা, শ্রেয়াঙ্কা প্যাটিল সমন্বীত টিম ইন্ডিয়ার শক্তি যথেষ্ট। ভারতের সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো। ফলে আশা ক্রমশ বাড়ছে মহিলা ব্রিগেডকে নিয়ে।












Click it and Unblock the Notifications