বুমরাহ-শামি-শার্দুলের দাপটে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ব্যাকফুটে পাঠাল বিরাটের ভারত

পেসারদের দাপটে ট্রেন্ট ব্রিজ টেস্টের রাশ এখন বিরাট কোহলির ভারতের হাতে। ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। জসপ্রীত বুমরাহ চারটি ও মহম্মদ শামি তিনটি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান অধিনায়ক জো রুটের। চারজন আউট শূন্য রানে। শেষ ৭ উইকেট পড়ল ৪৫ রানে। সর্বাধিক ৬৪ রান জো রুটের। ইংল্যান্ড ১৮৩ রানে অল আউট হতেই এই পয়া সংখ্যা আর লর্ড শার্দুল ঠাকুর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

প্রথম দুই সেশনে চার উইকেট

প্রথম দুই সেশনে চার উইকেট

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। প্রথম ওভারের পঞ্চম বলেই ররি বার্নস শূন্য রানে জসপ্রীত বুমরাহ-র বলে লেগ বিফোর হন। লাঞ্চের চার ওভার আগে জ্যাক ক্রলি ২৭ রানে আউট হন ঋষভ পন্থের পরামর্শ মেনে ভারত অধিনায়ক বিরাট কোহলি রিভিউ নেওয়ার ফলে। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ৬১। দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারের তৃতীয় বলে ওপেনার ডম সিবলিকে ফেরান মহম্মদ শামি। প্রথম সেশনে ভালো বোলিং করলেও উইকেট পেতে দ্বিতীয় সেশন অবধি অপেক্ষা করতে হয় শামিকে। এই সেশনেই চার বিরতির আগে শেষ ওভারে শামি আউট করেন জনি বেয়ারস্টোকে। আম্পায়ার নাকচ করলেও রিভিউ নিয়ে ফের লাভবান হয় ভারত। বেয়ারস্টো করেন ২৯। ৩ উইকেটে ৬৬ রান থেকে জো রুটের সঙ্গে জুটি বেঁধে দলকে একশো পার করতে সাহায্য করেছিলেন বেয়ারস্টো, অলি পোপ ছিটকে যাওয়ায় যিনি এই টেস্ট খেলছেন। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ৫০.২ ওভারে চার উইকেটে ১৩৮।

ব্যাটিংয়ে ধস

ব্যাটিংয়ে ধস

চা বিরতির পরই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে। এমনিতেই ইংল্যান্ডের কন্ডিশনে ৪৫ থেকে ৬০ ওভার অবধি খুব গুরুত্বপূর্ণ সময় বলে মনে করা হয়, এই সময় বল ভালো স্যুইং করে। সেই সুযোগই এদিন দারুণভাবে কাজে লাগালেন ভারতীয় পেসাররা। যার সুবাদে মাত্র ২২ রানের মধ্যে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। বেয়ারস্টোকে আউট করার অসমাপ্ত ওভারের শেষ বলে চা বিরতির পর ড্যান লরেন্সকে ফেরান মহম্মদ শামি। দলের ১৪৫ রানের মাথায় বুমরাহ-র বলে কট বিহাইন্ড হন জস বাটলার, যিনি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন এ বছরের আইপিএলে আর খেলবেন না। লরেন্সের মতো বাটলারও ফেরেন শূন্য রানে। ইংল্যান্ড এবারের সামার শুরু করেছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে। তারপর ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই চারজন শূন্য রানে আউট হওয়া এবং ব্যাটিং বিপর্যয় চিন্তা বাড়াল থ্রি লায়ন্স শিবিরের।

বেকায়দায় ইংল্যান্ড

বেকায়দায় ইংল্যান্ড

হাফ সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করে এদিনই অ্যালেস্টেয়ার কুককে টপকে সব ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী জো রুট দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। মেঘলা আবহাওয়ার সদ্ব্যবহার করে ভারতীয় পেসাররা তৃতীয় সেশনে মরণ কামড় দিতে থাকেন। ৫৯তম ওভারের প্রথম বলেই ৬৪ রান করা ইংল্যান্ড অধিনায়ক রুটকে ফেরান শার্দুল ঠাকুর। শার্দুলকে সুযোগ দিয়ে চার পেসারে নামতেই রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়েছে ভারত। রুটকে ফেরানোর পর ওই ওভারেই চতুর্থ বলে অলি রবিনসনকে শূন্য রানে আউট করেন শার্দুল। ৬০ ওভারের মাথায় নবম উইকেট পড়ে ইংল্যান্ডের। স্টুয়ার্ট ব্রড চার রান করে লেগ বিফোর হন জসপ্রীত বুমরাহ-র বলে। এরপরই চালিয়ে খেলতে থাকেন চেন্নাই সুপার কিংসে খেলা স্যাম কারান। ৬৬ ওভারে রিভিউ নিয়ে লেগ বিফোর থেকে রক্ষা পেলেও পরের বুমরাহ-র পরের বলেই বোল্ড হন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৩ রানে। কারান ৩৭ বলে মূল্যবান ২৭ রান করে অপরাজিত থাকেন।

সফলতম বুমরাহ

সফলতম বুমরাহ

ভারতের সফলতম বোলার জসপ্রীত বুমরাহ। ২০.৪ ওভারে ৪টি মেডেন নিয়ে ৪৬ রানের বিনিময়ে তিনি চারটি উইকেট দখল করেন। ১৭ ওভারে ২টি মেডেন-সহ ২৮ রানে তিন উইকেট শামির। ১৩ ওভারে ৩ মেডেন-সহ ৪১ রানে রুট-সহ দুটি উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর। তাঁর এই পারফরম্যান্সে সোশ্যাল মিডিয়ায় লর্ড শার্দুল ঠাকুর হ্যাশট্যাগ জনপ্রিয় হয়। সিরাজ ৪১ রানে ১টি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজাকে ৩ ওভারের বেশি করতে হয়নি।

নজরে ১৮৩!

নজরে ১৮৩!

ইংল্যান্ডের এদিনের স্কোর ভারতের বিরুদ্ধে টেস্টে তৃতীয় সর্বনিম্ন। ২০১৮ সালে ভারত যে ট্রেন্ট ব্রিজ টেস্টে জিতেছিল সেটিতে ইংল্যান্ড ১৬১ রানে গুটিয়ে গিয়েছিল প্রথম ইনিংসে। ভারত জিতেছিল ২০৩ রানে। এদিন ইংল্যান্ড করল ১৮৩। পয়া ট্রেন্ট ব্রিজে এই ১৮৩ সংখ্যাটিও ভারতীয় ক্রিকেটে খুব পরিচিত সংখ্যা। ১৮৩ রান তুলেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রুডেন্সিয়াল কাপ বা ১৮৯৩ সালের বিশ্বকাপ জিতেছিল কপিল দেবের ভারত। তাছাড়া এই ১৮৩ আবার সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির একদিনের আন্তর্জাতিকে ব্যক্তিগত সর্বাধিক রান।

অ্যাডভান্টেজ ভারত

অ্যাডভান্টেজ ভারত

জবাবে খেলতে নেমে দিনের শেষে ভারতের স্কোর ১৩ ওভারে বিনা উইকেটে ২১। লোকেশ রাহুল ওপেন করতে নেমেছেন রোহিত শর্মার সঙ্গে। দিনের শেষ ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিলেন অলি রবিনসন। আম্পায়ার তাতে সায় না দিলে ইংল্যান্ড রিভিউ নেয়। যদিও দেখা যায় বল উইকেটে লাগছে না। প্রথম দিনের শেষে রোহিত ৪০ বল খেলে ৯ রানে এবং রাহুল ৩৯ বল খেলে ৯ রানে অপরাজিত আছেন। রোহিত দুটি ও রাহুল একটি বাউন্ডারি মেরেছেন। অ্যান্ডারসন ৩ ওভারে ১টি মেডেন-সহ ৯ রান দিয়েছেন। ব্রড ৫ ওভারে ১টি মেডেন-সহ ৯ রান খরচ করেছেন। রবিনসন ৪ ওভারের তিনটি মেডেন নিয়েছেন, খরচ করেছেন মাত্র ১ রান। স্যাম কারানের একমাত্র ওভারটিও মেডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+