ICC T20 WC: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় ভারত! টি ২০ বিশ্বকাপে দ্বৈরথের ফলাফল একনজরে
৫০ ওভারই হোক বা টি ২০, বিশ্বকাপে আজ অবধি ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। টি ২০ বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাত টাই হওয়ার পর বোল আউটে জিতেছিল ভারত। প্রথম টি ২০ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির ভারত চ্যাম্পিয়নও হয় পাকিস্তানকে হারিয়ে। এখনও অবধি যতগুলি টি ২০ বিশ্বকাপ হয়েছে সব কটিতেই ভারত অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনি মেন্টর, নেতৃত্বে বিরাট কোহলি। বিরাট ২০১২ ও ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছিলেন। চলতি টি ২০ বিশ্বকাপে আগামী রবিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের আগে একনজরে দেখে নেওয়া যাক টি ২০ বিশ্বকাপে দুই দেশের পারস্পরিক দ্বৈরথের ফলাফল।
|
২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ
২০০৭ সালের টি ২০ বিশ্বকাপের দশম ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল ১৪ সেপ্টেম্বর ডারবানে। টস জিতে পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক ফিল্ডিং নেওয়ার পর রবিন উথাপ্পার ৫০ ও মহেন্দ্র সিং ধোনির ৩৩ রানে ভর করে ভারত তোলে ৯ উইকেটে ১৪১। মিসবা উল হক ৫৩ রান করে শেষ বলে রান আউট হলে পাকিস্তানও ৭ উইকেটে ১৪১ রানের বেশি এগোতে পারেনি। ম্যাচ টাই হওয়ায় ফলাফল নির্ধারিত হয় বোল আউটে। ভারত বোল আউট জেতে ৩-০ ব্যবধানে। এরপর জোহানেসবার্গে ২৪ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। টস জিতে ভারত ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছিল। গৌতম গম্ভীর করেন ৭৫, রোহিত শর্মা অপরাজিত থাকেন ৩০ রানে। জবাবে ১৯.৩ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। যোগিন্দর শর্মার বলে মিসবা উল হকের শট শ্রীসন্থ তালুবন্দি করতেই ইতিহাস গড়ে ভারত। আরপি সিং ও ইরফান পাঠান তিনটি করে উইকেট নেন। ফাইনালেও পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪৩ রান করেছিলেন মিসবা।

২০০৯ সালের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ
২০০৯ সালের টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ না হলেও প্রস্তুতি ম্যাচে দুই দেশ মুখোমুখি হয়েছিল। তিন ওভার বাকি থাকতে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়েছিল ভারত। ৩ জুন ওভালে ইউনিস খানের নেতৃত্বাধীন পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান তুলেছিল। মিসবা সর্বাধিক ৩৭ রানে অপরাজিত থাকেন। জবাবে রোহিত শর্মার ৮০ ও গৌতম গম্ভীরের অপরাজিত ৫২ রানের সুবাদে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত।

২০১২ সালের টি ২০ বিশ্বকাপ
২০১২ সালের টি ২০ বিশ্বকাপের ২০তম ম্যাচে ৩০ সেপ্টেম্বর কলম্বোয় মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় মহম্মদ হাফিজের নেতৃত্বাধীন পাকিস্তান। লক্ষ্মীপতি বালাজি তিনটি এবং রবিচন্দ্রন অশ্বিন ও যুবরাজ সিং দুটি উইকেট নেন। এরপর মাত্র দুই উইকেট হারিয়ে তিন ওভার বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় ভারত। ৬১ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন বিরাট কোহলি।

২০১৪ সালের টি ২০ বিশ্বকাপ
২০১৪ সালের টি ২০ বিশ্বকাপের ত্রয়োদশ ম্যাচে ঢাকায় ২১ মার্চ ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়। টস জিতে ভারত পাকিস্তানকে ব্যাট করতে পাঠালে ৭ উইকেটে ১৩০ রানের বেশি তুলতে পারেনি মহম্মদ হাফিজের নেতৃত্বাধীন পাকিস্তান। অমিত মিশ্র ২টি উইকেট নিয়েছিলেন। ১৮.৩ ওভারে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র তিন উইকেট হারিয়ে। বিরাট কোহলি ৩২ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন, শিখর ধাওয়ান করেন ৩০। ২৮ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন সুরেশ রায়না। অমিত মিশ্র ম্যাচের সেরা হন।

২০১৬ সালের টি ২০ বিশ্বকাপ
২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের ১৯তম ম্যাচে সুপার টেনে ভারত-পাকিস্তান দ্বৈরথ হয়েছিল কলকাতার ইডেনে। ম্যাচটি হয়েছিল ১৯ মার্চ। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ১৮ করা হয়েছিল। ভারত টস জিতে ফিল্ডিং নেয়। শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১১৮ রান তোলে। ১৩ বল বাকি থাকতেই এরপর ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications