India vs Ireland 2nd T20I: বুমরাহ শেষ ওভারে করলেন চমকপ্রদ বোলিং! আয়ারল্যান্ডে টি ২০ সিরিজ পকেটে পুরল ভারত
India vs Ireland 2nd T20I: এক ম্যাচ বাকি থাকতেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত। ডাবলিনের মালাহাইডে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ভারতের জয় এলো ৩৩ রানে।
শেষ ওভারে আইরিশদের জেতার জন্য প্রয়োজন ছিল ৩৮ রান। প্রথম পাঁচ বলে কোনও রানই দেননি বুমরাহ। তার মধ্যে চতুর্থ বলে একটি উইকেটও তুলে নেন। শেষ বলটি উইকেটকিপার সঞ্জু স্যামসন ধরতে না পারায় চার রান বাই হয়। তবে এই ওভারটি উইকেট-মেডেন।

সিরিজে সমতা ফেরানোর জন্য আয়ারল্যান্ডের সামনে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান তোলে পল স্টার্লিংয়ের দল। ওপেনার অ্যান্ডি বালবির্নি পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৭২ রান করেন। মার্ক অ্যাডের করেন ২৩। কুর্টিস ক্যাম্পার ১৮, জর্জ ডকরেল ১৩ রানে আউট হন। বাকিরা কেউ দুই অঙ্কেই যেতে পারেননি। স্টার্লিং ও লরকান টাকার শূন্য রানে আউট হন।
জসপ্রীত বুমরাহ একটি মেডেন-সহ চার ওভারে ১৫ রান দিয়ে ২টি উইকেট তুলে নিলেন। তাঁর চার ওভারে কোনও বাউন্ডারি মারতে পারেননি আইরিশ ব্যাটাররা। প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ২৯ ও রবি বিষ্ণোই ৪ ওভারে ৩৭ রান খরচ করে ২টি করে উইকেট নেন। ৪ ওভারে ২৯ রান দিয়ে একটি উইকেট ঝুলিতে পোরেন অর্শদীপ সিং। ওয়াশিংটন সুন্দর ২ ওভারে ১৯ ও শিবম দুবে ২ ওভারে ১৮ রান দেন, উইকেট পাননি।

এর আগে, টস জিতে আয়ারল্যান্ড ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। ঋতুরাজ গায়কোয়াড়ের ৪৩ বলে ৫৮, সঞ্জু স্যামসনের ২৬ বলে ৪০ ও রিঙ্কু সিংয়ের ২১ বলে ৩৮ রানের দৌলতে ভারত ৫ উইকেটে ১৮৫ রান তুলেছিল। শিবম দুবে ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন। যশস্বী জয়সওয়াল ১৮ ও তিলক বর্মা ১ রান করেন। ব্যারি ম্যাককার্থি নেন ২ উইকেট।
মার্ক অ্যাডের, ক্রেগ ইয়ং ও বেন হোয়াইট একটি করে উইকেট নেন। ম্যাচের সেরা হলেন রিঙ্কু সিং। আন্তর্জাতিক অভিষেক ম্যাচে ব্যাট করতে মুখিয়ে থাকলেও সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। আজ নিজের ইনিংসে তিনি খুশি বলে জানিয়েছেন। আইপিএলের পারফরম্যান্স, কঠোর পরিশ্রমের পর ভারতীয় দলে সুযোগ পেয়ে জয়ে অবদান রাখতে পেরে রিঙ্কু আরও আত্মবিশ্বাসী। বুধবার চলতি সিরিজের শেষ ম্যাচ।












Click it and Unblock the Notifications