কেএল রাহুলের দুরন্ত শতরান, ইংল্যান্ডকে হারিয়ে প্রথম টি২০-তে জয় ভারতের
সিরিজের প্রথম টি২০ ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারল না ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১০ বল বাকী থাকতে ৮ উইকেটে জিতল।
এই ইংল্যান্ড দলকে ঘরের মাঠে হারাতে গেলে বেগ পেতে হবে ভারতীয় দলকে। একথা প্রায় সব বিশেষজ্ঞই বলেছিলেন। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। তবে সিরিজের প্রথম টি২০ ম্যাচে কোনও প্রভাব ফেলতে পারল না ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ১০ বল বাকী থাকতে ৮ উইকেটে জিতল। দুরন্ত শতরান করলেন কেএল রাহুল। একাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন।

এদিন টসে জিতে বিরাট কোহলি ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান। দারুণ শুরু করেন জেসন রয় ও জস বাটলার। মাত্র ৫ ওভারে ৫০ রান তুলে ফেলে ইংরেজরা। রয় প্রথমে আউট হন ২০ বলে ৩০ রান করে। তবে বাটলার অন্যদিক ধরে রেখে ৪৬ বলে ৬৯ রান করে যান।
একসময়ে ১২ ওভারে ইংল্যান্ড ১০০ তুলে ফেলে ২ উইকেটের বিনিময়ে। তবে কুলদীপকে আক্রমণে আনতে থমকে যান ইংল্যান্ড ব্যাটিং। তারপরে অ্যালেক্স হেলস ৮, ইয়ন মর্গ্যান ৭, জনি বেয়ারস্টো ০, জো রুট ০, মঈন আলি ৬ রান করে পরপর ফিরে যান। শেষদিকে ডেভিড উইলি ১৫ বলে ২৯ রান করে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছয়।
ভারতের হয়ে কুলদীপ যাদব একাই ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া ৩৩ রানে ১ উইকেট নেন ও উমেশ যাদব ২১ রানে ২ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। শিখর ধাওয়ান ৪ রানে ফিরে যান। অন্যপ্রান্তে ছিলেন রোহিত শর্মা। তিনি করেন ৩০ বলে ৩২ রান। তবে তিন নম্বরে নামা কেএল রাহুল মাত্র ৫৪ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। তাঁকে শেষদিকে সঙ্গে দেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি ২২ বলে ২০ রানে অপরাজিত থাকেন।
এদিন জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দ্বিতীয় ম্যাচ হবে কার্ডিফে ও তৃতীয় তথা টি০ সিরিজের শেষ ম্যাচ হবে ব্রিস্টলে।












Click it and Unblock the Notifications