IND vs NZ: ১০৭-এর টার্গেট রেখেই টেস্টে জয় পেয়েছিল ভারত! কম রানের পুঁজিতেও বাজিমাতের খতিয়ান
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে জিততে হলে নিউজিল্যান্ডকে ১০৫ রানে বেঁধে ফেলতে হবে। নিউজিল্যান্ড ১০৬ তুললে টেস্ট ড্র হবে। আর কাঙ্ক্ষিত ১০৭ রানের টার্গেটে পৌঁছে গেলে নিউজিল্যান্ড ৩৬ বছর পর ভারতে টেস্ট জিতবে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিনের শেষে এটিই হলো মূল হিসাব। ১০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে কিউয়িরা চার বল খেলে কোনও রান করতে পারেনি। প্রথমে আলোর অভাব ও পরে বৃষ্টিতে আজকের খেলা বন্ধ হয়ে যায়।

টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনে টস জিতে ব্যাট করতে নেনে ভারত ৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে প্রথম ইনিংসে ৪০২ রান তোলে নিউজিল্য়ান্ড। এরপর আজ ঋষভ পন্থ ও সরফরাজ খান দুরন্ত ইনিংস উপহার দিলেও নিউজিল্যান্ড নতুন বল নিয়েই ভারতের সাত উইকেট তুলে নেয়।
ভারত শেষ ৬টি উইকেট হারায় মাত্র ২৯ রানের মধ্যে। ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ৪৬২। লিড ১০৬ রানের। সরফরাজ খান ১৫০ ও ঋষভ পন্থ ৯৯ রান করেন। ম্যাট হেনরি ও উইলিয়ান ও'রোর্ক তিনটি করে উইকেট নেন। এজাজ প্যাটেল ২টি এবং টিম সাউদি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট নেন।
ভারত দেশের মাটিতে প্রতিপক্ষকে সবচেয়ে কম রানের টার্গেট দিয়ে যে টেস্ট জিতেছিল সেটি হয়েছিল ২০০৪ সালে মুম্বইয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই টেস্টে অস্ট্রেলিয়াকে ভারত দিয়েছিল ১০৭ রানের টার্গেট, যা হুবহু বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের টার্গেটের মতোই।
এ ছাড়া ১৯৮১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়াকে ১৪৩ রানের টার্গেট দিয়ে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। ১৯৯৬ সালে আমেদাবাদে দক্ষিণ আফ্রিকাকে ভারত ১৭০ রানের টার্গেট দিয়ে জয় আদায় করে নেয়। ১৯৬৯ সালের মুম্বই টেস্টে নিউজিল্যান্ডকে চতুর্থ ইনিংসে ভারত ১৮৮ রানের টার্গেট দিয়ে ম্যাচ জেতে। ২০১৭ সালে বেঙ্গালুরুতেই ভারত ১৮৮ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই টেস্টটিও ভারতই জিতেছিল।












Click it and Unblock the Notifications