IND vs ENG: ভারতীয় ক্রিকেটাররা রাজকোটে কেন কালো আর্মব্যান্ড পরে? দেরিতে ঘুম ভাঙায় সরব গাভাসকর
IND vs ENG: রাজকোটে আজ চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। আজ সকালে দেখা যায় ভারতীয় ক্রিকেটাররা মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। তা থেকেই শুরু হয় জল্পনা।
মায়ের অসুস্থতার খবর পেয়ে গতকাল রাতেই রবিচন্দ্রন অশ্বিন টেস্ট থেকে সরে দাঁড়িয়ে চেন্নাই ফিরেছিলেন। তারপর সকালেই কালো আর্মব্যান্ড দেখে প্রশ্ন ওঠে, কোন কারণে হঠাৎ কালো আর্মব্যান্ড? তবে স্বস্তি, বিষয়টি অশ্বিনের পরিবার সংক্রান্ত নয়।

ভারতের প্রবীণতম ক্রিকেটার তথা দেশের প্রাক্তন অধিনায়ক দত্তাজিরাও গায়কোয়াড় ৯৫ বছরে বরোদায় প্রয়াত হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারি। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাজকোট টেস্ট। কিন্তু জানা গেল, দত্তাজিরাওয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এই কালো আর্মব্যান্ড পরেছেন ক্রিকেটাররা।
তবে এ ক্ষেত্রে বড় গাফিলতিই সামনে আসছে। বিসিসিআইয়ের সঙ্গে টিম ম্যানেজমেন্টের। কেন না, কারও মৃত্যুর খবর পাওয়া গেলে প্রথম থেকেই কালো আর্মব্যান্ড পরা, নীরবতা পালন করার মতো বিষয়গুলিই দেখা যায়। কোনও টেস্টের মধ্যে অঘটন ঘটলে কালো আর্মব্যান্ড পরা, নীরবতা পালনের বিষয়গুলি থাকে পরের দিন সকালে খেলা শুরুর সময়েই।
দত্তাজিরাও গায়কোয়াড়ের প্রয়াণের দু-দিন পর রাজকোট টেস্ট শুরু হয়েছে। তার আজ তৃতীয় দিনের খেলা চলছে। কিন্তু প্রথম দুই দিন কালো আর্মব্যান্ড পরে না নামলেও আজ হঠাৎ ভারতীয়রা কালো আর্মব্যান্ড পরে নেমেছেন। বিসিসিআই আজ এর কারণও জানায়। তবে দেরিতে ঘুম ভাঙার জন্য সরব হয়েছেন সুনীল গাভাসকর।
গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, বেটার লেট দ্যান নেভার! ভারতীয় দলের টেস্টের প্রথম দিনই কালো আর্মব্যান্ড পরে নামা উচিত ছিল। তবে দেরিতে হলেও সেটা হয়েছে, এটাই যা ভালো। ভারতীয় দলের পাঁচ টেস্টের সিরিজের অধিনায়র ছিলেন দত্তাজিরাও। তিনি চার টেস্টে ক্যাপ্টেন্সি করেন, একটি টেস্টে নেতৃত্ব দেন পঙ্কজ রায়।
উল্লেখ্য, দত্তাজিরাও গায়কোয়াড় ১১টি টেস্ট খেলেছেন। ১৯৫৯ সালে ভারতের ইংল্যান্ড সফরে অধিনায়ক হয়েছিলেন। ১৯৫৭-৫৮ মরশুমে তাঁর নেতৃত্বে সার্ভিসেসকে হারিয়ে রঞ্জি ট্রফি জিতেছিল বরোদা। দত্তাজিরাও গায়কোয়াড়ের পুত্র অংশুমান দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন। তিনি ভারতীয় দলের কোচও হন।
এদিকে, রাজকোট টেস্টের তৃতীয় দিনে ভারতের প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩১৯ রানে। দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনিং জুটি ভাঙে ৩০ রানে। রোহিত শর্মা ২৮ বলে ১৯ রান করে জো রুটের বলে লেগ বিফোর হন।
এরপর থেকে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। যশস্বী পৌঁছে গিয়েছেন তৃতীয় টেস্ট শতরানের দোরগোড়ায়। শেষ পাওয়া খবরে ভারতের স্কোর ৩৬.৩ ওভারে ১ উইকেটে ১৪৬। যশস্বী ১১১ বলে ৯২ ও গিল ৮০ বলে ৩০ রানে ব্যাট করছেন।












Click it and Unblock the Notifications